Category: বরিশাল

  • ঘূর্ণিঝড় রেমাল ॥ বরিশালে ভবনের দেয়াল ধ্বসে নিহত ২

    ঘূর্ণিঝড় রেমাল ॥ বরিশালে ভবনের দেয়াল ধ্বসে নিহত ২

    বরিশালে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট ঝড়-বৃষ্টির মধ্যে একটি ভবনের দেয়াল ধ্বসে খাবারের হোটেলে পড়ে। হোটেলের মালিক ও তার এক কর্মীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-ওই এলাকার লোকমান হোটেলের মালিক লোকমান ও কর্মী মোকসেদুর রহমান। আহত আরেক কর্মী শাকিবকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আরিচুল হক জানান, নগরীর রুপাতলী এলাকায় লিলি পেট্রোল পাম্পের পাশে সোমবার ভোরে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়েছেন। বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ বলেন, ভোরে লোকমান, মোকসেদুর ও শাকিব টিনশেডের তৈরি হোটেলের ভেতরে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাইরে রেমালের প্রভাবে সৃষ্ট ঝড়-বৃষ্টির তাণ্ডব চলছিল। এক পর্যায়ে পাশের তিনতলা ভবনের ছাদের দেয়ালের কিছু অংশ ধ্বসে হোটেলের টিনের চালে উপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে দুজনের লাশ উদ্ধার এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করে।

  • পুণ্যস্নানে নেমে দিঘির জলে কলেজ ছাত্রের সলিল সমাধি

    পুণ্যস্নানে নেমে দিঘির জলে কলেজ ছাত্রের সলিল সমাধি

    বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দুর্গাসাগর দিঘিতে পূণ্যস্নান করতে নেমে ডুবে এক কলেজ ছাত্রের সলিল সমাধী হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত কলেজ ছাত্র মন্দিপ মণ্ডল (১৮) বরিশাল নগরীর ২১ নম্বর ওয়ার্ড অক্সফোর্ড মিশন রোডের ঘোষ বাড়ির বাসিন্দা সাগর মণ্ডলের ছেলে। বরিশাল নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল মন্দিপ মণ্ডল। মন্দিপের তার মা চম্পা মণ্ডল সাংবাদিকদের বলেন, দুর্গাসাগর দিঘিতে দুই ছেলেকে নিয়ে পুণ্য স্নান করতে নামে স্বামী সাগর মণ্ডল। স্নান শেষে ওঠার সময় মন্দিপকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে মাইকিং করেও না পেয়ে দিঘিতে তল্লাশি করে ডুবুরি ঘাটের কিছু দূর থেকে ছেলেকে উদ্ধার করা হয়। মন্দিপ এসএসসিতে বৃত্তি পেয়েছে, আমার ছেলে সাঁতার জানত না। কীভাবে ডুবে গেছে কেউ দেখিও নাই। বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের টিম লিডার মীর শাহবুদ্দিন বলেন, মন্দিপকে না পেয়ে মাইকিং করার সঙ্গে সঙ্গে দিঘিতে তাদের ডুবুরিরা তল্লাশি শুরু করে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
    হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম বলছেন, দুর্গাসাগর দিঘিতে ডুবে যাওয়া এক তরুণকে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে; প্রতিবেদন পেলে নিশ্চিত করে বলা যাবে। তবে, মন্দিপের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ নিতে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছে। বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি এসএম মাকসুদ আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিবার যদি জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে আসে, তাহলে ময়নাতদন্ত ছাড়াই লাশ বুঝিয়ে দেওয়া হবে।

  • উজিরপুর সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল

    উজিরপুর সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল

    বরিশাল জেলার উজিরপুরে পেশাদার সাংবাদিকদের সংগঠন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে সোমবার ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি আঃ রহিম সরদারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সিমা রানী শীল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী, উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মহসিন মিয়া লিটন, উজিরপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দীন, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সহ-সভাপতি চঞ্চল সরদার, বাসুদেব পাড়ুয়া, ১নং নির্বাহী সম্পাদক কল্যান কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, কোষাধ্যক্ষ মোঃ জাহিদ হাসান, ক্রিড়া সম্পাদক সুদেব মন্ডল,প্রচার সম্পাদক বিপ্লব চন্দ্র হাজারী, সদস্য মোঃ নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম প্রমুখ। ইফতারের আগে দেশ ও জাতির উত্তরোত্তর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা নুরুল হক আজাহারী। মোনাজাত ইফতার মাহফিলে উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বরিশালে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত এক

    বরিশালে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত এক

    বরিশালে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত এক

    বরিশালের বাবুগঞ্জে থ্রি-হুইলার (মাহেন্দ্র) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নিরাপত্তা পিলারে ধাক্কা খেয়ে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে চালকসহ ছয় জন। বুধবার সকাল সাড়ে ১০টায় বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। থ্রি-হুইলারটির যাত্রীরা পিরোজপুরের ছারছীনার মাহফিলে যাচ্ছিলেন। নিহত মো. ছায়েদুর রহমান (৭৫) মাদারীপুরের কালকিনি উপজেলার কয়দিয়া ইউপির সাবেক চেয়ারম্যান। তিনি একই উপজেলার দক্ষিণ রামারপোল এলাকার আবুল হোসেন আকনের ছেলে। বর্তমানে তিনি বরিশালের গৌরনদী বন্দরের ব্যবসায়ী ছিলেন। বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার জাহিদুল ইসলাম জানান, বুধবার জোহরের নামাজের পর পিরোজপুরের ছারছীনা দরবার শরীফের তিনদিন ব্যাপী মাহফিলের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। সেখানে অংশ নেয়ার উদ্দেশ্যে আট জন গৌরনদী বাসস্ট্যান্ড থেকে ডিজেলচালিত থ্রি-হুইলারে রওনা দেন। পথে নতুন হাট এলাকায় পৌঁছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে থ্রি-হুইলারটি রাস্তার পাশের নিরাপত্তা পিলারের উপর আছড়ে পড়ে। এতে চালক-যাত্রী সকলেই কমবেশি আহত হয়। আহতদের মধ্যে পাঁচ জনকে স্থানীয়রা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আর তিনজনকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে ছায়েদুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। টিম লিডার আরও জানান, নিহতের লাশ উজিরপুর মডেল থানার এসআই আবু ইউসুফের কাছে হস্তান্তর করা হয়েছে। বাবুগঞ্জ থানার ওসি মাকসুদুর রহমান জানান, থ্রি-হুইলার দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

  • নলছিটিতে মুক্তিযোদ্ধা পরিবারের জমির ফসল কাটতে বাধা দেয়ায় গণধোলাই

    নলছিটিতে মুক্তিযোদ্ধা পরিবারের জমির ফসল কাটতে বাধা দেয়ায় গণধোলাই

    ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ২নং মগড় ইউনিয়নের উত্তর মগরে বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মীরবহর ও বীর মুক্তিযোদ্ধা মো. বারেক মীরবহরের জমির ফসল কাটতে বাধা দেয়ায় গণধোলাইয়ের স্বীকার হয়েছেন এক ব্যাক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি একই গ্রামের বাসিন্দা মো. কবির হোসেন (৪৫)। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ২নং মগড় ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মীরবহর ও বীর মুক্তিযোদ্ধা মো. বারেক মীরবহরের পৈত্রিক সম্পত্তিতে ফসল কাটার জন্য তাদের বর্গা চাষীরা গেলে তাতে জোরপূর্বক বাধা প্রদান করেন কবির হোসেন (৪৫)। এতে স্থানীয় লোকজন একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে তার উপর। কবির তাদের হুমকি দিয়ে দ্রুত ফসল কাটা বন্ধ করতে বলেন। এমনকি ফসল কাটা বন্ধ না করলে তাদের মারধর করবেন বলে হুশিয়ারী দেন। এতে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করে। গতকাল সন্ধার পরে স্থানীয় আমিরাবাদ বাসস্ট্যান্ডে বর্গা চাষীরা ও স্থানীয় সাধারণ মানুষকে উদ্দেশ্য করে মো. কবির হোসেন গালাগাল দিতে থাকে। এমনকি একজন বর্গাচাষীকে মারতেও যান। এতে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বার্গাচাষীরা ও স্থানীয়রা মিলে তাকে গণধোলাই দেয়। হায়দার হাওলাদার নামে স্থানীয় এক ব্যাক্তি জানান, মো. কবির হোসেন (৪৫) ইতোপূর্বে বিভিন্ন অপকর্মে জড়িত এবং তার মদদে তার ছেলে রিফাত গত ঈদের সময় সেনাবাহিনীর এক সদস্যকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। স্থানীয়দের দাবী, দ্রুত কবিরের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ারঅ অন্যথায় ক্ষোভে ফুসে উঠতে পারে গ্রামবাসি।

  • বরিশালে আওয়ামীলীগ প্রার্থীসহ ১০ মনোনয়ন বাতিল-বৈধ ৪৫

    বরিশালে আওয়ামীলীগ প্রার্থীসহ ১০ মনোনয়ন বাতিল-বৈধ ৪৫

    দ্বৈত নাগরিকত্ব থাকায় বরিশাল-৪ আসনের আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। সোমবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শহদিুল ইসলাম জেলা প্রশাসনে সভা কক্ষে দ্বিতীয় দিনের শুনানি শেষে এই ঘোষণা দেন। তিনি জানান, জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুসারে প্রার্থী হতে হলে দ্বৈত নাগরিকত্ব অগ্রহণযোগ্য। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদের দ্বৈত নাগরিকত্ব থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া আরো ১০ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধতা পেয়েছেন ৪৫ প্রার্থী। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন মোট ৫৫ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। মনোনয়নপত্র বাছাই কালে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • চলন্ত অবস্থায় এসি বাসে হঠাৎ আগুন

    চলন্ত অবস্থায় এসি বাসে হঠাৎ আগুন

    ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালগামী গ্রীনলাইন পরিবহনের একটি এসি বাস চলতে চলতে হঠাৎ আগুন ধরে যায়। তবে এতে ওই বাসে থাকা ১৬ জন যাত্রীসহ স্টাফদের কেউই হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর কটক এলাকা অতিক্রমের সময় বাসটি অগ্নিকাণ্ড ঘটে। গৌরনদী হাইওয়ে পুলিশের ওসি গোলাম রসুল মোল্লা জানান, রাত সাড়ে ১২টার দিকে বাসটি যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। পথে বাসটির পেছনের অংশে আগুন ধরে যায়। যা কিছু সময়ের মধ্যে গোটা বাসে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। এসময় কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকলেও রাত সোয়া ১টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে ঘটনার কারণ খতিয়ে দেখা হবে বলে জানান ওসি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গৌরনদী স্টেশনের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, আগুনের সূত্রপাতের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

  • বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত-৩ ॥ আহত-৭

    বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত-৩ ॥ আহত-৭

    বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত-৩ ॥ আহত-৭

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রলি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন সাত জন। শনিবার দুপুর ২টার দিকে বরিশাল বিমানবন্দর থানাধীন ছয় মাইল মল্লিক বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
    নিহতরা হলেন, এয়ারপোর্ট থানার কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড রাজমাতা কলসগ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে এমদাদুল হক (৩৮), এয়ারপোর্ট থানার পশ্চিম রহমতপুর বাদামতলা ৩নং ওয়ার্ড এলাকার মো. সেন্টু হাওলাদারের ছেলে নাদিম হাওলাদার (১২) ও এয়ারপোর্ট থানার উওর রহমতপুর এলাকার সিনবাদ। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে বরিশালে আসার পথে ছয় মাইল মল্লিক বাড়ির সামনে গুনগুন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান।
    বাকিদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখানে একজনের মৃত্যু হয়। হতাহতরা সবাই ট্রলিতে ছিলেন বলেও জানান তিনি। লোকমান হোসেন আরও বলেন, ঘটনার পর বাসের চালক ও হেল্পার পালিয়ে গেছে। তবে বাসটি আটক করা হয়েছে। এছাড়া মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

  • স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা ॥ বিয়ের দাবিতে অনশন

    স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা ॥ বিয়ের দাবিতে অনশন

    স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা ॥ বিয়ের দাবিতে অনশন

    বরিশাল জেলার উজিরপুরে ৯বম শ্রেনীর স্কুল ছাত্রী খালা বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সুত্রে জানা যায়, বাবুগঞ্জ উপজেলার বাহেরচড় গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী তার খালু বাড়ি উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের রফিক খানের বাড়িতে বেড়াতে আসে। পাশেই একই এলাকার মোঃ নাসির হাওলাদারের বখাটে ছেলে লিমন হাওলাদার(২২), ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন হোটেল ও নির্জন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এতে সে অন্তসত্ত্বা হয়ে পরে। এরপর ছাত্রী লিমনকে বিয়ের কথা বললেই সে তালবাহানা শুরু করে। কোন উপায়ন্তর না পেয়ে ছাত্রী বখাটের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করে। কিন্তু তাতেও কোন ফলপ্রসু হয়নি। অভিযুক্ত লিমন হাওলাদারের মা বলেন ঐ মেয়ের সাথে তার খালাতো ভাই রাইসুল ইসলামের দীর্ঘ দিনের প্রেম ছিল এই গর্ভের সন্তান তার। অভিযুক্ত লিমন হাওলাদার পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
    এদিকে, ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য একটি মহল উঠে পরে লেগেছে। ধর্ষকের বিচারের দাবীতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ছাত্রীর পরিবার। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, বিষয়টির অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • ঝালকাঠিতে চিকিৎসককে হাতুড়ি পেটা

    ঝালকাঠিতে চিকিৎসককে হাতুড়ি পেটা

    ঝালকাঠিতে চিকিৎসককে হাতুড়ি পেটা

    ঝালকাঠির রাজাপুরে দুই ক্লিনিকে চেম্বার করার বিরোধের জের ধরে অর্থোপেডিক্স ও ট্রমা সার্জন ডা. এমএ করিম মামুন নামে এক চিকিৎসককে হাতুড়ি পেটা করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে রাজাপুরের নৈকাঠি ব্রিজ এলাকায় তার মোটরসাইকেলের গতিরোধ করে পেটায় স্টাফরা। বর্তমানে ডা. করিম মামুন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন। ডা. করিম বলেন, আমি স্থানীয় এ্যাপোলো ক্লিনিকে আগে থেকেই রোগী দেখে আসছি। সম্প্রতি ডক্টরস ক্লিনিকে চেম্বার করার কথা চলছিল। এ নিয়ে এ্যাপোলো ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার জন্য যাওয়ার পথে ওই ক্লিনিকের স্টাফ চাঁন ও আরেকজন মিলে আমার মোটরসাইকেল থামিয়ে, সিভিল সার্জনের কাছে বিচার দিয়েছ? এ সময় আমি তাদের বলি- জহির স্যার আমার সিভিল সার্জন, সে আমার অভিবাবক, তাকে তো আমার বলতেই হবে। পরে তারা হাতুড়ি বের করে আমার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে। এ্যাপোলো ক্লিনিকের স্টাফ চানকে আমি চিনতে পেরেছি। তার সঙ্গে আরেকজন অচেনা ছিল। রাজাপুর থানার (ওসি) পুলক চন্দ্র রায় জানান, ঘটনাটি অবগত হয়েছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।