Category: বগুড়া

  • বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে নিহত ২

    বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে নিহত ২

    বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে নিহত ২

    বগুড়ার আদমদীঘি উপজেলায় নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে গিয়ে দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল প্রায় ৮টা ১৫ মিনিটে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার পূর্ব ঢাকা রোড এলাকার বড় আখিড়া মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং তার ভাতিজা একই গ্রামের হাজি আব্দুল হামিদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫)। আহত ব্যক্তি হলেন একই গ্রামের ফজলুল প্রামাণিকের ছেলে মিজু আহমেদ (২৪)। দুর্ঘটনার পরপরই সিএনজি চালক পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিবগঞ্জ উপজেলা থেকে একটি অটোরিকশায় করে ওই তিনজন যাত্রী মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে কচু বীজ কিনতে যাচ্ছিলেন। এ সময় সড়কে ঘন কুয়াশা বিরাজ করছিল। অটোরিকশাটি বড় আখিড়া মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি নওগাঁগামী বাস সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রফিকুল ইসলাম ও রাসেল মোল্লা মারা যান। গুরুতর আহত অবস্থায় মিজু আহমেদকে উদ্ধার করেন স্থানীয়রা ও আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের স্বজনরা মামলা না করায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

  • বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা

    বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা

    বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার লটো শো-রুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দকে হত্যা করা হয়েছে। অপহরণের কয়েক ঘণ্টা পর সোমবার রাত ৩টার দিকে আদমদীঘী উপজেলার কুমাড়পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পিন্টু আকন্দ (৩৫), নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বাসিন্দা। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, সোমবার রাত ৯টার দিকে দুপচাঁচিয়া উপজেলার লটো শো-রুমের সামনে একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাস এসে থামে। গাড়ি থেকে মুখ ঢাকা চার জন নেমে আসে। তাদের একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে শো-রুমের ভেতরে ঢুকে ব্যবসায়ী পিন্টুকে ভয়ভীতি দেখিয়ে টেনে-হিঁচড়ে বাইরে বের করে আনেন। পরে বাইরে অপেক্ষায় থাকা সহযোগীদের সহায়তায় পিন্টুকে জোর করে মাইক্রোবাসে তুলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘী উপজেলার দিকে চলে যায় তারা। অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার আরও বলেন, ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। এতে অপহরণের পুরো দৃশ্য দেখা গেছে। ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তদের সবার মুখ ঢাকা ছিল এবং তারা দ্রুত ঘটনাটি সংঘটিত করে পালিয়ে যায়। অপহরণ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে হত্যার মূল কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

  • বগুড়ায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে যুব সমাবেশ

    বগুড়ায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে যুব সমাবেশ

     

    মাদক, সন্ত্রাস প্রতিরোধ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বগুড়ায় মতবিনিময় ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় যুব ভবনের হলরুমে যুব উন্নয়ন অধিদফতর, বগুড়া এ অনুষ্ঠানের আয়োজন করে। যুব উন্নয়ন অধিদফতর বগুড়ার উপপরিচালক মো. তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান সময়ে একটি সর্বগ্রাসী সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে মাদক। এটি একটি দেশ বা সমাজের অন্যতম মারাত্মক সমস্যা। আমাদের যুবসমাজের জন্য মাদক ও মাদকাসক্তি মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এজন্য মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ বিনির্মাণে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, বেকার সমস্যা সমাধানে যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদফতর। প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের প্রতিষ্ঠিত করছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতর বগুড়ার উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমান প্রমুখ।

  • মানবতার দূত হিসেবে কাজ করছেন তারেক রহমান-রিজভী

    মানবতার দূত হিসেবে কাজ করছেন তারেক রহমান-রিজভী

    বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, হাজার হাজার মাইল দূরে থেকেও মানবতার দূত হিসাবে কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়ার এই কৃতি সন্তান অসহায় দুঃস্থ মানুষের সহায়তায় এগিয়ে এসে তাদের পাশে দাঁড়িয়েছেন। বগুড়ায় শহীদ খোকন পার্কে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে দিনব্যাপী সেবামূলক মানবিক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তারেক রহমান খুব সজাগভাবে ব্যক্তিগত অনুসন্ধানের মাধ্যমে সারাদেশের অসহায়, নির্যাতিত, নিপীড়িত, অভাবী ও মেধাবীদের খুঁজে বের করেন। তারপর গোপনে তাদেরকে সহযোগিতা করেন। এক্ষেত্রে তিনি ডান হাতে দান করলে যেন বাম হাত না জানে। ইসলামের সেই মহান নীতি ও আদর্শ অনুসরণ করেন। রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাঁর জন্ম দিনে কেউ যেন ঢাক-ঢোল শহরত বাজিয়ে কোন অনুষ্ঠান না করেন। কেউ যেন কেক কেটে তাঁর জন্মদিন পালন না করেন। এগুলো মানুষ পছন্দ করেন না। দূর থেকে হলেও মানুষের হৃদয়ের যে দেখা, মানুষের অন্তরের মধ্য যে গ্রন্থটি লেখা আছে সেটি কত অসাধারণভাবে তারেক রহমান পাঠ করতেন পারেন এই ঘটনার মধ্য দিয়ে তা প্রমান হলো। মঙ্গলবার আমরা বিএনপির পরিবারের আজকের যে আয়োজন সেটি মানবহৃদয়শীল। এখাকার সবগুলো সামাজিক দায়িত্বমূলক কাজ। আজকে এখানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হার্টের চিকিৎসা, রক্তদান, হুইল চেয়ার বিতরণ এসব কিছুই মানবিক কাজ। উন্নত দেশের রাজনীতি কিন্তু এই রকম। আমাদের সেই জিনিসটা শিখিয়েছেন তারেক রহমান। তিনি যেন মানবতার হাইকমিশনার। তিনি আরো বলেন, বিনাভোটে এবং দিনে ভোট রাতের করে শাসন ও বিচার বিভাগের ওপর নির্ভর করে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিশোধ পরায়ণ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বামীর ভিটা থেকে নির্মমভাবে উচ্ছেদ করেন। সেদিন অশ্রুসজল চোখে খালেদা জিয়া বলেছিলেন, আল্লাহ আপনাদের বিচার করবেন। নিজের অপকর্মের সকল সহযোগীকে অসহায় ভাবে ফেলে রেখে ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রমান হলো আল্লাহ বিচার করেছেন। অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবার-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. একেএম মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ বিএনপি নেতা ডা. এমএ মুহিত। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা: আ ন ম মনোয়ারুল কাদির বিটু, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, ডা. শাহ মো: শাজাহান আলী, ডা. মামুনুর রশিদ মিঠু, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সলাম, যুগ্ম সম্পাদক তাহাউদ্দিন নাহিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাইদুজ্জামান শাকিল, আরডিএ যুগ্ম পরিচালক আব্দুল মজিদ, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ, আমরা বিএনপি পরিবারের সদস্য মুস্তাকিম বিল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, নিহার সুলতানা তিথিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ‘আমরা বিএনপি পরিবারের সদস্যবৃন্দ।

  • শিবগঞ্জে ধান ক্ষেতে পোকার আক্রমণে দিশেহারা কৃষক

    শিবগঞ্জে ধান ক্ষেতে পোকার আক্রমণে দিশেহারা কৃষক

    শিবগঞ্জে ধান ক্ষেতে পোকার আক্রমণে দিশেহারা কৃষক

    বগুড়ার শিবগঞ্জে আমন ধানের মাঠে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে কারেন্ট পোকার আক্রমণ। হঠাৎ করেই ধানক্ষেতে এই পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। বিভিন্ন কোম্পানির কীটনাশক স্প্রে করেও কোনো সুফল পাচ্ছেন না তারা। এতে নষ্ট হচ্ছে স্বপ্নের ফসল, বাড়ছে হতাশা। সোমবার সরেজমিনে শিবগঞ্জের বিভিন্ন ইউনিয়নের আমন ক্ষেত ঘুরে দেখা যায়, একের পর এক জমিতে ধানগাছ শুকিয়ে গেছে। ক্ষেতে ভিড় জমিয়েছে কারেন্ট পোকার ঝাঁক। নষ্ট হয়ে গেছে কৃষকের সোনার ফসল। কৃষকরা জানান, এবছর আমন মৌসুমের শুরুতে পানি সংকট বা চারা রোপনে তেমন সমস্যা ছিল না। তবে সারের দাম ছিল অনেক বেশি। তবুও কষ্ট করে বেশি দামে সার কিনে ধান চাষ করছেন তারা। কিন্তু হঠাৎ কারেন্ট পোকার আক্রমণে সব পরিশ্রম যেন মাটি হয়ে যাচ্ছে। উপজেলার দেউলী ইউনিয়নের মধুপুর গ্রামের এক কৃষক বলেন, ধানগাছ শুরু থেকে ভালোই ছিল, কিন্তু বাড়িঘরের কাজের চাপে ৩ দিন মাত্র জমিতে যেতে পারিনি। এর মধ্যেই কারেন্ট পোকা সব শেষ করে দিয়েছে। তিনি আরও বলেন, আর কিছুদিন পরেই ধান কাটার উপযুক্ত হতো। কিন্তু কারেন্ট পোকা সব শেষ করে দিলো। দিনে দুইবার করে ওষুধ দিচ্ছি, তাও কোনো কাজ হচ্ছে না। গোড়া থেকে গাছ শুকিয়ে যাচ্ছে। এভাবে নষ্ট হলে ধানের খরচই উঠবে না। অন্য কৃষক বলেন, আমার ধানক্ষেতে একদিকে ইঁদুরের হানা, আরেকদিকে কারেন্ট পোকার হানা। তাদের অত্যাচারে ধান নিয়ে হতাশায় পরেছি। তারমধ্যে আবার কীটনাশক কিনতে পড়তে হচ্ছে বিভ্রান্তিতে। বাজারে যত কম্পানির ওষুধ নামছে, কোনটা আসল আর কোনটা নকল বুঝা বড় দায়। নকল ওষুধ কিনে টাকা নষ্ট করছি, ফসলেরও কাজ হচ্ছে না। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান প্রতিবেদককে জানান, কারেন্ট পোকা দমনে করণীয় সম্পর্কে প্রত্যেক ওয়ার্ডে উঠান বৈঠক করা হয়েছে। এছাড়াও বৃষ্টির পর কারেন্ট পোকার যে উপদ্রব হয়, তা থেকে ধান রক্ষায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।

  • বগুড়ায় ডাকাতির পর বৃদ্ধাকে হত্যা ॥ গ্রেফতার ৪

    বগুড়ায় ডাকাতির পর বৃদ্ধাকে হত্যা ॥ গ্রেফতার ৪

    বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া বাজারে হত্যাসহ ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত টাকার মধ্যে নগদ ১৩ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন। পুলিশ জানায়, ডাকাতির পর গ্রেফতারকৃতরা ভাগ হিসেবে পেয়েছিল পাঁচ হাজার টাকা করে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তালোড়া বাজার এলাকার ব্যবসায়ী হিমু পোদ্দার আগরওয়ালার বাড়িতে ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে এবং নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করে নেয়। এ সময় বাধা দিলে হিমুর স্ত্রী বিমলা পোদ্দারকে শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা। পরে ভোর সাড়ে ৪টার দিকে তারা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরপরই জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে মূলহোতা জুয়েলসহ রাজু, ইমরান ও আসলামকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকার অংশ এবং নিহত বিমলার ব্যবহৃত মোবাইল ফোনসহ দুটি ফোন উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এর মধ্যে রাজুর বিরুদ্ধে পূর্বের চারটি মামলাসহ প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

  • শিবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

    শিবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

    শিবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

    বগুড়ার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীতে ডুবে শাহাদাত (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মহাস্থান এলাকার শীলাদেবীর ঘাটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা তারা মিয়ার ছেলে। তারা মিয়া তার পরিবারসহ মহাস্থান শীলাদেবীর ঘাট এলাকার একটি পুলিশ বক্সে বসবাস করতেন। জানা গেছে, শিশুটির পরিবারের সদস্যরা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন বিকালে একজন মানসিক ভারসাম্যহীন নারী করতোয়া নদীর তীর ধরে স্থানীয় মাছের আড়তের দিকে যাচ্ছিলেন। শীলাদেবীর ঘাট এলাকায় নদীর তীরে নামার সময় তিনি শিশু শাহাদাতকে নদীতে ভাসতে দেখেন এবং তার পরিবারকে খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করেন। শিবগঞ্জ থানার এস.আই ছাইদুল ইসলাম জানান, নদীতে ডুবে শিশু মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ পরীক্ষা করে দেখা যায়, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, তবে তার নাক-কান দিয়ে পানি বের হচ্ছিল। কোনো অভিযোগ না থাকায় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • বগুড়া শিবগঞ্জের বিহারহাটে অতিথি পাখির অভয়ারণ্য-মনোমুগ্ধকর দৃশ্য

    বগুড়া শিবগঞ্জের বিহারহাটে অতিথি পাখির অভয়ারণ্য-মনোমুগ্ধকর দৃশ্য

    বগুড়া শিবগঞ্জের বিহারহাটে অতিথি পাখির অভয়ারণ্য-মনোমুগ্ধকর দৃশ্য

    গোধূলির সময় আকাশ যখন রঙিন আলোয় ভরে ওঠে, তখন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহারহাটে চোখে পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্য। সুবিশাল সব কড়ই, শিমুল কাঁঠাল ও বটগাছসহ নাম না জানা অনেক গাছে শত শত শামুকখোল পাখি নীড়ে ফেরে কলতান তুলতে তুলতে। দূর থেকে দেখলে মনে হয় যেন পাখি নয়, হেলিপ্যাডে নেমে আসছে অসংখ্য হেলিকপ্টার। প্রকৃতির এই দৃশ্য শুধু চোখের প্রশান্তিই নয় বরং জানান দেয় গ্রামীণ বাংলাদেশ এখনো পাখিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। শামুকখোল সারশ জাতীয় বিরল প্রজাতির পাখি। এর দেহ সাদা ধূসর। লেজ ও ডানার প্রান্ত কালো। প্রায় ১৪ সেন্টিমিটার লম্বা ও ফাঁকাযুক্ত ঠোঁট এদের প্রধান বৈশিষ্ট্য। যা দিয়ে ছোট ছোট মাছ, শামুক, ঝিনুক ও পোকামাকড় ধরে খায়। দৈর্ঘ্যে প্রায় ৮১ সেন্টিমিটার, আর পাখার বিস্তার প্রায় দেড় ফুট।
    বাংলাদেশের বড় আকারের জলচর পাখিদের মধ্যে শামুকখোল অন্যতম। দিনের শুরুতে খাদ্যের সন্ধানে ঝাঁক বেঁধে ওড়ে তারা। আবার বিকালের আলো ফুরাতে ফুরাতে ফিরতে থাকে নিজেদের নীড়ে। শিবগঞ্জ উপজেলার বিহারহাট এলাকায় স্থানীয় মানুষেরা পাখিগুলোকে পরিবারের সদস্যদের মতোই আগলে রেখেছেন। কোনো শিকারীকে ঢুকতে দেওয়া হয়না এলাকায়। গ্রামবাসীর এই উদ্যোগেই প্রায় একদশক ধরে শামুকখোল এখানে নিশ্চিন্তে প্রজনন করছে। ফলে শামুকখোল পাখির সংখ্যাও বেড়েছে অনেক। স্থানীয়রা জানান, ঐ এলাকায় বড় বড় গাছে সাইবেরিয়ার উত্তরাঞ্চল ও রাশিয়ার উত্তরাঞ্চল থেকে কিছু অতিথি পাখি এসে বাসা বাঁধে। যে পাখিকে বলা হয় শামুকখোল পাখি। পাখিগুলো আশেপাশের মাঠ, বিল, ডোবা ও পুকুর থেকে খাবার সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। এলাকাবাসী তাদের যথেষ্ট নিরাপত্তা দিয়ে রাখে। চাইলেই কেউ শিকার করতে পারবে না। স্থানীয়রা আরও জানান, বৈশাখ মাসে অতিথি পাখিগুলো বিহারহাট এলাকায় আসে। ডিম পাড়ে, বাচ্চা ফুটায়। তারপর বাচ্চারা উড়তে শিখলে কার্তিক মাসের দিকে আবার বিদেশে চলে যায়। যখন উন্নয়নের চাপে হারিয়ে যাচ্ছে অনেক পাখির আবাসস্থল, তখন শিবগঞ্জের বিহারহাট এক অনুকরণীয় উদাহরণ। ভোরের আলোয় শামুকখোলের ডানা ঝাপটানো কিংবা গোধূলির আভায় নীড়ে ফেরার দৃশ্য মনে করে দেয়, প্রকৃতি যদি ভালোবাসা পায়, তবে সে তার সৌন্দর্য উদার করে দেয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, পাখির আবাস নিরাপদ করতে গ্রামবাসীদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেউ যদি পাখির ক্ষতি করতে চায়, তাহলে প্রশাসনকে অবগত করার জন্য বলা হয়েছে। এমনটা হলে প্রশাসন প্রয়োজনীয় কঠোর আইনী ব্যবস্থা নেবে।

  • বগুড়ার পূজার ছুটিতে যাওয়ার পথে বাবা-ছেলেসহ নিহত-৩

    বগুড়ার পূজার ছুটিতে যাওয়ার পথে বাবা-ছেলেসহ নিহত-৩

    বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন মা ও মেয়ে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং অটোরিকশা চালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)। আহত হয়েছেন, বিপুলের স্ত্রী মমতা রানী ও মেয়ে রুপা মনি দাস। সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, দুর্গাপূজার ছুটিতে বিপুল পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। ভোরে ঢাকা থেকে বগুড়া এসে সিএনজি অটোরিকশায় করে নারচী গ্রামে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক শুকুর আলী মারা যান জানিয়ে জামিরুল ইসলাম আরও বলেন, পরে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে বিপুল চন্দ্র দাস ও তার ছেলে বিপ্লব চন্দ্র দাসের মৃত্যু হয়। আহত মমতা রানী ও রুপা মনি দাস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • আওয়ামী স্টাইলের কোন নির্বাচন জনগণ হতে দেবে না-রফিকুল ইসলাম খান

    আওয়ামী স্টাইলের কোন নির্বাচন জনগণ হতে দেবে না-রফিকুল ইসলাম খান

    আওয়ামী স্টাইলের কোন নির্বাচন জনগণ হতে দেবে না-রফিকুল ইসলাম খান

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, অন্তর্বতীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে এখন একটি দলের পকেটে ঢোকার চেস্টা করছে। তারা জুলাই সনদের আইনী ভিত্তি, গণহত্যার বিচার এবং সংবিধানের মৌলিক সংষ্কার না করেই যেনতেন ভাবে একটি নির্বাচন দেওয়ার চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ আওয়ামী স্টাইলের কোন নির্বাচন আর হতে দেবেনা। আমরা ফেব্রুয়ারি মাসেই নির্বাচন চাই। তার আগে অবশ্যই জুলাই সনদের আইনী ভিত্তি দিয়ে সেই সনদের অধীনে নির্বাচন দিতে হবে। শনিবার দুপুরে বগুড়ার টিটু মিলনায়তনে শহর জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম খান বলেন, পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে। এই হত্যার সাথে জড়িত বিচারক, আইনজীবী, সাক্ষীসহ সবাইকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি সুখী-সমৃদ্ধশালী, দূর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, মানিবক বাংলাদেশ গড়তে চায়। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি উদাত্ব আহ্বান জানান। বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহসভাপতি গোলাম রব্বানী, বগুড়া অঞ্চলের টীম সদস্য অধ্যাপক মাওঃ আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম। শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা আব্দুল হাািলম বেগ, সহকারি সেক্রেটারি অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যাপক রফিকুল আলম, মোঃ আল-আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার। সম্মেলনে জামায়াতের প্রায় দেড় হাজার পুরুষ ও নারী রুকন অংশগ্রহন করেন।