Category: আন্তর্জাতিক

  • বাংলাদেশের সংস্কার উদ্যোগে সহায়তা করবে আইএমএফ-জর্জিয়েভা

    বাংলাদেশের সংস্কার উদ্যোগে সহায়তা করবে আইএমএফ-জর্জিয়েভা

    বাংলাদেশের সংস্কার উদ্যোগে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, ওয়াশিংটন-ভিত্তিক ঋণদাতা বিষয়টি নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে ঢাকায় একটি দল পাঠিয়েছে। ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের (ইউএনজিএ) ফাঁকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক তার এ সমর্থন ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা ক্রিস্টালিনা জর্জিয়েভাকে বাংলাদেশের পূর্ববর্তী স্বৈরাশাসন উৎখাত করা ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থান সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিং করেন। তখন ক্রিস্টালিনা তাকে বলেন, এটি একটি ভিন্ন দেশ। এটি বাংলাদেশ ২.০। বৈঠকে অধ্যাপক ইউনূস নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তী সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে সে সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানান ড. ইউনূস। আইএমএফের প্রধান নির্বাহী এসব উদ্যোগে তার সমর্থন জানিয়ে বলেন, আইএমএফ বাংলাদেশ সরকারের জন্য আর্থিক সহায়তা দ্রুততর করবে। তিনি বলেন, তিনি বাংলাদেশে ‘দ্রুত’ একটি আইএমএফ দল পাঠিয়েছেন এবং এই মুহূর্তে সেটি ঢাকায় অবস্থান করছে। দলটি আগামী মাসে আইএমএফ পরিচালনা পর্ষদের কাছে তাদের প্রতিবেদন দাখিল করবে। জর্জিয়েভা বলেন, আইএমএফ বোর্ড টিমের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণদান কর্মসূচি শুরু করতে পারে, অথবা এটি গত বছরের শুরুর দিকে চালু হওয়া বিদ্যমান সহায়তা কর্মসূচির অধীনে আরও ঋণ দিতে পারে।

  • ইসলামপুরে আনন্দ উৎসবের মধ্যদিয়ে জন্মাষ্টমী উদযাপিত

    ইসলামপুরে আনন্দ উৎসবের মধ্যদিয়ে জন্মাষ্টমী উদযাপিত

    যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্যদিয়ে জামালপুরের ইসলামপুরে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। ইসলামপুর হরিসভা গৌর নিতাই আশ্রমের আয়োজনে সোমবার (২৬ আগষ্ট) দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হরিসভা মন্দিরে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি নারায়ন কর্মকার, গৌর নিতাই আশ্রমের সাধারণ সম্পাদক সুবেন্দ্র চন্দ দাস, সহ সভাপতি পরিতুষ চন্দ্র সেন, হিমাংশু কুমার বন্দ, তপন কুমার বন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,গৌর নিতাই আশ্রম, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ গ্রেপ্তার

    আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ গ্রেপ্তার

    ক্ষমতাচ্যুত আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে রাজধানীর নাখালপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সারওয়ার আলম খান জানান, গোলাপকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে তা এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ছাত্র-জনতার প্রবল গণ আন্দোলনে ৫ অগাস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর দলটির সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যান। দলটির অধিকাংশ নেতা চলে যান আত্মগোপনে। আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে বেশ কয়েকজন গত কয়েক দিনে গ্রেপ্তার হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষে হতাহতের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান মিয়া (গোলাপ) এক সময় সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিলেন। একাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও সরকারে জায়গা পাননি। গত পাঁচ বছরে তার বিরুদ্ধে বিপুল দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে। গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে এই আওয়ামীলীগ নেতা নিজ দলের তাহমিনা বেগমের কাছে হেরে যান, যিনি মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।

  • ফেনী ও চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের উদ্ধার ও ত্রাণ বিতরণে মেয়র মনজুর আলম

    ফেনী ও চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের উদ্ধার ও ত্রাণ বিতরণে মেয়র মনজুর আলম

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ফেনী ও চট্টগ্রাম জেলায় উদ্ধার টিম প্রেরণসহ চিকিৎসা সেবা, খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন। ২৩ আগস্ট ফেনী জেলায় ১০০ জনের একটি টিম প্রেরণ করেছেন। এই টিমে আছে উদ্ধারের জন্য ৫টি বোট, ১০ জনের চিকিৎসক টিম এবং তৈরি খাবার, শুকনো খাবার ও পানিসহ বিবিধ খাদ্য সামগ্রী রয়েছে। মানবিক কার্যক্রমের মধ্যে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ৫টি বোট দিয়ে ক্ষতিগ্রস্থ নাগরিকদের উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। পাশাপাশি চিকিৎসা সহায়তা, তৈরি খাবার, শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ কার্যক্রম চলমান আছে। এছাড়াও অপর একটি টিম চট্টগ্রাম ফটিকছড়ি এলাকার নাজিরহাট, শান্তিরহাট, ভুজপুর ও হাইদচকিয়া সহ বন্যা দুর্গত এলাকায় ৩টি বোট দ্বারা ক্ষতিগ্রস্থদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান আছে। ক্ষতিগ্রস্থদের মাঝে তৈরি খাবার, শুকনো খাবার, পানিসহ নানাভাবে চলছে মানবিক তৎপরতা। স্মরণকালের এই মহাদুর্যোগে যারা মৃত্যুবরণ করেছেন এবং ক্ষতিগ্রস্থ হয়েছেন সকলের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন মানুষ সবাই আল্লাহর সেরা সৃষ্টি। যেখানে মানবিক বিপর্যয় দেখা দেয় সেখানেই আমরা মানবিক সেবা দিতে অভ্যস্ত। তিনি তাদের মানবিক সেবায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় মোস্তফা হাকিম পরিবারের সদস্য আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ¦ মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সাহিদুল আলম ও শিক্ষাবিদ বাদশা আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • দেশে বন্যা পরিস্থিতিতে দুর্গতদের সহায়তায় করা করছে রেড ক্রিসেন্ট

    দেশে বন্যা পরিস্থিতিতে দুর্গতদের সহায়তায় করা করছে রেড ক্রিসেন্ট

    চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গতদের সহায়তায় কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। সংকটাপন্ন বন্যাকবলিত এসব এলাকায় উদ্ধার কার্যক্রমের পাশাপাশি সকল ধরণের মানবিক সহায়তা দিতে নিরলস কাজ করে যাচ্ছেন সোসাইটির যুব স্বেচ্ছাসেবকরা। এরই মধ্যে পানিবন্দি লোকজনকে উদ্ধার, শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ, জরুরি প্রাথমিক চিকিৎসাসেবা ও পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপনে সহায়তাসহ প্রয়োজনীয় সতর্কবার্তা প্রচার করছেন তারা। শুক্রবার এক বিজ্ঞপিতে এসব তথ্য জানায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট। বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাদুর্গতদের সহায়তায় ২২ আগস্ট থেকে বিডিআরসিএসের পক্ষ থেকে ফেনীতে দুটি ভ্রাম্যমাণ পানি শোধনাগার স্থাপন করা হয়েছে। এ ছাড়া নোয়াখালী ও কুমিল্লাতে আরও তিনটি ভ্রাম্যমাণ পানি শোধনাগার স্থাপন করা হবে। ইতোমধ্যে বন্যা উপদ্রুত জেলাগুলোর জন্য দুই হাজার পরিবারের জন্য সাত দিনের ফুড প্যাকেজ (সাড়ে সাত কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক লবণ কেজি, এক লিটার সয়াবিন তেল ও আধা কেজি সুজি) বরাদ্দ দিয়েছে সোসাইটি, যা সড়ক যোগাযোগ স্বাভাবিক হওয়া সাপেক্ষে পাঠানো হবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে তিন হাজার পরিবারকে শুকনো খাবার (তিন কেজি চিড়া, এক কেজি চিনি, ২৫০ গ্রাম বিস্কুট, দুই লিটার পানি, ১০ পিস খাবার স্যালাইন, ছয়টি মোমবাতি ও একটি দিয়াশলাই) বিতরণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সোসাইটির কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রাম ইউনিটের নিজস্ব উদ্যোগে এবং জাতীয় সদরদপ্তরের সহায়তায় রান্নাকরা ও জরুরি শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরী বলেন, আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ সংকট তৈরি হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব মানুষদের প্রয়োজনীয় সহায়তা ও ত্রাণ পৌঁছে দিতে আমরা আমাদের সব ধরনে প্রস্তুতি নিয়ে মাঠে আছি। এরইমধ্যে বন্যাদুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অগ্রণী ভূমিকায় পাশে এসে দাঁড়িয়েছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান গ্রামীণফোন ও বিকাশ। ভয়াবহ এ পরিস্থিতি মোকাবিলায় সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। সোসাইটির উদ্যোগে ইতোমধ্যে ইউএসএআইডির অর্থায়নে আইএফআরসির মাধ্যমে আড়াই লাখ ডলারের সমপরিমাণ প্রায় তিন কোটি টাকার অর্থ সহায়তা পাওয়া গেছে, যা দিয়ে প্রায় সাড়ে সাত হাজার পরিবারের মাঝে সাত দিনের ফুড পার্সেল এবং তিন হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া আমেরিকান রেড ক্রস ও সুইডিশ রেড ক্রস থেকে প্রায় ৪০ লাখ টাকার আর্থিক সহায়তা পাওয়া গেছে, যা দিয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোয় প্রয়োজনীয় মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।
    এ ছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বন্যাকবলিত এলাকাগুলোয় ১০ হাজার পরিবারের মাঝে সাতদিনের ফুড প্যাকেজ প্রদানে সম্মত হয়েছে গ্রামীণফোন লিমিটেড। এ ছাড়া মাঠ পর্যায়ের পরিস্থিতি অনুযায়ী পানযোগ্য নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে পাঁচটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পাঁচটি ভ্রাম্যমাণ মেডিকেল টিমের জন্য প্রয়োজনীয় সকল খরচ বহন করবে টেলিকম প্রতিষ্ঠানটি। বর্ণিত কার্যক্রম বাস্তবায়নে বিডিআরসিএসকে প্রতিষ্ঠানটি প্রায় দেড় কোটি টাকার আর্থিক সহায়তা দেবে।
    সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম জানান, বন্যাকবলিত জেলাগুলোতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিটগুলোর সব কর্মকর্তা-কর্মচারী এবং সেচ্ছাসেবকরা আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করছেন। বন্যার্তদের মানবিক সহায়তা প্রদান ও জানমালের ক্ষয়ক্ষতি নিরসনে বন্যাকবলিত মানুষের পাশে বরাবরের মতোই আছে রেড ক্রিসেন্ট। ভয়াবহ পরিস্থিতিতে বন্যাকবলিত ১৫ জেলায় ইউনিট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল না ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে।

  • বন্যার্তদের সাহায্য করতে এক দিনের বেতন দিলো সেনাবাহিনী

    বন্যার্তদের সাহায্য করতে এক দিনের বেতন দিলো সেনাবাহিনী

    বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবির সেনাসদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।
    শুক্রবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)। আইএসপিআর জানায়, সাম্প্রতিক ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ প্রদান করা হয়।
    উল্লেখ্য, বন্যা কবলিত এলাকায় সেনাসদস্যরা সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি একটি মহত উদ্যোগ নিয়েছে।

  • কুমিল্লায় সাবেক এমপি বাহার ও মেয়ে সূচনার বিরুদ্ধে আরেক মামলা

    কুমিল্লায় সাবেক এমপি বাহার ও মেয়ে সূচনার বিরুদ্ধে আরেক মামলা

    কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটির সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার বিরুদ্ধে এবার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মিছিলে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে নগরীর দক্ষিণ চর্থা (তালতলা) এলাকার কাশেম মিয়ার ছেলে ছোটন মিয়া মামলাটি করেন বলে জানিয়েছেন কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন। মামলায় বাহার ও সূচনাসহ এজাহার নামীয় ২২৫ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের অধিকাংশই আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী-সমর্থক। এর আগে রোববার রাতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মাছুম মিয়াকে (২২) কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যার ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় বাহার ও সূচনাসহ ৬২ জনকে আসামি করে একটি মামলা হয়েছিল। সোমবার রাতে হওয়া মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ১৯ জুলাই বিকালে কুমিল্লায় নগরীর দক্ষিণ চর্থা (তালতলা) এলাকা থেকে মামলার বাদীসহ অর্ধশতাধিক ছাত্র জনতা মিছিল নিয়ে নগরীর কান্দিরপাড় আসছিল। এ সময় মামলার প্রধান আসামি বাহার ও তার মেয়ে সূচনার নির্দেশে বিভিন্ন অস্ত্র নিয়ে মামলার অন্য আসামিরা হামলা চালায়। এ সময় গুলি চালিয়ে, পিটিয়ে ও কুপিয়ে অনেককে আহত করা হয়। মামলায় আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- কুমিল্লা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহাম্মেদ নিয়াজ পাভেল, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সিটি কাউন্সিলর হাবিবুল আল আমিন সাদী, সরকার মাহমুদ জাবেদ, আবদুস ছাত্তার, সৈয়দ রায়হান আহাম্মদ, আবুল হাসান, কাউছারা বেগম সুমী, সাবেক কাউন্সিলর শাহ আলম খান, ইউপি চেয়ারম্যান হাসান রাফি রাজু, মোজাম্মেল হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ। ওসি ফিরোজ হোসেন বলেন, সরকার পতনের পর মামলার আসামিদের প্রায় সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। তবে তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, বাহাউদ্দিন বাহার ২০০৮ সাল থেকে টানা চার বার নৌকার মনোনয়নে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। অপরদিকে, তার বড় মেয়ে সূচনা চলতি বছরের ৯ মার্চ উপনির্বাচনে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। এর মধ্যে সোমবার সরকারি এক প্রজ্ঞাপনে তিনি মেয়র পদ থেকে অপসারিত হয়েছেন। গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা সাবেক বাহারের বাসভবন, মহানগর আওয়ামী লীগ অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল লুটপাট চালায়। বর্তমানে সাবেক এমপি বাহার এবং তার মেয়ে সূচনা দেশেই আছেন, নাকি দেশ ছেড়েছেন, এ বিষয়ে নিশ্চিত কেউ তথ্য দিতে পারেনি। ৫ অগাস্টের পর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে। এজন্য বারবার চেষ্টা করেও তাদের বক্তব্য জানা যায়নি।

  • মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে মোংলা বন্দরে সতর্কতা

    মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে মোংলা বন্দরে সতর্কতা

    বিশ্বের কয়েকটি দেশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। পদক্ষেপ হিসেবে, সোমবার (১৯ আগস্ট) থেকে বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া ছয় সদস্যের মেডিকেল টিম গঠন করেছে পোর্ট হেলথ কর্তৃপক্ষ। মেডিকেল টিমের প্রধান মোংলা পোর্ট হেলথের উপ-পরিচালক ডা. শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, বন্দর থেকে নির্দেশনা পাওয়ার পর আমরা কাজ শুরু করেছি। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের মাধ্যমে এ রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সতর্ক রয়েছি।

  • রূপপুরে ৫৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুদকে

    রূপপুরে ৫৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুদকে

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের বেশি বা ৫৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় ওই টাকা দেওয়া হয়েছে। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে দুদক। সোমবার (১৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন সভায় বিষয়টি উপস্থাপিত হতে পারে বলে সংস্থাটির ঊর্ধ্বতন একাধিক সূত্র নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করার শর্তে সংস্থাটির একাধিক কর্মকর্তা বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত কমিশন নেবে। তবে যেহেতু দুদকের আগে থেকে চলমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসন প্রকল্পের আলোচিত বালিশকাণ্ডে ৩১ কোটি ২৪ লাখ টাকার দুর্নীতির তদন্তকাজ দীর্ঘদিন ধরে চলমান রয়েছে, এই অবস্থায় নতুন করে ৫৯ হাজার কোটি টাকার দুর্নীতি অভিযোগ উঠেছে। যেখানে অনুসন্ধান করার মতো তথ্য-উপাত্তও রয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে কমিশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার করছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ আগস্ট) গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়। যাতে মধ্যস্থতা করেন ছেলে সজিব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আশা করা হচ্ছে, এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশের ২০ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ হবে। সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। এতে বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় এক হাজার ২৬৫ কোটি ডলার। প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি। যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে ৫০০ কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম।

  • মাঙ্কিপক্স নিয়ে হটলাইন চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর

    মাঙ্কিপক্স নিয়ে হটলাইন চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর

    মাঙ্কিপক্স (এমপক্স) ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ। এর ফলে বেদনাদায়ক ফুসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া এবং জ্বর হতে পারে। বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পড়েছে এই রোগ। সম্প্রতি পাকিস্তানেও মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এ অবস্থায় পদক্ষেপ হিসেবে হটলাইন চালু করেছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপক্স (মাঙ্কিপক্স) একটি সংক্রামক রোগ। মধ্য আফ্রিকার কঙ্গো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়াসহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে এটি। আপনার শরীরে এর কোনো লক্ষ্মণ দেখা দিলে অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে, অথবা সংক্রমিত দেশ ভ্রমণের ২১ দিনের মধ্যে এই লক্ষ্মণ দেখা দিলে ১৬২৬৩, ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করুন। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী এমপক্স বিস্তারের ব্যাপারে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। এতে বলা হয়েছে, মাঙ্কিপক্স একপ্রকার সংক্রামক রোগ। এর উপসর্গ অনেকটা জ্বর বা ফ্লু’র মতো। এ রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এমনকি শ্বাসপ্রশ্বাস থেকেও অন্য কেউ এতে সংক্রমিত হতে পারে। জানা গেছে, স্মলপক্স ভাইরাস শ্রেণির একটি ভাইরাস এ রোগের জন্য দায়ী। ভাইরাসটির দু’টি রূপান্তরিত ধরন রয়েছে, ক্ল্যাড- ১ (মধ্য আফ্রিকান) এবং ক্ল্যাড-২ (পশ্চিম আফ্রিকান)। এই রোগে প্রতি ১০০ আক্রান্ত রোগীর মধ্যে মৃত্যু হয় ৪ জনের।
    রোগটির বিভিন্ন লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, ঘেমে যাওয়া, পিঠে ব্যথা, মাংসপেশির টান ও অবসাদ। প্রথম পর্যায়ে রোগীর জ্বর আসে, পাশাপশি শরীরে দেখা দেয় ফোসকা ও অধিকাংশ ঘটনায় শুরুতে মুখে ফুসকুড়ি দেখা দেয়। পরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে; বিশেষ করে হাতের তালু ও পায়ের তলা। মাঙ্কিপক্স রোগের জন্য এখনও সুনির্দিষ্ট কোনো টিকা বা ওষুধ আবিষ্কার হয়নি। তবে ডব্লিউএইচও জানিয়েছে, স্মলপক্স বা জলবসন্তের জন্য ব্যবহৃত টিকা মাঙ্কিপক্স প্রতিরোধে ৮৫ শতাংশ কার্যকর।