Blog

  • আরএমপির অভিযানে চোরাই অটোরিকশাসহ দুইজন গ্রেপ্তার

    আরএমপির অভিযানে চোরাই অটোরিকশাসহ দুইজন গ্রেপ্তার

    আরএমপির অভিযানে চোরাই অটোরিকশাসহ দুইজন গ্রেপ্তার

    রাজশাহী মহানগরীর পবা থানার পারিলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে স্থানীয়দের সহায়তায় দুই চোরকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মো: মুকুল হোসেন (৩৪) ও মো: আশরাফ (৩৮)। মুকুল পবা থানার মাড়িয়া খড়খড়ি এলাকার মো: আসলাম আলীর ছেলে এবং আশরাফ নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব শুল্যাকিয়ার মো: রুহুল আমিনের ছেলে। জানা যায়, গত ১৪ জুন অটোরিকশা চালক মো: আনারুল ইসলাম (৪০) প্রতিদিনের মতো ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন। সকাল সাড়ে ৮টায় রাজশাহী রেলগেট এলাকা থেকে আসামিরা ‘ঘোরাঘুরির’ কথা বলে ঘণ্টা চুক্তিতে রিকশা ভাড়া নেয়। তারা বিভিন্ন এলাকা ঘুরে পারিলা সিডির মোড় এলাকায় পৌঁছায়। সেখানে নির্জন স্থানে রিকশাচালক প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে রিকশাটি চুরি করে পালানোর চেষ্টা করে। চালক চিৎকার শুরু করলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন এবং পবা থানা পুলিশকে জানায়।
    খবর পেয়ে পবা থানার এস.আই এস এম আসিব নাসিব সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আসামিদের আটক করেন এবং চোরাই অটোরিকশাটি উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা চুরির কথা স্বীকার করে। মূল আসামি মুকুল হোসেনের বিরুদ্ধে মাদক ও ডাকাতির একাধিক মামলা রয়েছে এবং একটি গ্রেপ্তারি পরোয়ানাও মুলতবী রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • র‌্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার ৩ আসামী আটক

    র‌্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার ৩ আসামী আটক

    র‌্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার ৩ আসামী আটক

    র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের পৃথক অভিযানে হত্যা ও হত্যা চেষ্টা মামলার ৩ আসামী আটক হয়েছে। আটককৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুরের মোঃ আব্দুর রাকিব এর ছেলে হত্যা মামলার আসামী মোঃ আমিরুল ইসলাম (২৪), একই উপজেলার বাবুপুর মিরাটুলি গ্রামের মোঃ একরামুল হক এর ছেলে হত্যা চেষ্টা মামলার আসামী মোঃ রাশিদুল (২৮) এবং মোঃ আলেক এর ছেলে মোঃ রিংকু (২৪)। র‌্যাবের পৃথক প্রেসনোটে জানানো হয়,

    চাঁপাইনবাবগঞ্জ এবং র‌্যাব-১২ সিপিএসসি, বগুড়া এর যৌথ আভিযানিক দল ১৪ জুন রাত সাড়ে ৭টার দিকে বগুড়া জেলার আদমদীঘি থানার সান্তাহার রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে সান্তাহার রেলস্টেশনের ওভার ব্রিজের নিচ হতে হত্যা মামলার এজাহার নামীয় ৫নং আসামী মোঃ আমিরুল ইসলাম কে গ্রেফতার করে। উল্লেখ্য, গত ০৮ জুন/২৫ রাত্রী আনুমানিক ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে এবং পূর্ব পরিকল্পিতভাবে জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুরের মৃত আলাউদ্দিনের ছেলে মাসুদ রানা (৪১) কে ৮/১০ জন দেশীয় অস্ত্র সস্ত্র ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করলে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিম’কে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

    উক্ত ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। অন্যদিকে, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জের একটি দল ১৩ জুন বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা চেষ্টা মামলার ২নং আসামী মোঃ রাশিদুল (২৮) ও ৩নং আসামী মোঃ রিংকু (২৪) কে গ্রেফতার করে। উল্লেখ্য, গত ১ জুন/২৫ মো: রানা বাবু (২৮) কে পূর্ব শত্রুতার জেরে পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে। উক্ত মামলার এজাহার নামীয় ২নং ও ৩নং আসামীকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। পৃথক ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • গাইবান্ধার এক সফল সংগ্রামী নারী কৃষি উদ্যোক্তা মমতাজ আকতার

    গাইবান্ধার এক সফল সংগ্রামী নারী কৃষি উদ্যোক্তা মমতাজ আকতার

    মমতাজ পল্লী উন্নয়ন মহিলা যুব সমিতি প্রতিষ্ঠা

    গাইবান্ধার এক সফল সংগ্রামী নারী কৃষি উদ্যোক্তা মমতাজ আকতার

    আনেকটা সংগ্রামী জীবন পর করেছেন জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর গ্রামের নারী কৃষি উদ্যোক্তা মমতাজ আকতার। নিজের দারিদ্রতা জয় করার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পেয়েছেন তিনি। নিজের সফলতার পর এলাকার অন্য নারীদের নানা বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে প্রায় অর্ধশত নারীকে আয় বৃদ্ধি মূলক কাজে সম্পৃক্ত করে স্বাবলম্বী করেছেন তিনি। ২০১৯ সালে ৬০ জন নারী সদস্য নিয়ে এলাকায় মমতাজ পল্লী উন্নয়ন মহিলা যুব সমিতি প্রতিষ্ঠা করেন এ নারী। যুব উন্নয়ন অধিদপ্তরের জাতীয় যুব পুরস্কার-২০২৪ লাভ করেন মমতাজ। তার এমন সফল্য অন্য নারীদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছেন তিনি। ১৯৯২ সালে জন্ম এ নারীর বাবার বাড়ি একই উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছোট জামালপুর গ্রামে। ছোটবেলা থেকে উদ্যমী এ নারী ২০০৮ সালে স্থানীয় বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন। নানা কারনে পিতার সংসারে থাকা অবস্থায় পড়ালেখা বন্ধ হয়ে যায় তার। এরপর ২০১০ সালে ১০ নভেম্বর দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বেলাল হোসেনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় মমতাজের। স্বামীর সংসারে এসে দারিদ্রতার কবলে পরেন মমতাজ। সংসারের দারিদ্রতা থেকে মুক্তি পেতে হাস-মুরগী ও ছাগল পালন শুরু করেন। এরপর উপজেলা যুব উন্নয়ন অফিসের মাধ্যমে ২০১৬ সালে গরু মোটাতাজা করনের উপর প্রশিক্ষণ গ্রহন করেন। পরে পর্যাক্রমে ২০১৭ সালে গাভী পালন, মিষ্টি তৈরি, ২০১৮ সালে নার্সারি এবং ২০১৯ সালে মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ নেন।

    এছাড়াও দর্জি বা টেইলারিং বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন এ নারী। প্রশিক্ষণ নিয়ে তিনি গরু মোটাতাজা, গাভী পালন, নার্সারি, জৈব সার উৎপাদন ও দেশিয় প্রজাতির মাছ চাষ শুরু করেন। এতে ভালো আয় হয় তার। দারিদ্রতা জয় করা এ নারী আবারো পড়ালেখা শুরু করেন এবং ২০২০ সালে বিশুবাড়ী কারিগরি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে ২০২১ সালে মমতাজ কম্পিউটার প্রশিক্ষন গ্রহন করেন। এখন এ নারী একজন সফল কৃষি উদ্যোক্তা হয়ে উঠেছেন। তার সহযোগিতা ও পরামর্শে প্রশিক্ষণ নিয়ে এলাকার অনেক নারী স্বাবলম্বী হয়েছেন। তার হাতধরে একই ইউনিয়নের দুর্গাপুর দক্ষিণপাড়া গ্রামের গোলাপী বেগম এখন বাড়ীতে দর্জির কাজ করেন। মিরুপাড়া গ্রামে এক নারী ১৮টি ছাগল পালন করছেন এবং দুর্গাপুর পশ্চিম পাড়া গ্রামের আতিকা গরু মোটাতাজার খামার শুরু করেছেন। নারী কৃষি উদ্যোক্তা মমতাজ আকতার বলেন, স্বামীর সংসারে এসে প্রথমে আভাব অনটন আর দারিদ্রতার মধ্যে দিন কাটিয়েছি। কোন বেলা না খেয়ে দিন পার করতে হয়েছে। আল্লাহর রহমত আর নিজের ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে কঠোর পরিশ্রমে মধ্য দিয়ে আমাদের সফলতা এসেছে। এখন আমরা অনেকটাই স্বাবলম্বী। হাস-মুরগী ও ছাগল পালন, গাভী পালন ও নার্সারি এবং জৈব সার উৎপাদন করছি। সব সময় স্বামী আমাকে সহযোগিতা করে আসছে। গ্রামে নতুন করে পাকা বাড়ী করেছি। গরু পালনের জন্য একটা সেট তৈরির কাজ চলছে। একমাত্র ছেলেকে লেখাপড়া করানো হচ্ছে। গ্রামের অনেক নারীকে নানা ধরনের কাজে সম্পৃক্ত করেছি। তারাও এখন আয় করছে দেখে ভালো লাগে। আমি চাই সবাই যেন নিজে কাজ করে আয় করে স্বাবলম্বী হতে পারে। কেউ যেন দারিদ্র হয়ে না থাকে। গ্রামের দরিদ্র নারীদের ছাগল পালন করতে দিয়েছি। ছাগলের প্রথম বাচ্চাটা সে নিবে, পরের বাচ্চটা আমি নেব। আর দুটি হলে একটা ছাগলের বাচ্চা তার, আরেকটা আমার। উপজেলা যুব উন্নয়ন অফিসার সত্য রনজন সাহা বলেন, মমতাজ যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে নানা আয় বৃদ্ধি মুলক কাজ করে আজ স্বাবলম্বী ও আত্মকর্মী হয়েছেন। ২০২৪ সালে তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের জাতীয় যুব পুরস্কারও পেয়েছেন। তাকে দেখে অন্য নারীরাও স্বাবলম্বী এবং আত্মকর্মী হবেন।

    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন, নারীরা এগিয়ে যাবে এটাই স্বাভাবিক। নারীদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রীক উন্নয়ন সম্ভব নয়। নারীদের আগ্রজাত্রায় অনুকরনীয় আদর্শ মমতাজ। নারীরা স্বাবলম্বী হলে দেশে দরিদ্রতা কমে আসবে, সেই সাথে বাল্যবিবাহ কমে আসবে বলে মনে করেন এ কর্মকর্তা। নারীদের ক্ষমতায়ন বাড়লে নারী নির্যাতন হ্রাস পাবে। উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের পাশাপাশি নারীদেরকে কৃষি বিষয়ক নানা প্রশিক্ষন দিয়ে আসছে। কৃষি কাজের সাথে যুক্ত হয়ে মমতাজ আকতার তার দারিদ্রতা জয় করতে পেরেছেন। এখন সে স্বাবলম্বী এক আত্মকর্মী হয়ে উঠেছেন। মমতাজের সফলতা অন্যকে অনুপ্রাণিত করবে। দেশে অনেক নারী তার দারিদ্রতা জয় করে স্বাবলম্বী হবে এবং নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে এমন প্রত্যাশা কৃষি বিভাগের।

  • পুলিশের হাতে ‘বড় মারণাস্ত্র’ রাখা হবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা

    পুলিশের হাতে ‘বড় মারণাস্ত্র’ রাখা হবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা

    পুলিশের হাতে আর ভারী মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, মারণাস্ত্র মানে বড় ধরনের হাতিয়ারগুলো থাকবে না। আপনারা জানেন এপিবিএনের রোল, আর অন্যান্য পুলিশের রোল কিন্তু এক না। একেকটা ইউনিট একেক রোলের জন্য তৈরি হয়েছে। আমাদের যদি কখনো যুদ্ধ করতে হয় তাহলে এরা (এপিবিএন) কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি যুদ্ধ করবে। অন্যরাও যুদ্ধ করবে, কিন্তু এপিবিএন ফ্রন্টে থাকবে। এজন্য তাদের হাতিয়ার অন্যান্য ইউনিটের চেয়ে ভিন্ন। যেমন ধরেন-নৌপুলিশের বেশি দরকার জলযান। আবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রয়োজন অন্য রকম সরঞ্জামের। শনিবার রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং র‌্যাব-১ এর কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে গত ১২ মে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে যে পুলিশের হাতে যেন আর কোনো মারণাস্ত্র না থাকে, এগুলো তাদের জমা দিয়ে দিতে হবে। কিন্তু আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে থাকবে। এ বিষয়ে শনিবার সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মারণাস্ত্র বলতে বুঝিয়েছি বড় ধরনের অস্ত্র থাকবে না। রাইফেল তো থাকবেই। এখন চাকুও তো একটা মারণাস্ত্র। ওটা দিয়েও তো মানুষ মেরে ফেলা যায়। বিগত ১০ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এইবার ঈদে কিন্তু খারাপ কোনো কিছু আপনারা রিপোর্ট করতে পারেননি। এতে বোঝা যায়, আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। ছোটখাট দু’একটা ঘটনা যে ঘটেনি তা না। দু-একটি চুরি-ছিনতাই হয়েছে। কিন্তু বড় ধরনের কোনো সমস্যা হয়নি। আপনারা দোয়া করবেন বড় ধরনের যেন কিছু না হয়। শনিবার সকালেই উত্তরায় এক কোটি টাকা ছিনতাই হয়েছে র‌্যাবের পোশাক পরে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাহাঙ্গীর আলম বলেন, “তিনি যদি র‌্যাবের হন, সেও ছাড়া পাবে না। অনেক সময় র‌্যাব-পুলিশের পোশাক পরে অনেকে অনেক অপকর্ম করছে; তারাও পার পাবে না। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গেল ৪ মাসে সাড়ে তিনশ’র বেশি মানুষ খুন এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটাকে নিয়ন্ত্রণের জন্য আমরা চেষ্টা করতেছি। আপনারা দুটো জিনিস করতে পারেন-দুর্নীতি কীভাবে কমায় আনা যায় এবং মাদক কীভাবে কমানো যায়। আমি বা আমার আইজি সাহেবের যদি কোনো দুর্নীতি পান, আপানারা লিখেন। সীমান্তে ভারতের পুশ ইন নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, আমরা ফরেন মিনিস্ট্রিতে জানিয়েছি। ভারতের যে হাই কমিশনার আছে, তিনি আমাদের অফিসে এসেছিলেন। আমরা বলেছি, আমাদের নাগরিক যদি অন্য দেশে থাকে- তাহলে তাদের আমরা অবশ্যই নেব, তবে একটা প্রপার চ্যানেলে আসতে হবে। জঙ্গলের ভেতরে ফেলে দেওয়া, কোনো একটা লেকের ওপর ফেলে দেওয়া, নদীর ওপর ফেলে দেওয়া-এসব কিন্তু খুবই অমানবিক কাজ হচ্ছে। এসময় পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না-পরিবেশ উপদেষ্টা

    সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না-পরিবেশ উপদেষ্টা

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তুলতে সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না। শনিবার (১৪ জুন) দুপুর পৌনে ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাফলং একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)। এখানকার পাথর কোয়ারিগুলো পরিবেশ ধ্বংস করছে। এগুলো পর্যটকের জন্য উপযোগী করে গড়ে তোলা হবে। শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ এলাকা নিয়ে একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। পরিবেশ উপদেষ্টা বলেন, অবৈধভাবে পাথর উত্তোলন করে জাফলং ও আশপাশের এলাকার পরিবেশ ধ্বংস করা হচ্ছে। অবিলম্বে অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে এরই মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এরকম অবৈধ কার্যক্রমের সঙ্গে কেউ জড়ালে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন। তিনি বলেন, ক্রাশার মেশিন দিয়ে অবৈধভাবে উত্তোলিত পাথর ভাঙা হচ্ছে, যা অনিয়ম ও পরিবেশের জন্য হুমকি। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে এসব ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিক বিচ্ছিন্ন করার নির্দেশ দেন তিনি। এছাড়াও জাফলংয়ের পর্যটন অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি। এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

  • দ্রুত মামলা নিষ্পত্তিতে কাজ করছে মন্ত্রণালয়- আসিফ নজরুল

    দ্রুত মামলা নিষ্পত্তিতে কাজ করছে মন্ত্রণালয়- আসিফ নজরুল

    দেশের বিচার ব্যবস্থায় জমে থাকা মামলার জট কমাতে এবং দ্রুত ও স্বল্প খরচে বিচার নিশ্চিত করতে আইন মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতেই আইন মন্ত্রণালয় কাজ করছে। আগামী মাস থেকে আইনগত সহায়তা প্রদান আইনের সংশোধনের কাজ শুরু হবে বলে তিনি জানান। শনিবার (১৪ জুন) রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) কার্যালয়ে ‘আইনগত সহায়তা প্রদান আইন (সংশোধন) অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ-২০২৫’ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ড. আসিফ নজরুল এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, আইনগত সহায়তা প্রদানে তিনটি প্রধান লক্ষ্য নিয়ে আইন সংশোধন করা হচ্ছে। তিনি জানান, বর্তমানে প্রতি বছর দেশে প্রায় ৫ লাখ নতুন মামলা দায়ের হয়, যার মধ্যে লিগ্যাল এইডের মাধ্যমে মাত্র ৩৫ হাজার মামলা নিষ্পত্তি হয়। এই হার বাড়িয়ে বছরে ২ লাখে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা সামগ্রিক মামলার সংখ্যা প্রায় ৪০ শতাংশ কমিয়ে আনবে। এই লক্ষ্য অর্জনে আইনের পরিবর্তন অপরিহার্য। বিশেষ করে, আপোষযোগ্য পারিবারিক মামলা, চেক ডিজঅনার সহ ছোট ছোট মামলাগুলোকে আপোষের মাধ্যমে বাধ্যতামূলক নিষ্পত্তির আওতায় আনা হবে। ড. আসিফ নজরুল আরও বলেন, আদালতে মামলার অস্বাভাবিক চাপ শুধু বিচারিক কাঠামোকে নয়, ন্যায়বিচার প্রাপ্তির সম্ভাবনাকেও প্রশ্নবিদ্ধ করে। এই চাপ কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অউজ) পদ্ধতিকে আরও গুরুত্ব দিতে হবে। তার মতে, নতুন মামলার চাপ কমানোর জন্য মামলার পূর্বে আপস-মধ্যস্থতা বাধ্যতামূলক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সময়ে ও অল্প খরচে মামলার নিষ্পত্তি নিশ্চিত করতে সিভিল প্রসিডিউর কোড ইতোমধ্যেই সংশোধন করা হয়েছে। ফৌজদারি কার্যবিধি সংস্কারের কাজও দ্রুত এগিয়ে চলছে এবং আগামী এক মাসের মধ্যে এটি সম্পন্ন হবে। এছাড়া, লিগ্যাল এইডের মামলা নিষ্পত্তির জন্য একজন বিচারকের পরিবর্তে তিনজন বিচারক নিয়োগ দেওয়া হবে বলেও আইন উপদেষ্টা জানান। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীর মধ্যে ছিলেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক আজাদ সুবহানি, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. খোরশেদ আলম, ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার সায়েম খান এবং বিভিন্ন জেলা ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। তারা লিগ্যাল এইড কার্যক্রমের প্রচারে ঘাটতির বিষয়টি তুলে ধরেন এবং জানান যে, গ্রামাঞ্চলের অনেক গরিব মানুষই সরকারের এই আইনি সহায়তা সম্পর্কে অবগত নয়। এই সেবার প্রচার বাড়ানোর এবং বিভাগীয় পর্যায়ে অংশীজনদের সাথে মতবিনিময়ের মাধ্যমে পরামর্শ গ্রহণের সুপারিশ করেন।

  • দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত-৫ ॥ আহত-৭

    দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত-৫ ॥ আহত-৭

    দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ৭ জন। হতাহতদের উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। শনিবার (১৪ জুন) ভোর রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট নুরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক হতাহতের ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ রয়েছে। নিহতরা হলেন-পঞ্চগড় জেলার বোদা উপজেলার সেনাসদস্য এরশাদ হোসেন ওরফে রাসেদ (২৫), একই উপজেলার হাসেমের মেয়ে তামান্না আক্তার (২৫) ও বাসের হেলপার নওগাঁ সদরের পারমিকার গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আমিনুল ইসলাম (৩০)। আহতরা হলেন-পঞ্চগড়ের বোদা উপজেলার শহর কুমারী এলাকার মতিয়ার রহমানের ছেলে সাকিব হোসেন ও তার স্ত্রী মৃত্তিকা, একই উপজেলার ইসলামপুর এলাকার নাসিমা বেগম, বালাভিট এলাকার জসিম উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম, দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকার আব্দুল মাওলানার ছেলে রানা হোসেন এবং ঢাকার মতিঝিল এলাকার সুরু মিয়ার ছেলে ফকরুল ইসলাম। পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস যাত্রীদের নিয়ে ঢাকায় যাচ্ছিলো। এসময় ঘোড়াঘাট পৌরসভার নুরজাহানপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধারে আমবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। বাসটি সড়কে থেমে থাকা ট্রাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনে দরজার পাশের অংশটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। আহত ৭ জনের মধ্যে ৫ জনকে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। প্রত্যক্ষদর্শী মজিবর রহমান জানান, আম বোঝাই একটি ট্রাকের ঢালার (ক্যাবিনের পিছনের অংশ) ত্রুটি দেখা দেয়। এসময় রাস্তার পাশে দাঁড় করিয়ে ট্রাক থেকে আমের ক্যারেট রাস্তার পাশে রাখার কাজ চলছিলো। তার কিছু সময় পর আরও একটি বালু বোঝাই ট্রাকের চাকা পামচার হওয়ায় সেই ট্রাকের চাকার পরিবর্তনের কাজ চলছিলো। হঠাৎ একটি যাত্রীবাহী কোচ প্রথমে আমের মিনি ট্রাক এবং পরে বালু বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে কোচ গাড়িটির বাম অংশ বালু বোঝাই ট্রাকের ঢালার ভিতরে অর্ধেক অংশ ঢুকে যায় এবং কোচ গাড়ির বাম অংশ সামনে থেকে অন্তত পনেরোটি সিট দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে।

  • ঠাকুরগাঁও সীমান্তে বাড়ছে উদ্বেগ ॥ আবারও ২৩ জনকে বিএসএফ’র পুশইন

    ঠাকুরগাঁও সীমান্তে বাড়ছে উদ্বেগ ॥ আবারও ২৩ জনকে বিএসএফ’র পুশইন

    ঠাকুরগাঁও সীমান্তে বাড়ছে উদ্বেগ ॥ আবারও ২৩ জনকে বিএসএফ’র পুশইন

    ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ধরপাকড় জোরদার হওয়ার পর থেকেই বাংলাদেশে পুশইন থামছে না। সর্বশেষ শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ আরও ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি সূত্রে জানা গেছে, পুশ ইন হওয়া ২৩ জনের মধ্যে পাঁচজন পুরুষ, ১২ জন নারী ও ছয়জন শিশু রয়েছে। দিনাজপুরের ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “এরা বাংলাদেশের নাগরিক কি না, তা যাচাই-বাছাইয়ের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল পুশইন এর বিষয়টি নিশ্চিত করেন। সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে জানিয়ে ঠাকুরগাঁওয়ের ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহম্মদ বলেন, সাম্প্রতিক সময়ে পুশ ইন-এর প্রবণতা বেড়েছে। জনগণকে সম্পৃক্ত করে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় বিজিবি নিয়মিতভাবে পতাকা বৈঠকের মাধ্যমে কূটনৈতিক প্রতিবাদ জানিয়ে আসছে। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, ভারতের আসাম রাজ্যসহ অন্য এলাকা থেকে পুশইন কার্যক্রম আরও জোরালো হতে পারে। সূত্রটির দাবি, ভারতের রায়গঞ্জ শহরে সরকারি নিরাপত্তা ব্যবস্থায় তিন থেকে চার শতাধিক বাংলা ভাষাভাষী নারী, শিশু ও বিভিন্ন বয়সের মানুষকে রাখা হয়েছে। সুযোগ পেলেই তাদের বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা চালাচ্ছে ভারতীয় প্রশাসন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ঠাকুরগাঁ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন পুশইন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে জোরালো প্রতিবাদ করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন শিক্ষার্থী জয়নাল আবেদীন বলেন, এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি মানবিক ট্রাজেডি। বৈরী মনোভাব থেকে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। ভারত ও বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলোর এ বিষয়ে সোচ্চার হওয়া দরকার।

  • লালমনিরহাটের তিন সীমান্তে ১২ জনকে পুশইন

    লালমনিরহাটের তিন সীমান্তে ১২ জনকে পুশইন

    লালমনিরহাটের তিন সীমান্তে ১২ জনকে পুশইন

    লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার তিনটি সীমান্ত দিয়ে আবারও ১২ জন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। পরে সীমান্তবর্তী লোকজনের সহযোগিতায় শনিবার সকালে তাদের আটক করে বিজিবি। জানা গেছে, হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি সীমান্ত থেকে ৩ জন, একই উপজেলার বড়খাতা ইউনিয়নের পুর্ব সারডুবী সীমান্ত থেকে ৩ জন ও পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্ত থেকে ৬ জনকে আটক করে বিজিবি। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম জানান, আটকদের নিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-র সাথে আলোচনা হচ্ছে। তারা ভারতীয় না বাংলাদেশী তা যাচাই হওয়ার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

  • পাবনায় আগাম বন্যা ॥ তলিয়েছে ১২০ হেক্টর জমির ধান

    পাবনায় আগাম বন্যা ॥ তলিয়েছে ১২০ হেক্টর জমির ধান

    পাবনায় আগাম বন্যা ॥ তলিয়েছে ১২০ হেক্টর জমির ধান

    পাবনা জেলার চাটমোহর উপজেলায় নিমাঞ্চলে আগাম বন্যা আসায় প্রায় ১২০ হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ৪০০ কৃষক পরিবার ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এসব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে পাবনা জেলা প্রশাসন। জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি ক্ষতিগ্রস্ত প্রত্যেক কৃষক পরিবারকে ৩০ কেজি করে মোট ১২.০০ মে.টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বরাদ্দকৃত চাল ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম জানান, আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে খাদ্য সংকট মোকাবেলায় তাৎক্ষণিকভাবে খাদ্যশস্য বরাদ্দ প্রদান করা হয়েছে এবং পরবর্তী কৃষি প্রণোদনা প্রদানের ক্ষেত্রে উক্ত তালিকাভূক্ত ক্ষতিগ্রস্ত কৃষকগণ অগ্রাধিকার পাবেন।