Blog

  • পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস- পরিকল্পনা উপদেষ্টা

    পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস- পরিকল্পনা উপদেষ্টা

    পদত্যাগ করবেন না প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি।’ শনিবার (২৪ মে) দুপুরে রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠক শেষে পরিকল্পনা উপেদষ্টা সাংবাদিকদের এ কথা জানান। তার আগে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়ে বেলা ২টা ২০ মিনিটের দিকে বৈঠক শেষ হয়। এর আগে এনইসি সম্মেলনকক্ষে বেলা ১১টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়। দুপুর সোয়া ১২টার দিকে একনেক সভা শেষ হয়। সভা শেষ হওয়ার পরই এই অনির্ধারিত বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা অংশ নেন।
    জরুরি কাজ থাকায় বেলা দুইটার একটু পরে বৈঠক থেকে বের হয়ে আসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, বৈঠকে নির্বাচন, সংস্কার এবং জুলাই ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করা হবে। এ সময় তিনি প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে কিছু বলেননি। এর কিছু পরে পররাষ্ট উপদেষ্টা তৌহিদ হোসেন ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বের হতে দেখা যায়। সভা সূত্রে জানা যায়, উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি। একনেক বৈঠক শেষে একে একে মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনাসচিবসহ সব সরকারি কর্মকর্তাকে এনইসি কক্ষ থেকে বের হয়ে যেতে দেখা গেছে। চলমান রাজনৈতিক অস্থিরতায় উপদেষ্টা পরিষদের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। আজ বিকেলে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

  • চাঁপাইনবাবগঞ্জে ভূমি মেলা উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স

    চাঁপাইনবাবগঞ্জে ভূমি মেলা উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স

    চাঁপাইনবাবগঞ্জে ভূমি মেলা উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স

    ভূমি মেলা-২০২৫ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় জেলা প্রশাসনের আয়োজনে ও ‘ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপণা অটোমেশন প্রকল্পের সহযোগিতায়’ নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি’ এ স্লোগানে এতে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী এই মেলার বিস্তারিত কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইকতেখারুল ইসলাম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা। আরো উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ২৫ মে রবিবার সকাল ১১টায় সদর উপজেলা ভূমি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত হবে। মেলায় থাকছে ভূমিসেবা স্টল, অডিও-ভিডিও উপস্থাপনা, তথ্যবহুল বুকলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা, গণশুনানি, মতামত ও পরামর্শ গ্রহণ, ভূমি আড্ডা ও সেমিনারের আয়োজন। মেলার সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে জেলা প্রশাসনের এবং উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে ৬টি স্টল। যেখানে জেলা ও উপজেলা ভূমি অফিসের ভূমিসেবা, জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখা ও রেকর্ড রুম, জরিপ এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবা প্রদান করা হবে। এছাড়াও দেশের যে কোনো প্রান্তের নাগরিকরা এই মেলা থেকে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদনসহ অন্যান্য ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন। ভূমি ব্যবস্থাপনায় জনগণের সরাসরি অংশগ্রহণ ও সেবাপ্রাপ্তির অভিজ্ঞতা আরও সহজ ও ডিজিটাল করার লক্ষ্যেই এ মেলার আয়োজন-এমনটাই প্রেস কনফারেন্সে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।

  • আদিনা কলেজে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

    আদিনা কলেজে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

    আদিনা কলেজে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

    জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২৪ মে) অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার ও বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আসগার হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মোঃ আব্দুর রহিম প্রমুখ। কবিতা আবৃত্তি করে ইংরেজি বিভাগের প্রভাষক ইফফাত আরা, বাংলা বিভাগের প্রভাষক মাহবুর রহমানসহ শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষপর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ইউসুফ আলী।

  • সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা নিবেদন

    সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা নিবেদন

    সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি। শনিবার সকালে শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সংবাদমাধ্যমকে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, যুবশক্তি কখনো অন্য দলের যুব সংগঠনের মত হবে না। ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না। দেশের মূল চালিকাশক্তি এই যুব সমাজকে কাজে লাগানোর লক্ষ্য নির্ধারন করেছি আমরা। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান রাখবে যুবশক্তি। অনতিবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই ঘোষনাপত্রের ইস্যুকে বাধাগ্রস্থ করার জন্য অনেক অপশক্তি যারা রাজপথে সক্রিয় আছে। জাতীয় যুবশক্তি জুলাই ঘোষনাপত্র বাস্তবায়ন করতে রাজপথে কর্মসূচী ঘোষনা করা ও তা বাস্তবায়নের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, আমরা চাই দেশের এই বিশাল জনশক্তি রাষ্ট্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভিন্ন মাত্রার শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে জাতীয় যুবশক্তি। সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী বলেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করে যাবে জাতীয় যুবশক্তি। এ সময় জাতীয় যুব শক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • এনসিপি নেতা সারজিস আলমকে লিগ্যাল নোটিশ

    এনসিপি নেতা সারজিস আলমকে লিগ্যাল নোটিশ

    হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন সারজিস আলমকে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। লিগ্যাল নোটিশে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিত ও সংবাদ সম্মেলন করে প্রকাশ্য ক্ষমা চাইতে বলা হয়েছে সারজিস আলমকে। এর আগে, গত ২২ এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়াতে বাধা নেই বলে রায় দেয় হাইকোর্ট। যা নিয়েই ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সারজিস আলম। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তখন লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?’

  • ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ দিলেন ডা. জুবাইদা রহমান

    ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ দিলেন ডা. জুবাইদা রহমান

    দেশের তরুণ প্রজন্ম এবং ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে জেডআরএফ কার্যালয়ে ‘ভার্চ্যুয়াল বিজ্ঞান মেলা-২০২৪’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ উৎসাহ দেন। শুক্রবার বিজ্ঞান মেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর জেডআরএফ’র বোর্ড অব ডিরেক্টরস কমিটির সদস্য এবং উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেন ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে জেডআরএফ’র প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বিভিন্ন কর্মকান্ডের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। প্রতিযোগী ও বিজয়ীদের উদ্দেশে ডা. জুবাইদা রহমান বলেন, ‘ক্ষুদে বিজ্ঞানীদের মেধা, অধ্যবসায় এবং আত্মনির্ভরশীলতা সত্যিই অসাধারণ এবং আমাদেরকে মুগ্ধ করেছে। আমি প্রত্যাশা করি, তোমরা তোমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে স্বার্থক হও এবং বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জল কর। বিজ্ঞানের প্রতি তোমাদের যে মমত্ববোধ সেটি দেখে আশা করি ভবিষ্যতে তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমস্ত মানুষের জন্য কিছু করবে। ইনশআল্লাহ আমাদের সকলের সহযোগিতা থাকবে। তিনি বলেন, ‘বিজ্ঞানের জগতে যেকোনো সময় যেকোনো রকম প্রশ্ন তোমাদের থাকলে সে বিষয়ে তোমরা বিচারকমণ্ডলীর কাছে যেতে পার। তারা তোমাদের অনুপ্রেরণা দিয়েছেন, পথ দেখিয়েছেন। বিজ্ঞান চর্চার কোনো শেষ নেই। এরমাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে। আমার বিশ্বাস তোমরা তা পারবে। তোমরা ভবিষ্যতে ইনশআল্লাহ নিজ নিজ ক্ষেত্রে স্বার্থক হয়ে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জল করবে। জুবাইদা রহমান গত ২৩-২৪ বছর ধরে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত জেডআরএফ’র কার্যক্রমের প্রশংসা করে বলেন, ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন সমাজ সেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত। এজন্য আমি ফাউন্ডেশনের সকল সদস্য সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই প্রায় ২৬ বছর ধরে বাংলাদেশের এবং কিছু কিছু ক্ষেত্রে বিদেশের আপামর জনতার পাশে দাঁড়ানোর জন্য। জেডআরএফ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের ভার্চ্যুয়াল সভাপতিত্বে এবং ডাইরেক্টর (প্রোগ্রাম) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
    মূলত শিশু-কিশোর ও নতুন প্রজন্মের মাঝে বৈজ্ঞানিক উদ্ভাবন ও সর্বোতভাবে বিজ্ঞান চর্চার অনুপ্রেরণাকে লক্ষ্য করে গত ৪ বছর ধরে ভার্চ্যুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করছে জেডআরএফ। এই ভর্চ্যুয়াল বিজ্ঞান মেলা ডা. জুবাইদা রহমানের মস্তিষ্কপ্রসূত ধারণা। মেলায় বিজয়ী ১৭ জনের মাঝে পুরস্কার (ল্যাপটপ) ও সনদ বিতরণ করা হয়। ভার্চুয়াল বিজ্ঞান মেলার আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, বিশেষ সমন্বয়ক ছিলেন ড. এস এম সোহাগ আউয়াল।
    এদিকে বিজ্ঞান মেলায় বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়ার পাশাপাশি জেডআরএফ’র বোর্ড অব ডাইরেক্টরস ও উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেন ডা. জুবাইদা রহমান। তারেক রহমানকে প্রেসিডেন্ট ও ডা. জুবাইদা রহমানকে ভাইস প্রেসিডেন্ট করে ২০২৪ সালের ১৪ নভেম্বর ২৩ সদস্যের পরিচালনা পর্ষদ ‘বোর্ড অব ডাইরেক্টরস কমিটি’ গঠন করে জেডআরএফ। এছাড়া ৭ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়।
    অনুষ্ঠানে পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম (ফাইন্যান্স), ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী (প্ল্যানিং), কৃষিবিদ খন্দকার মাহফুজুল হক বাচ্চু (প্রোগ্রাম), প্রকৌশলী মাহবুব আলম (প্রোগ্রাম), অধ্যাপক ড. লুৎফর রহমান (প্রোগ্রাম), অ্যাডভোকেট মোহাম্মদ আলী (প্রোগ্রাম), আমিরুল ইসলাম কাগজী (প্রোগ্রাম), অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, কৃষিবিদ আনোয়ারুননবী মজুমদার বাবলা, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ব্যারিস্টার মীর হেলাল, অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন, প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম, কৃষিবিদ শফিউল আলম দিদার, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী ও হাফিজ আল আসাদ সাঈদ খান। উপদেষ্টাদের মধ্যে ছিলেন, ডা. এএস হায়দার পারভেজ, কৃষিবিদ অধ্যাপক ড. আব্দুল করিম, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ও প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ। এছাড়াও বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম শামসুল ইসলাম শামস, তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমেদ, অ্যাডভোকেট মেহেদুল ইসলাম, জেডআরএফ’র ডা. পারভেজ রেজা কাকন, ডা. মাসুদ আখতার জীতু, ডা. সাজিদ ইমতিয়াজ, মেহেদী হাসান সোহেল, প্রকৌশলী আদনান রুশদী, সাংবাদিক শফিকুল ইসলাম, প্রকৌশলী আসিফ হোসেন রচিসহ অনেকেই। এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে প্রকাশ্যে কোনো কর্মসূচিতে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান। দীর্ঘ ১৭ বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে গত ৬ মে দেশে ফিরেন ডা. জুবাইদা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। এরপর একে একে ১৭টি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি ডা. জুবাইদা রহমান। স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান ব্যারিস্টার জেইমা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করছিলেন।
    উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষায় ১৯৯৯ সালের ১৮ অক্টোবর জিয়াউর রহমান ফাউন্ডেশন গঠন করা হয়, যার চেয়ারম্যান তারেক রহমান। ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা- এনে দেবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’-এই স্লোগান নিয়ে এই অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনটি গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

  • রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে দিনব্যাপী কর্মশালা

    রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে দিনব্যাপী কর্মশালা

    রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে দিনব্যাপী কর্মশালা

    রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজ শিক্ষক মিলনায়তনে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা/২০২৫ সংক্রান্ত এক ব্যতিক্রম ধর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ মে) সকাল ১০টা থেকে দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব ইমতিয়াজ মাশরুর। বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, সরকারি অধ্যাপক সাদিকুল ইসলাম (বাংলা), সহকারী অধ্যাপক তোজাম্মেল হোসেন, জ্যেষ্ঠ প্রভাষক ডক্টর মিজানুর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক মশিউর রহমান,জ্যেষ্ঠ প্রভাষক কামাল হোসেন, জ্যেষ্ঠ প্রভাষক নাজিমউদ্দীন সরকার, প্রভাষক নিয়ামুল হক বিজয়সহ অন্যরা। কারিগরি সহযোগিতায় ছিলেন জ্যেষ্ঠ প্রভাষক আবু রায়হান।

  • লংমার্চ টু ঢাকা এর প্রতিবাদে পবিস-২ ভালুকায় র‌্যালী ও প্রতিবাদ সভা

    লংমার্চ টু ঢাকা এর প্রতিবাদে পবিস-২ ভালুকায় র‌্যালী ও প্রতিবাদ সভা

    ময়মনসিংহের ভালুকায় ময়মনসিংহ পল্লীবিদ্যুত সমিতি-২ এর র‌্যালী ও প্রতিবাদ সভা হয়েছে। জানা যায়, রাষ্ট্রদ্রোহ মামলায় পল্লী বিদ্যুতের চাকুরী হতে বরখাস্তকৃত কিছু উশৃঙ্খল কর্মকর্তা ও কর্মচারী বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য গত ২১মে লং মার্চ টু ঢাকা নামক কর্মসুচী পালনের নামে ষড়যন্ত্রে
    লিপ্ত রয়েছে। উক্ত আন্দোলনের প্রতিবাদে শুক্রবার (২৩মে) বিকেলে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার এর নেতৃত্বে সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীর উপস্থিতিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তাগণ বর্তমান সরকারের নীতিমালা মোতাবেক পরিচালিত হয়ে কেহ যাতে বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সবাই তৎপর থাকতে অঙ্গীকারবদ্ধ হয়ে উন্নত ও মানসম্মত গ্রাহক সেবা প্রদানের প্রতিশ্রুতি জানান। এ সকল বরখাস্তকৃত উশৃঙ্খল কিছু কর্মকর্তা/কর্মচারীগণের অশুভ তৎপরতা প্রতিহত করা সহ কিভাবে আরো উত্তম গ্রাহক সেবা নিশ্চিত করা যায়, সে বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/কর্মচারী গণ অঙ্গীকারবদ্ধ। সরকারের বিধিবিধান ও বাপবিবোর্ডের নীতিমালা প্রতিপালন করে সর্বদা উত্তম গ্রাহক সেবা প্রদানে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা/কর্মচারীগন প্রতিশ্রুতি পূনঃব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন মো: আকমল হোসেন জিএম, মো আ: মজিদ ডিজিএম, ইমরুল হাসান মাসুদ এজিএম এইচআর, আশরাফ উদ্দিন, এজিএম এমএসসহ সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগন।

  • নাটোরে পাট ক্ষেতে গাঁজা চাষের অভিযোগে নারী আটক

    নাটোরে পাট ক্ষেতে গাঁজা চাষের অভিযোগে নারী আটক

    নাটোরের লালপুর উপজেলার বড়বড়িয়া গ্রামে পাটক্ষেতে কৌশলে গাঁজার চাষ করে আসছিলেন বশির উদ্দিন ও তার স্ত্রী চম্পা বেগম। খবর পেয়ে শনিবার (২৪ মে) ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালায়। এ সময় আসছিলেন বশির উদ্দিনের স্ত্রী চম্পা বেগমকে আটক করা হয়। তবে তার স্বামী বশির উদ্দিন পলাতক রয়েছেন। জানা যায়, অভিযানে চম্পা বেগমের বাড়ি থেকে ৫০৫ গ্রাম শুকনো গাঁজা এবং বাড়ির পেছনের পাট ক্ষেত থেকে তিনটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। লালপুর থানার ওসি মমিনুজ্জামান জানান, পাটক্ষেতে অভিনব পদ্ধতিতে গাঁজা চাষের বিষয়টি সেনাবাহিনীর সহযোগিতায় উন্মোচন করা সম্ভব হয়েছে। আটক নারী ও তার স্বামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পলাতক স্বামী বশির উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ মজনু গ্রুপের ৫ চাঁদাবাজ গ্রেপ্তার

    রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ মজনু গ্রুপের ৫ চাঁদাবাজ গ্রেপ্তার

    রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ মজনু গ্রুপের ৫ জন চাঁদাবাজ ও ডাকাত চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন, কালুখালী উপজেলার জামালপুর, সাওরাইল এলাকায় চিহ্নিত মজনু গ্রুপের চাঁদাবাজ ও ডাকাত চক্রের সদস্য মো. মজিবুর রহমান, সাজেদা বেগম, আবু সায়েম, মো. সুলতান আলী মোল্লা ও জসিম মন্ডল। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের জামালপুর, সাওরাইল এলাকায় মো. মজিবুর রহমানের বাসায় অভিযান চালিয়ে ১টি ৯ মি. মি. পিস্তল (মেড ইন ইউএসএ), ১টি পিস্তলের ম্যাগাজিন, ১৫ রাউন্ড গোলাবারুদ, ৩টি ওয়ান শুটার বন্দুক, ১টি ব্যাটন, ২টি ছুরি, ১টি হকিস্টিক, ৩টি স্মার্টফোন, ৩টি বাটন ফোন, ৩টি জাতীয় পরিচয়পত্র, ২টি চেকবই, ২টি মদের বোতল, ২টি এটিএম কার্ড, ৩টি পাসপোর্ট, ১টি লেজার পয়েন্টার এবং ১টি ড্রাইভিং লাইসেন্সসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা মজনু গ্রুপের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে পাংশা ও কালুখালী উপজেলায় সংঘবদ্ধভাবে চাঁদাবাজি ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের এবং উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি আইনি কার্যক্রম সম্পন্নের জন্য কালুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর এ সফল অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলিসহ মজনু গ্রুপের ৫ জন চাঁদাবাজ ও ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।