সাংবাদিক নাদিম হত্যা ॥ হোতা ইউপি চেয়ারম্যান বাবু পঞ্চগড় থেকে গ্রেপ্তার

সাংবাদিক নাদিম হত্যা ॥ হোতা ইউপি চেয়ারম্যান বাবু পঞ্চগড় থেকে গ্রেপ্তার

জামালপুরের সাংবাদিক গোলাম রববানী নাদিম খুনের ‘হোতা’ হিসেবে চিহ্নিত স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার তাকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেদককে নিশ্চিত করেছেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মো. মাহাবুব আলম। তিনি বলেন, গ্রেপ্তার অভিযানের বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে। পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, ঢাকা থেকে র‌্যাবের একটি টিম এসে তাকে দেবীগঞ্জ (উপজেলা) থেকে ধরে নিয়ে গেছে। বাবু এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে থেকে ভারতে পালানোর পথ খুঁজছিলেন বলে স্থানীয় এক সূত্র জানিয়েছে। দেবীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন জানান, র‌্যাব তার (বাবু) এক আত্মীয়ের বাসা থেকে তিনজনকে ধরে নিয়ে গেছে বলে আমরা জেনেছি। বাবু জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক ছিলেন। সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। নিহত নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি ছিলেন। গত বুধবার রাতে উপজেলার পাটহাটি মোড়ে একদল দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে ফেলে রেখে যায়; ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান। নাদিমের পরিবারের অভিযোগ, প্রকাশিত সংবাদের জের ধরে নাদিমকে পেটানো হয়েছিল, সেখানে ইউপি চেয়ারম্যান বাবু নিজেও উপস্থিত ছিলেন। ঘটনার পর ইউপি চেয়ারম্যান বাবু পালিয়ে ছিলেন। এই হত্যাকাণ্ডে জড়িত ১০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে জামালপুর জেলা পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *