রেকর্ড রুমের গ্রিল কেটে নথিপত্র চুরি

রেকর্ড রুমের গ্রিল কেটে নথিপত্র চুরি

দিনাজপুরের পার্বতীপুরে রেকর্ড রুম থেকে প্রয়োজনীয় নথিপত্র চুরির ঘটনা ঘটেছে। সম্প্রতি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিসে এ ঘটনা ঘটে। এদিকে, বিষয়টি নজরে আসলে থানা পুলিশের দ্বারস্থ হন সংশ্লিষ্টরা। জানা গেছে, দীর্ঘদিন যাবত পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরের উত্তর পাশে উপজেলা সেটেলমেন্ট ও সহকারী কমিশনার (ভূমি) অফিসের কার্যক্রম একই ভবনে চলে আসছিল। বছর খানেক আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় অন্যত্র স্থানান্তর করা হয়। সেই সঙ্গে পূর্বের রেকর্ডরুম থেকে প্রয়োজনীয় নথিপত্র নতুন ভবনে নেয়া হলেও কিছু কিছু নথিপত্র সেখানে রাখা হয়। পর্যাপ্ত তদারকির সুযোগকে কাজে লাগায় দুর্বৃত্তরা। রেকর্ড রুমের বাইরের গ্রিল কাটার পর তালা ভেঙে ১০ থেকে ১৫ বান্ডিল নথিপত্র চুরি করে নিয়ে যায় তারা। চুরি যাওয়া নথিপত্র ১৯৭০-৭১ সালের দিকের বলে জানা গেছে। রোববার (১২ মে) সকালে বিষয়টি নজরে আসলে নড়েচড়ে বসেন সংশ্লিষ্টরা। ঘটনার বিবরণী উল্লেখ করে ভূমি অফিসের পক্ষ থেকে বুধবার পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পার্বতীপুর উপজেলা কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর জানান, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তবে, এসব নথিপত্র অতি প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ নয় বলেও জানান। তিনি আরো বলেন, জমির খারিজের নথিপত্র সর্বোচ্চ ১২ বছর সংরক্ষণের নিয়ম রয়েছে। খোয়া যাওয়া এসব নথি কয়েক যুগ আগের বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *