ছয়দিন পর বরিশাল থেকে লঞ্চ চলাচল শুরু

ছয়দিন পর বরিশাল থেকে লঞ্চ চলাচল শুরু

চলমান পরিস্থিতিতে ছয়দিন বন্ধ থাকার পর বরিশাল থেকে বরিশাল-ঢাকা ও ঝালকাঠি-চাঁদপুর-ঢাকা নৌপথের লঞ্চ চলাচাল শুরু হয়েছে। বরিশাল নৌ-বন্দর থেকে শনিবার রাতে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। শুক্রবার রাত ৯টায় যাত্রী নিয়ে একটি লঞ্চ বরিশাল নৌ-বন্দর ত্যাগ করেছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক রিয়াদ হোসেন। এছাড়াও ঝালকাঠি থেকেও একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানান তিনি। রিয়াদ হোসেন বলেন, বরিশালে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চ বরিশাল নৌ-বন্দর থেকে ছেড়ে গেছে। একইভাবে ঝালকাঠি থেকে এমভি সুন্দরবন-১২ লঞ্চটি ছেড়ে গেছে। এ লঞ্চটি চাঁদপুরে ঘাটেও ভিড়বে। তবে লঞ্চ ছাড়ার সময় ঢাকায় কারফিউ শিথিল না থাকায় সদরঘাট থেকে কোন লঞ্চ না ছাড়ার সিদ্ধান্ত রয়েছে। এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সুপারভাইজার মো. মাসুদ বলেন, একটিমাত্র লঞ্চ চালু থাকায় যাত্রীর চাপ কিছুটা বেশি। এদিকে, লঞ্চ চালু হওয়ায় খুশি যাত্রীরাও।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর কারফিউর কারণে গত ২০ জুলাই থেকে বরিশাল-ঢাকাসহ দক্ষিণাঞ্চলের সব রুটের লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। কারফিউ শিথিল হওয়ায় গত তিনদিন ধরে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হলেও দূরপাল্লার লঞ্চ বন্ধ ছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *