কোটা আন্দোলন-হত্যার প্রতিবাদে গাইবান্ধায় উদীচীর সাংস্কৃতিক সমাবেশ

কোটা আন্দোলন-হত্যার প্রতিবাদে গাইবান্ধায় উদীচীর সাংস্কৃতিক সমাবেশ

কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে গাইবান্ধা শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে সাংস্কৃতিক সমাবেশ করে উদীচী জেলা সংসদ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা ও রাষ্ট্রীয় দমন-পীড়নের প্রতিবাদে গাইবান্ধায় সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার গাইবান্ধা শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে এ সমাবেশের আয়োজন করে উদীচী জেলা সংসদ। উদীচী গাইবান্ধা জেলা সংসদের সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, উদীচী গাইবান্ধা জেলা সংসদের উপদেষ্টা ওয়াজিউর রহমান রাফেল, সংস্কৃতিকর্মী শিরিন আকতার, সাংবাদিক আফরোজা লুনা। বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী এসব হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। শান্তিপূর্ণ আন্দোলন দমনে অনাকাঙ্ক্ষিত বলপ্রয়োগের যে ঘটনা দেখা গেছে, তা কখনোই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কাম্য নয়। তারা আরও বলেন, একই সঙ্গে আন্দোলনের সুযোগ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় যে নজিরবিহীন নাশকতা চালানো হয়েছে, তাও নিন্দনীয়। সমাবেশে প্রতিবাদী গান-কবিতা পরিবেশন করেন, চুনি ইসলাম, সুহানা রহমান আঁচল, পরোমাসহ উদীচীর শিল্পীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *