দীর্ঘদিন পর আবারও চালু হচ্ছে রাজশাহী টেক্সটাইল মিল

দীর্ঘদিন পর আবারও চালু হচ্ছে রাজশাহী টেক্সটাইল মিল

দীর্ঘ প্রায় ২২ বছর পর রাজশাহী টেক্সটাইল মিল ‘বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড’ হিসেবে পুনরায় চালু হতে যাচ্ছে। বাংলাদেশ টেক্সটাইল মিল করপোরেশনের সঙ্গে প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের আওতায় এই মিলটি চালু করতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষ স্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। সোমবার রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল। তিনি বলেন, প্রায় ২৬ একর আয়তনের এই কারখানাকে প্রাণ-আরএফএল পরিণত করতে চায় উত্তরবঙ্গের সর্ববৃহৎ পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠানে। শতভাগ রপ্তানিমুখী এ কারখানায় তৈরি করা হবে বিভিন্ন ব্যাগ, জুতা ও তৈরি পোশাক। এছাড়া এখানে একটি আধুনিক কল সেন্টার প্রতিষ্ঠা করা হবে। দুই বছরের মধ্যে ১২ হাজার মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে প্রায় ৩৫০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা নেওয়া হয়েছে। কামরুজ্জামান কামাল বলেন, ইতোমধ্যেই কারখানায় জুতা ও ব্যাগ উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে রাজশাহী অঞ্চলের প্রায় এক হাজার লোক কাজের সুযোগ পেয়েছেন। আরও এক হাজার লোক নিয়োগের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, দেশের উন্নয়নের জন্য ঢাকাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে। তাই আমরা উত্তরবঙ্গে এই বৃহৎ শিল্প প্রকল্প শুরু করেছি। এই কারখানাটি হবে সম্পূর্ণ সাসটেইনেবল গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেখানে থাকবে সোলার এনার্জি, গ্রিন জোন ও ওয়াটার রিসাইক্লিং ব্যবস্থা। কারখানাটি শতভাগ রপ্তানিমুখী হবে। এসময় উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের মাল্টি লাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার তৌহিদুজ্জামান ও বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড কারখানার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজান শরীফ উদ্দিন আহমেদসহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *