ভালুকায় ভাড়াটিয়ার ছুরিকাঘাতে বাড়িওয়ালা খুন ॥ ঘাতক আটক
ময়মনসিংহের ভালুকায় পাশের বাড়ির ভাড়াটিয়া চুন্নু মিয়ার (৪২) ছুরিকাঘাতে রফিকুল ইসলাম রতন (৩৮) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। স্থানীয়রা জানায়, সোমবার (৫ মে) রাতে উপজেলার লবণকোঠা গ্রামের মিয়াজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম রতন বাড়ির পাশেই তাইজুদ্দিনের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় সবার বুঝে উঠার আগেই পাশের বাড়ির ভাড়াটিয়া চুন্নু মিয়া দৌড়ে এসে হাতে থাকা ছুরি দিয়ে পিঠে একাধিক আঘাত করে। এতে রতন গুরুতর আহত হলে স্থানীয়রা রতনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রতনকে হত্যা করে খুনি চুন্নু মিয়া নিজ ভাড়া বাসায় আত্মগোপন করে। পরে খবর পেয়ে মডেল থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী ওই বাসায় অভিযান চালিয়ে ঘাতক চুন্নু মিয়াকে গ্রেফতার করেন।

নিহত রতনের সাথে আসামির স্ত্রীর অবৈধ সম্পর্ক ও পারিবারিক কলহকে কেন্দ্র করে হত্যা কান্ডটি সংঘটিত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আসামী চুন্নু মিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার টাঙ্গাটিপাড়ার তোতা মিয়ার ছেলে। তিনি ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন সিডস্টোর লবণকোঠা গ্রামের নজরুল ইসলামের বাসা ভাড়া নিয়ে শ্রমিকের কাজ করতেন এবং তার স্ত্রী স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। স্থানীয় মোসলেম উদ্দিন বলেন, আমিও ওই চায়ের দোকানে বসে চা পান করছিলাম। এ-সময় চুন্নু মিয়া দৌড়ে এসে কোন কিছু না বলেই রতনের পিঠে একাধিক ছুরিকাঘাত করে। আমি বাঁধা প্রদান করলে আমাকেও ছুরিকাঘাতের চেষ্টা করে, তখন আমার হাতে থাকা কাপের চা খুনি মুখে ছুড়ে মেরে নিজেকে আত্মরক্ষা করি। পরে দৌড়ে তার বাসায় গিয়ে আত্মগোপন করে।” আশপাশের লোকজন জানতে পেরে বাড়ির চার পাশ ঘিরে ফেলে এবং পুলিশকে খবর দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং মামলা হয়েছে। হত্যাকান্ডের আসল কারণ তদন্ত পূর্বক আসামিকে জিজ্ঞেসাবাদ শেষে বলা যাবে।

Leave a Reply