গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় অটোরিক্সা চালকের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের চাপায় মিলন মিয়া (৩২) নামে অটোরিক্সার এক চালক নিহত হয়েছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, অটো রিক্সার চালক মিলন মিয়া সোমবার বিকেলে অটোরিক্সা নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসছিল। পথিমধ্যে বিকেল আনুমানিক সোয়া ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের বোয়ালিয়া মোড়ে পৌঁছুলে সিমান্ত পরিবহন (ঢাকা মেট্রো-ব ১২-২০৪২) নামে দ্রুতগামী একটি যাত্রীবাহি বাস পিছন থেকে অটোরিক্সাটিকে সজোরে ধাক্কা দিলে অটোরিক্সাটি উল্টে গিয়ে চালক মিলন মহাসড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় রংপুর থেকে ঢাকাগামী পথের সাথী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-০৪১৩) নামে অপর একটি যাত্রীবাহি বাস মিলনকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাহ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘাতক বাসের চালকেরা পালিয়ে গেলেও বিক্ষুব্ধ জনতা বাস দু’টিকে আটক করে। নিহত অটোচালক মিলন মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর (ফকিরপাড়া) গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। দূর্ঘটনায় অটো চালক নিহতের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Leave a Reply