পঞ্চগড়ে কবর থেকে ৫ কঙ্কাল উধাও
পঞ্চগড়ে একটি কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল উধাও হয়ে গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। রোববার রাতের কোনো এক সময় শহরের ট্রাক টার্মিনাল সংলগ্ন ট্রেনিং কমপ্লেক্স ঈদগাহ মাঠ কবরস্থানে এ ঘটনা ঘটে। পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাক টার্মিনাল এলাকার বাসিন্দারা জানান, তারা কবরস্থানে কবর জিয়ারত গিয়ে দেখতে পান, অন্তত পাঁচটি কবর গভীরভাবে খোঁড়া এবং প্রতিটি কবর থেকেই মৃতদেহের কঙ্কাল উধাও। বিষয়টি সামনে আসার পর থেকেই এলাকায় চরম উৎকণ্ঠা, শঙ্কা ও ক্ষোভের সঞ্চার হয়। স্থানীয়দের অনেকেই এ ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল এবং চরম অমানবিক কাজ বলছেন। আমরা কখনো ভাবিনি, আমাদের এলাকার কবরস্থান এমন এক হীন ঘটনার শিকার হবে। এটা শুধু অমানবিক নয়, এটা পবিত্র মৃতদের অপমান। এই কবরস্থানটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর শেষ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এতদিনে এমন কোনো ঘটনাও কখনো ঘটেনি।

Leave a Reply