ঠাকুরগাঁও এ বাসের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলায় খোশবাজার এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে থ্রি-হুইলারে বাসের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ভূল্লী থানার খোশবাজার এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পোস্ট অফিস পাড়ার আবু হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুন (১৫)। স্থানীয়দের বরাতে ভূল্লী থানার ওসি সাইফুল ইসলাম সরকার জানান, মঙ্গলবার সকালে আশরাফুল ইসলাম তার মেয়ে রুবাইয়াকে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য পাগলু গাড়ি নামে পরিচিত ডিজেলচালিত থ্রি-হুইলারে কওে যাচ্ছিলেন। পথে গাড়িটি ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ওঠা মাত্র পেছন থেকে আসা পঞ্চগড়গামী একটি মিনিবাস ওই গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফুল ইসলামের মৃত্যু হয় এবং রুবাইয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত রুবাইয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply