রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে এনসিপি নেতৃবৃন্দ
জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারাতের পর রংপুর পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার সাড়ে ১০টায় পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এনসিপির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন, রংপুর মহানগরীর প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনাসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা।
আবু সাঈদের কবর জিয়ারত শেষে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জন্য কেবল একটি আন্দোলনের দিন নয়, এটি আমাদের আত্মত্যাগ, প্রত্যয় ও স্বপ্নের প্রতীক। দেখতে দেখতে এক বছর পার হয়ে গেছে, এই সময়ের মধ্যে এসেছে কিছু অর্জন, কিছু চ্যালেঞ্জ। ৩ জুলাই জাতীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা করবে এনসিপি। সেখানে আহত ও শহীদ পরিবারগুলোকেও সম্মান জানানো হবে। এ ছাড়া ১৬ জুলাই পালিত হবে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’। পরে তারা গাইবান্ধার সাদুল্লাপুরের পথে যাত্রা করেন। তিনি আরও বলেন, গাইবান্ধার কর্মসূচি শেষে এনসিপি নেতাকর্মীরা বিকালে ফের রংপুরে ফিরে রংপুর শহরের পার্ক মোড় এলাকায় শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ স্থান পরিদর্শন, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর হয়ে টাউন হল শহীদ মিনারে পথসভা করে এনসিপি নেতৃবৃন্দ। দিনের কর্মসূচির শেষাংশে ডিসি মোড়, মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে চেকপোস্টে এসে পদযাত্রা কার্যক্রম শেষ হয়। রাতে কাউনিয়া উপজেলায় জনসংযোগ ও পথসভায় অংশ নেন এনসিপি নেতৃবৃন্দ।

Leave a Reply