জুলাই গণঅভ্যূত্থান দিবসে গাইবান্ধায় বাম জোটের মিছিল-সমাবেশ
২৪ এর গণঅভ্যূত্থান দিবসে গাইবান্ধায় সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে শহরের ১নং রেল গেইট থেকে বাম গণতান্ত্রিক জোটের একটি মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই শেষ হয়। গণঅভ্যূত্থানে সংঘটিত সকল হত্যাকান্ডের বিচার, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন, মব সন্ত্রাস ও নারীর প্রতি সহিংসতা বন্ধ, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বাম গণতান্ত্রিক জোটের গাইবান্ধা জেলা সমন্বয়ক ও সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, কমিউনিস্ট পার্টির জেলা সহকারি সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, বাসদ জেলা সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা নেতা আব্দুল্যাহ সরকার প্রমুখ। এসময় বক্তারা বলেন, এ দেশের মানুষ স্বৈরাচারকে হটিয়েছে স্বৈরাচারী ব্যবস্থা চালু রাখার জন্য নয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের এক বছরে জনগণ কোন আশার আলো দেখতে পায় নাই। দুর্নীতি-লুটপাট, চাঁদাবাজি তো বন্ধ হয়ই নাই, উপরন্ত বেড়েছে কয়েকগুণ। তার সাথে বেড়েছে মব সন্ত্রাস, নারীর প্রতি সহিংসতা। চট্টগ্রাম বন্দর, সেন্টমার্টিন বিদেশীদের হাতে তুলে দেয়ার চক্রান্ত হচ্ছে, রাখাইনে করিডোর দিয়ে দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর চক্রান্ত করা হচ্ছে। এসব বন্ধ করতে হবে।

Leave a Reply