কৃষকলীগের কেন্দ্রীয় নেতার সন্ত্রাসী কান্ড
গাইবান্ধায় বাকিতে সিঙ্গাড়া না দেয়ায় দোকানিকে প্রকাশ্যে গুলি ॥ দোকান মালিকসহ আহত-২
গাইবান্ধার সাদুল্লাপুরে বাকিতে সিঙ্গাড়া না দেওয়ায় ওয়াসিম মিয়া (২৫) নামের এক হোটেল দোকানিকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে গোলাপ প্রামানিকের (৩৬) বিরুদ্ধে। এ ঘটনায় দোকানীকে বাঁচাতে গিয়ে সেলিনা বেগম (৪০) নামের আরও এক নারী গুলি বিদ্ধ হয়েছেন। পরে স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বুধবার (১৩ আগষ্ট) বেলা সাড়ে ৩ টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোদ্দকোমরপুর নাপিতের বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সাদুল্যাপুর উপজেলার ঈদুলপুর গ্রামের তয়েজ মিয়ার ছেলে গোলাপ প্রামানিক নাপিতের বাজার এলাকায় ওয়াসিম মিয়ার হোটেলে যায়। সেখানে গোপাল প্রামানিক বাকিতে সিঙ্গাড়া চায়। এসময় ওয়াসিম মিয়া টাকা ছাড়া সিঙ্গাড়া দিতে অপারগতা প্রকাশ করে। এনিয়ে ওয়াসিম মিয়ার সঙ্গে গোলাপের তর্ক হয়। এক পর্যায়ে গোলাপ ক্ষুদ্ধ হয়ে বাড়ি গিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে দোকানী ওয়াসিম মিয়াকে গুলি করে। এসময় ওয়াসিমকে বাঁচাতে গিয়ে সেলিনা বেগম নামের এক নারী গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ওয়াসিম ওই বাজারের হোটেল ব্যবসায়ী ও পার্শ্ববর্তী ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদাড়িয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক আকন্দের ছেলে এবং গুলিবিদ্ধ সেলিনা বেগম একই গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। এসময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে গোপাল ফাঁকা গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহত চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সুত্র জানায়, গোপাল প্রামানিক কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের আ’লীগের সাবেক এমপি অ্যাড. উম্মে কুলছুম স্মৃতির পিএস ছিলেন। এলাকায় এমপি উম্মে কুলসুম স্মৃতির পালিত সন্তান হিসেবেও গোলাপ পরিচিত। সে সম্প্রতি মাদক ও চোরাকারবারী বিভিন্ন ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার। তিনি বলেন, ওয়াসিম মিয়া ও এক নারীসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছে। কি ধরনের অস্ত্র ব্যবহার করেছে, তা আটকের পর জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তার কোন রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে। গোলাপকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply