রাকসু নির্বাচন পিছিয়ে ভোটের নতুন তারিখ ২৮ সেপ্টেম্বর

রাকসু নির্বাচন পিছিয়ে ভোটের নতুন তারিখ ২৮ সেপ্টেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে পূর্বনির্ধারিত ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে ২৮ সেপ্টেম্বর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। সংশোধিত এই তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। মনোনয়ন দাখিল করতে হবে ১ থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে এবং বাছাই চলবে ৮ ও ৯ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর। এই তালিকার ওপর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে ১৪ সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৫ সেপ্টেম্বর।
প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, “প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তনের কারণে আমাদের তফসিলে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন, ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি-নির্বাচনে নিরাপত্তার বিষয়। এছাড়াও প্রার্থীদের ডোপ টেস্টের বিষয় আছে, যা করতে পাঁচ-ছয়দিন সময় লাগবে। তিনি বলেন, আমরা কোনো দলের চাপে পড়ে এই সিদ্ধান্ত নেইনি। নির্বাচন কমিশনের একটা সভা ছিল। সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের থেকে সংগ্রহ করা যাবে। ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *