পাবনায় ভাড়া বাসা থেকে রূপপুর প্রকল্পের দোভাষীর মরদেহ উদ্ধার

পাবনায় ভাড়া বাসা থেকে রূপপুর প্রকল্পের দোভাষীর মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের লাদেনের মোড় এলাকার একটি ভাড়া বাসার মেঝে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আনোয়ার আহমেদ (৫২) চট্টগ্রাম সিটির পাঁচলাইশ পূর্ব নাছিরাবাদ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ করা রাশিয়ান নিকিমথ কোম্পানিতে দীর্ঘ আট বছর ধরে দোভাষী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে ঈশ্বরদী থানার ওসি আসম আব্দুন নুর জানান,
আনোয়ার আহমেদ স্থানীয় হাবিবুর রহমান হাবুর বাড়িতে ভাড়া থাকতেন। সম্প্রতি স্ত্রী রিপা খাতুনসহ দশ দিনের ছুটিতে চট্টগ্রামে গিয়েছিলেন আনোয়ার। স্ত্রীকে চট্টগ্রামে রেখে শনিবার বিকালে ৩টার দিকে একাই ঈশ্বরদীতে ফেরেন তিনি। কিন্তু রাত পর্যন্ত যোগাযোগ না হওয়ায় তার স্ত্রী প্রতিবেশী গৃহবধূকে ফোন করেন। পরে সেই নারী আনোয়ারকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং পরে রোববার সকালে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে স্থানান্তরিত করা হয়। ওসি বলেন, ঘটনাটি তদন্তাধীন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *