ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জনতা বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জিহান এবং গফুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র যুবায়েদ ইসলাম। তারা ওমরপুর ইউনিয়নের একই এলাকার বাসিন্দা। জিহানের বাবার নাম ফরিদ উদ্দিন এবং যুবায়েদের বাবার নাম রিয়াজ। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে জনতা বাজারে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে দুই ছাত্র দুষ্টুমির ছলে রাস্তার পাশে ক্ষেতের কিনারে যান। সেখানে স্থানীয় কৃষক জাহাঙ্গীর মহাজন তার ক্ষেতে ইঁদুর মারার জন্য ফাঁদ পেতে রেখেছিলেন, যাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। এ সময় জিহান ও যুবায়েদ সেই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে পড়েন। তাদের সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীরা চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরে তাদের দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জিহান ও যুবায়েদকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশের একটি টিম গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কৃষি ক্ষেতে বিদ্যুৎ ফাঁদের অবৈধ ব্যবহার নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *