রাজশাহীতে জমির বিরোধে কৃষককে হত্যা
রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে ছুরি মেরে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জিশু আলী (২৮) ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। স্থানীয়দের বরাতে চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের জানান, পাইটখালি গ্রামের জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার বিকালে এ নিয়ে জালাল উদ্দিনের ছেলে বাবর আলী (৩০) এবং রবিউল ইসলামের ছেলে জিশু আলীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বাবর আলী ছুরি বের করে জিশুর বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর বাবর আলী পালিয়ে এক বাড়িতে আত্মগোপন করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাবর আলীকে আটক করা হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply