ডেঙ্গুতে রামেক হাসপাতালে শিশুসহ দুজনের মৃত্যু

ডেঙ্গুতে রামেক হাসপাতালে শিশুসহ দুজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। ১৩ নভেম্বর রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। শুক্রবার রামেক হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহতরা হলেন-সাড়ে পাঁচ বছর বয়সী শিশু সাবিহা ও মো. মিঠু (৩০)। এদের মধ্যে সাবিহা নওগাঁ ও মিঠু রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা। হাসপাতালের প্রতিবেদনে বলা হয়, গত ৬ নভেম্বর ভোরে শিশু সাবিহাকে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সে প্রায় ১৫ দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিল। শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন দুপুরেই তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া মিঠু পাঁচদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তাকে রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। তবে নিহতদের কারোরই সাম্প্রতিক কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না। প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে হাসপাতালে ৫ শিশুসহ ৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১২ জন নারী। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার ৪০৫ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে এক হাজার ৩৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ১৭ জন রোগীর মৃত্যু হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *