ভালুকায় কারখানায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত

ভালুকায় কারখানায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত

ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় দায়িত্ব পালনকালে সহকর্মীর গুলিতে এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। নিহত আনসার সদস্যের নাম বজেন্দ্র বিশ্বাস (৪২)। তিনি সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের পবিত্র বিশ্বাসের ছেলে। অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়া (২৯), যিনি সুনামগঞ্জের তাহেরপুর থানার বালুটুরি বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে। পুলিশ জানায়, ভালুকা উপজেলার ভালুকা ইউনিয়নের মেহরাবাড়ি এলাকায় লাবিব গ্রুপের প্রতিষ্ঠান সুলতানা সোয়েটার্স লিমিটেডের একটি কারখানায় মোট ২০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছিলেন। সোমবার সন্ধ্যায় নোমান মিয়া ও বজেন্দ্র বিশ্বাস একসঙ্গে বসে থাকার সময় নোমান মিয়ার শর্টগান থেকে গুলি বজেন্দ্র বিশ্বাসের বাঁ ঊরুতে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই অভিযুক্ত নোমান মিয়াকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মজা করার সময় অসাবধানতাবশত গুলির ঘটনাটি ঘটে থাকতে পারে বলে দাবি করেছেন অভিযুক্ত ব্যক্তি। ঘটনাস্থলে উপস্থিত আরেক আনসার সদস্যও একই বক্তব্য দিয়েছেন। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *