রাবির ভর্তি পরীক্ষায় নকলের চেষ্টায় পরীক্ষার্থী আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নকল করার চেষ্টার অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার বেলা ১১টার দিকে জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ১০২ নম্বর কক্ষে অনুষ্ঠিত প্রথম শিফটের পরীক্ষায় এ ঘটনা ঘটে। পরে ওই পরীক্ষার্থীকে প্রক্টর দপ্তরে নেওয়া হয়। আটক পরীক্ষার্থীর নাম দিব্য জ্যোতি সাহা। তিনি ঢাকার সিদ্ধেশ্বরীর বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াসউদ্দিন আহমেদ জানান, পরীক্ষা চলাকালে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তাকে নজরে রাখেন। এ সময় দেখা যায়, ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে একাধিক ছবি তুলছেন। পরে কাছে গিয়ে দেখা যায়, তিনি ‘ডিপসিক’ নামের একটি এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টা করছেন। পরীক্ষা শেষে তাকে আটক করে প্রক্টর অফিসে আনা হয়। আটক দিব্য জ্যোতি সাহা বলেন, আমি মোবাইল ফোন ব্যবহার করেছি, যা আমার অপরাধ। ডিপসিক ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম, তবে লিখতে পারিনি। আমি ভুল করেছি, ভবিষ্যতে এমন কাজ আর করব না। এ বছর দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বেলা ১১টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা হয়।
Leave a Reply