ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্কুল প্রধান শিক্ষক নিহত
ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল প্রধান শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ভালুকা-বাটাজোড় সড়কের আজিজুল মেম্বারবাড়ী মোড় ওই ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম আবু বকর সিদ্দিক (৫৫)। তিনি উপজেলার কাচিনা ইউনিয়নের খানপাড়া এলাকার মৃত আলীম উদ্দিন খানের ছেলে। আবু বকর সিদ্দিক ৭৮ নম্বর পশ্চিম পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, তিনি নির্বাচনী প্রশিক্ষণ শেষে মোটরসাইকেলযোগে ভালুকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি মাছবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ভালুকা মডেল থানার এসআই গোবিন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply