দিনাজপুরে ৮৪৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৩৯টি ঝুঁকিপূর্ণ

দিনাজপুরে ৮৪৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৩৯টি ঝুঁকিপূর্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলার ৮৪৪ টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৩৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে ২৫৭টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণা, ২৮২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং বাকি ৩০৫ টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যা মোট কেন্দ্রের ৬৩.৮৬ শতাংশ। দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, অতীতের নির্বাচন গুলিতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা, সীমান্ত সংলগ্ন ও দুর্গম এলাকা এবং জনবহুল অবস্থানসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলার ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ২৫৭টি কেন্দ্রের মধ্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে রয়েছে সর্বোচ্চ ৮৬টি কেন্দ্র। এছাড়া দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে ২২টি, দিনাজপুর-৩ (সদর) আসনে ১২টি, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে ২৫টি, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ৪৬টি এবং দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে ৬৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়; জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ২৯ হাজার ৪৫৭ জন, নারী ভোটার ১৩ লাখ ৩১ হাজার ২৫৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২২ জন। জেলার ৮৪৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের জন্য মোট ৪ হাজার ৯৯৩ টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আনোয়ার হোসেন জানান ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *