দিনাজপুর-১ আসনে জামানত হারালেন যারা

দিনাজপুর-১ আসনে জামানত হারালেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী মো. মনজুরুল ইসলাম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি ‘ধানের শীষ’ প্রতীকে বিশাল বড় ব্যবধানে নির্বাচিত হন। এই আসনে মোট ৪ লাখ ১৪ হাজার ৩৫৩ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৩ লাখ ৮ হাজার ৪৯৩ জন। ঘোষিত ফলাফলে দেখা যায়, বিজয়ী প্রার্থী মো. মনজুরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৪৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী এর প্রার্থী মো. মতিউর রহমান ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৮৮ ভোট। ঐতিহ্যগতভাবে জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দিনাজপুর-১ আসনে এবারের নির্বাচনে বিএনপির সঙ্গে লড়াই ছিল বেশ হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত ৬২ হাজার ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী। নির্বাচনি বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট কাস্ট হওয়া ভোটের কমপক্ষে আট ভাগের এক ভাগ (১/৮ অংশ) ভোট অর্জন করতে হয়। সে হিসেবে দিনাজপুর-১ আসনে জামানত রক্ষায় প্রয়োজন ছিল অন্তত ৩৮ হাজার ৫৬১টি ভোট। তবে বাকি চার প্রার্থী সেই কোটা পূরণে ব্যর্থ হয়ে জামানত হারিয়েছেন। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো. চাঁন মিয়া ‘হাতপাখা’ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মো. শাহিনুর ইসলাম ‘লাঙ্গল’ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫১৫ ভোট, গণ অধিকার পরিষদ (জিওপি) এর প্রার্থী মো. রিজুওয়ানুল ইসলাম ‘ট্রাক’ প্রতীকে পেয়েছেন ৩৯৩ ভোট এবং জাকের পার্টির প্রার্থী রঘুনাথ চন্দ্র রায় ‘গোলাপ ফুল’ প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৬২ ভোট।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *