পাবনায় এক ইউনিয়নে ২ খুন-আটক ২
পাবনার আটঘরিয়ায় মাজপাড়া ইউনিয়নে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে বেলা ১১টার দিকে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা এবং দুপুর ২টার দিকে কিস্তির টাকা নিয়ে বিরোধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন আটঘরিয়া থানার ওসি রফিকুল ইসলাম। নিহতরা হলেন,ইউনিয়নের হাড়লপাড়া গ্রামের লোকমান হোসেন (৫৫) এবং কচুয়ারামপুর গ্রামের লাইলী খাতুন (৪০)। এসব ঘটনায় আটক করা হয়েছে, লোকমান হোসেনের ছেলে কামরুল ইসলাম (৩২) এবং লাইলীর স্বামী আব্দুল কুদ্দুসকে। পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, হাড়লপাড়া গ্রামের কামরুল দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত। বুধবার সকালে নেশার টাকার জন্য তিনি তার বাবা লোকমানের সঙ্গে বাগবিতন্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে কামরুল ঘরের ভেতর থাকা ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই লোকমান হোসেনের মৃত্যু হয়। অপর ঘটনায় কচুয়ারামপুর গ্রামে সকালে কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে লাইলী খাতুনের সঙ্গে স্বামী আব্দুল কুদ্দুসের ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রীকে কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করেন আব্দুল কুদ্দুস। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওসি রফিকুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা হওয়ার পরে আটক দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply