লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর নির্দেশে সুলভ মূল্যে পণ্য বিক্রি

লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর নির্দেশে সুলভ মূল্যে পণ্য বিক্রি

পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের স্বস্তি দিতে লালমনিরহাটে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাঁর নির্দেশনায় নির্বাচনী এলাকায় সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বিএনপি নেতাকর্মীদের নিজস্ব ব্যবস্থাপনায় গত কয়েক দিন ধরে লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম চলছে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্রেতারা এখান থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য সংগ্রহ করতে পারছেন। সরজমিনে দেখা গেছে, প্রতিটি স্টলের সামনে সাধারণ মানুষের দীর্ঘ সারি, যা এই উদ্যোগের প্রতি মানুষের ব্যাপক আস্থা ও আগ্রহের প্রতিফলন। স্টলগুলোতে প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে মাত্র ৫০ টাকায়, যা খোলা বাজারে ৮০-১০০ টাকা। এছাড়া ডিম প্রতি হালি ৩০ টাকা, জ্যান্ত মুরগি প্রতি কেজি ১৫০ টাকা, ড্রেসিং করা ব্রয়লার ২২০ টাকা (বাজারে ৩০০ টাকা) এবং গরুর মাংস প্রতি কেজি মাত্র ৬৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। রমজানের শুরুতেই বাজারের চড়া দামের মাঝে এমন উদ্যোগকে আশার আলো হিসেবে দেখছেন সাধারণ ক্রেতারা। বড়বাড়ী ইউনিয়নের বাসিন্দা হযরত আলী ও আলী আকবর জানান, বাজারের উচ্চমূল্যের কারণে যখন আমিষ বা পুষ্টিকর খাবার কেনা কঠিন হয়ে পড়েছে, তখন এমন সুলভ মূল্যে দুধ-মাংস কিনতে পারা বড় স্বস্তির বিষয়। মহেন্দ্রনগরের আব্দুল হাকিম ও পঞ্চগ্রামের আব্দুল কাদের বলেন, প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম ছড়িয়ে দিলে দরিদ্র মানুষের কষ্ট লাঘব হতো। বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে। বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক আতাউর রহমান জানান, পণ্যের গুণগত মান ও সতেজতা নিশ্চিত করতে তারা কঠোর তদারকি করছেন। লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মমিনুল হক বলেন, “মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু মহোদয়ের নির্দেশনায় সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই সেবা চালু করেছি। পুরো রমজান মাস জুড়ে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহলের মতে, নিত্যপণ্যের অস্বাভাবিক দামের এই সময়ে এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য একটি বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *