পাবনায় পুকুর খননকালে ৫০ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার
পাবনার চাটমোহর উপজেলায় পুকুর খনন করার সময় একটি প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামের একটি মাঠের পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সরকারি একটি প্রকল্পের আওতায় বাঘলবাড়ি গ্রামের ওই পুকুরটি সংস্কারের কাজ চলছিল। ভেকু (খননযন্ত্র) দিয়ে মাটি কাটার সময় শ্রমিকরা একটি পাথরের মূর্তি দেখতে পান। পরে পুকুর খনন কাজের দায়িত্বে থাকা ওই গ্রামের ইদ্রীস আলী বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ও হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আতিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করেন। ইউএনও মুসা নাসের চৌধুরী বলেন, উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটির উচ্চতা প্রায় ৪ ফুট এবং ওজন আনুমানিক ৪০ থেকে ৫০ কেজি। মূর্তিটি কিছুটা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। বর্তমানে এটি হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। উদ্ধার হওয়া মূর্তিটি কষ্টিপাথরের কি না বা এটি কতটা প্রাচীন, তা প্রত্নতত্ত্ববিদদের পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলেও জানান ইউএনও।

Leave a Reply