Blog

  • বেলকুচিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

    বেলকুচিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

    শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’ প্রতিপাদ্যে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। এ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ- উদ্বোধন, র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসফিয়া সাবেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া। পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে বক্তারা বলেন, ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পুষ্টিহীনতা শুধু শিশুদের নয়,বরং সব বয়সী মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি। তাই সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের বিষয়টি প্রতিটি পরিবারে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। অনুষ্ঠানে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক পুষ্টিকর খাবার গ্রহণের উপকারিতা সম্পর্কে আলোকপাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সুদীপ কুমার সরকার, মেডিকেল অফিসার (এমওডিসি) ডাঃ মেহেদি হাসান, সিনিয়র কনসালটেন্ট ডাঃ আশরাফুন নাহার মৌসুমী, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি ও সুধী সমাজের ব্যক্তিবর্গ প্রমূখ।

  • উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ॥ বন্দরগুলোতে সতর্ক সংকেত

    উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ॥ বন্দরগুলোতে সতর্ক সংকেত

    উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, ঝড়ো হওয়ার আশঙ্কায় সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, এই নিম্নচাপ আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে বৃষ্টি বাড়বে, তবে ঘূর্ণিঝড় হওয়ার ‘আশঙ্কা নেই’। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। তিনি বলেন, দুই থেকে তিনদিন বৃষ্টি বেশি হবে। নিম্নচাপটি সুন্দরবন, খুলনার দিক দিয়ে যাবে। উল্লেখ্য, মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, যা পরে আরো ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। সুস্পষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার সকাল ৬টায় নিম্নচাপে পরিণত হয়। আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, নিম্নচাপটি বৃহস্পতিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৯৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিম, মোংলা সমুদ্র বন্দর থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিম এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃষ্টিপাতের এই ধারা চলতে পারে আরো দুয়েক দিন।

  • সব মামলায় হাইকোর্টে খালাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

    সব মামলায় হাইকোর্টে খালাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

    দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর মধ্য দিয়ে সব মামলায় দণ্ড ও সাজামুক্ত হলেন তারেক রহমান। সোমবার শুনানি শেষে আপিলের রায় দিতে ২৮ মে দিন ধার্য করেছিলেন উচ্চ আদালত। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। আপিলের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান, কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল করিম। আইনজীবী এস এম শাহজাহান বলেন, যে সম্পত্তিগুলো তারেক রহমানের নামে দেখানো হয়েছে, একটাও জ্ঞাত আয়বহির্ভূত নয়, অসাধু নয়। একটা টাকা বা একটা সম্পত্তিও বাংলাদেশের বাইরে না। বাংলাদেশের বাইরে এই পরিবারের কোনো ঠিকানা নেই। তিনি আরও বলেন, সেনানিবাসে মইনুল রোডের বাড়িটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে দেওয়া হয়েছিল। সেটাও এই মামলায় দুদক বলছে, এটা তারেক রহমানের অর্জিত সম্পদ এবং এটা অবৈধ সম্পদ। অথচ এটা সরকার নিয়মকানুন মেনে বরাদ্দ দেওয়া হয়েছিল। আরেকটা সম্পত্তি আছে গুলশানে। সেটাও রাষ্ট্রীয়ভাবে দেওয়া। ৩৩ টাকা মূল্যমানের। অথচ মামলায় তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছিল। গত ১৪ মে ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে জরিমানা স্থগিত করে ওইদিন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয়। গত ১৩ মে আপিল দায়েরে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট। বিলম্ব মার্জনার পর ডা. জুবাইদা রহমান সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেন। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। এ মামলার বিচার শেষে ২০২৩ সালের ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমানকে দুই ধারায় মোট নয় বছর এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মো. আছাদুজ্জামান। রায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় তারেক রহমানকে তিন বছর এবং ২৭(১) ধারায় ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি তাকে তিন কোটি টাকা জরিমানা করা হয়। জুবাইদা রহমানকে ২৭(১) ধারায় তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরে এক আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের নির্বাহী আদেশে তার সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন ডা. জুবাইদা রহমান। ১৭ বছর পর চলতি বছরের ৬ মে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরে আসেন তিনি।

  • ১৯৮টি ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে-ক্রীড়া পরিষদ

    ১৯৮টি ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে-ক্রীড়া পরিষদ

    অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত দেশের ১৯৮টি জাতীয় ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করেছে ক্রীড়া মন্ত্রণালয়। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব স্থাপনার মধ্যে বেশিরভাগই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ছিল। সে সব স্থাপনার নাম পরিবর্তন করে জাতীয় বীর ও বিভিন্ন শহীদের স্মৃতিকে স্মরণ করে রাখা হয়েছে। তবে বেশিরভাগ স্থাপনার নামকরণ করা হয়েছে সংশ্লিষ্ট বিভাগ, জেলা বা উপজেলার নামে। নাম পরিবর্তন হওয়া উল্লেখযোগ্য কিছু স্থাপনার মধ্যে রয়েছে, ঢাকার ঐতিহাসিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, যার নতুন নাম রাখা হয়েছে শুধু ‘জাতীয় স্টেডিয়াম’। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম’। রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে ‘রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম’। এছাড়া, ফতুল্লা স্টেডিয়াম ও সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করা হয়েছে জুলাই আন্দোলনের শহীদ রিয়া গোপের নামে।

  • কারাগার থেকে মুক্তি পেলেন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম

    কারাগার থেকে মুক্তি পেলেন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম

    দীর্ঘ কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। বুধবার (২৮ মে) সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তাকে মুক্তি দেওয়া হয়। কেরানীগঞ্জ কারাগারের তত্ত্বাবধানে তিনি এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আজহারুল ইসলামের মুক্তির আগে তাকে খালাস দিয়ে আপিল বিভাগের রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) এসে পৌঁছায়। সেখানে কাগজপত্র যাচাই-বাছাই শেষে কারা কর্তৃপক্ষ তার মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করেন।
    এর আগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ টি এম আজহারুল ইসলামের আপিল মঞ্জুর করে খালাসের রায় দেন। এই রায়ে সর্বোচ্চ আদালত ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আজহারের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের দেওয়া আগের রায় বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে অন্য কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

  • শিবগঞ্জে রেডক্রিসেন্ট এর পারিবারিক সম্পর্ক পুনঃস্থাপন বিষয়ক ওরিয়েন্টেশন

    শিবগঞ্জে রেডক্রিসেন্ট এর পারিবারিক সম্পর্ক পুনঃস্থাপন বিষয়ক ওরিয়েন্টেশন

    শিবগঞ্জে রেডক্রিসেন্ট এর পারিবারিক সম্পর্ক পুনঃস্থাপন বিষয়ক ওরিয়েন্টেশন

    বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শিবগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের পারিবারিক সম্পর্ক পুনঃস্থাপন শীর্ষক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বুধবার (২৮ মে) উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজ বিজ্ঞান ভবন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,

    আদিনা ফজলুল হক সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, প্রভাষক ইউসুফ আলী, বালুটুঙ্গি দারুল উলুম দাখিল মাদরাসার সুপার মোঃ জোবদুল হক, দাদনচক এইচ. এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল আহসান আপেল, সাবেক যুব প্রধান আব্দুর রাকিব, সুমাইয়া ইসলাম, শামীম রেজা, এস. এম তৌকির আতমেদ প্রমুখ। ফ্যাসিলেটর হিসেবে ওরিয়েন্টেশন পরিচালনা করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আরএফএল ডিপার্টমেন্টের উপ-সহকারী পরিচালক সাকিলা আকতার।

  • নওগাঁ ১৬ বিজিবি’র হাতে কষ্টিপাথরের মূর্তিসহ ব্যবসায়ী আটক

    নওগাঁ ১৬ বিজিবি’র হাতে কষ্টিপাথরের মূর্তিসহ ব্যবসায়ী আটক

    নওগাঁ ১৬ বিজিবি’র হাতে কষ্টিপাথরের মূর্তিসহ ব্যবসায়ী আটক

    নওগাঁস্থ ১৬ বিজিবি ব্যাটালিয়নের হাতে কষ্টিপাথরের মূর্তিসহ এক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত মূর্তি ব্যবসায়ী হচ্ছে, নওগাঁ সদর উপজেলার চকদেব নুনিয়া পাড়ার মুঙ্গরু মহত্ব’র ছেলে রাজা মহত্ব। নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকা নওগাঁ সদর থানার চকদেবপুর নুনিয়াপাড়া নামক এলাকায় শ্রী রাজা মহত্ব নামক এক ব্যক্তি অনলাইনের মাধ্যমে অবৈধভাবে কষ্টিপাথরের মূর্তির ব্যবসা বিষয়ে অত্র ব্যাটালিয়নে গোয়েন্দা তথ্য আসে। এমন তথ্যের ভিত্তিতে মুর্তি ব্যবসায়ীকে আটকের লক্ষে রাজা মহত্ব’র সাথে কষ্টিপাথরের মূর্তি ক্রয়ের বিষয়ে অন লাইনের মাধ্যমে যোগাযোগ করা হয়। প্রেক্ষিতে ব্যাটালিয়ন সদর হতে মঙ্গলবার-(২৭ মে) আনুমানিক সন্ধ্যা রাত আট টার দিকে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুদ পিএসসি’র নির্দেশনায় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম, পিবিজিএমএস এর নেতৃত্বে ০১টি বিশেষ টহলদল নওগাঁ সদর থানাধীন চকদেবপুর নুনিয়াপাড়ায় অভিযান চালায়। এসময় একটি বারবার শপের মধ্যে হতে তল্লাশী করে ২১ কেজি ২০০ গ্রাম ওজনের ০১টি কষ্টি পাথরের সাদৃশ্য (শিব লিঙ্গ) মুর্তি উদ্ধার করা হয়। এসময় ব্যবসার সাথে জড়িত রাজা মহত্ব কে আটক করা হয়। উদ্ধার হওয়া ১টি কষ্টি পাথরের আনুমানিক সিজার মূল্য-১০ লক্ষ ৬০ হাজার টাকা। আটককৃত আসামী ও কষ্টি পাথরের সাদৃশ্য (শিব লিঙ্গ) মূর্তি নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • গোমস্তাপুর সীমান্তে দিয়ে পুশইনকৃত ১৭ জনকে পুলিশে সোপর্দ

    গোমস্তাপুর সীমান্তে দিয়ে পুশইনকৃত ১৭ জনকে পুলিশে সোপর্দ

    গোমস্তাপুর সীমান্তে দিয়ে পুশইনকৃত ১৭ জনকে পুলিশে সোপর্দ

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিবিষন সীমান্ত দিয়ে পুশইনকৃত ১৭ জনকে পুলিশের নিকট হস্তান্তর করেছে বিজিবি। মঙ্গলবার বিকেলে গোমস্তাপুর থানা পুলিশের নিকট তাদের হস্তান্তর করা হয়। এর আগে মঙ্গলবার ভোরে তাদের উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন সীমান্তের লালমাটিয়া নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) বিভিষণ বিওপির সদস্যরা সীমান্ত পিলার ২১৯/৭১ আর হতে ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালমাটিয়া নামক স্থান থেকে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ মহিলা এবং ৯জন শিশু রয়েছে। আটককৃত বাংলাদেশী নাগরিকরা হলো- মফিজুল হক (২৬), মনজু বেগম (২২), মিতু আক্তার (১৩), বেলাল (০৪), মরিয়ম (দেড় বছর), ববিতা বেগম (৩৪), রফিয়া বেগম (৬০), শাহাজুল ইসলাম (৪২), মামুন মিয়া (১৮), মাসুদ (১৩), রিদয় ইসলাম (০৪), শ্রী বুলু চন্দ্র সেন (৪০), শ্রীমতি সুনোতি রানী (৩৪), শ্রী সুশান্ত চন্দ্র(৮), শ্রী সুমন চন্দ্র বর্মন (০৬), শ্রী গোপাল চন্দ্র বর্মন (০৪), শ্রী বুলবুলি চন্দ্র বর্মন (১৬)। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন যাবত ভারতের অভ্যন্তরে কাজ করে আসছিল। গত ১৭ মে ভারতীয় পুলিশ তাদের হরিয়ানা প্রদেশ থেকে আটক করে ট্রেনযোগে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় নিয়ে আসে। সেখান থেকে বাসযোগে গত ২৪ মে সন্ধ্যায় ভারতের ৮৮ বিএসএফএফের ইটাঘাটা ক্যাম্পের নিকট হস্তান্তর করে। সোমবার রাতে বিএসএফ তাদের বিবিষন সীমান্তের ২১৯/৭১-আর পিলারের নিকট দিয়ে বাংলাদেশে পুশইন করে। নওগাঁস্থ ১৬ বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

  • শিক্ষাখাতে বাজেটের ৮শতাংশ বরাদ্দের দাবি ছাত্র ইউনিয়নের

    শিক্ষাখাতে বাজেটের ৮শতাংশ বরাদ্দের দাবি ছাত্র ইউনিয়নের

    আসন্ন বাজেটে শিক্ষাখাতে ৮ শতাংশ বরাদ্দের দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। উক্ত দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে বিক্ষোভ করেছে সংগঠনের আঞ্চলিক শাখা। মঙ্গলবার (২৭ মে) বিকেলে দারিয়াপুর আঞ্চলিক কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বন্দর প্রদক্ষিণ করে তেঁতুলতলায় সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, জেলা সংসদের প্রচার প্রকাশনা সম্পাদক প্রদীপ কুমার, দপ্তর সম্পাদক আবির খান প্রমুখ।
    এসময় বক্তরা বলেন, এশিয়ার সকল দেশের তুলনায় বাংলাদেশে শিক্ষাখাতে বরাদ্দ সর্বনিম্ন। সেই সাথে রয়েছে চরম বৈষম্য। ৯৫ভাগ মানুষের সন্তানরা মানসম্পন্ন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এসব বৈষম্য বঞ্চনা দূর করতে আসন্ন বাজেটে শিক্ষাখাতে বাজেটের ৮শতাং বরাদ্দের জোর দাবি জানান তারা।

  • নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

    নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

    ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’ এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ মে) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভায় অংশ নিয়ে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সূচনা মনোহরার সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. ফাকেহা জাবীনের সঞ্চালনায় পুষ্টি বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন জুনিয়র কনসালটেন্ট (গাইনি এন্ড অবস) ডা. খন্দকার মাহাবুবা জান্নাত। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম, বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান ও উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি খাদেমুল ইসলাম প্রমুখ। এ উপলক্ষে উপজেলা পর্যায়ের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা এবং পুষ্টি বিষয়ক কুইজের আয়োজন করা হয়েছে।