Blog

  • গোমস্তাপুরে ১০০% উৎসব ভাতার দাবিতে এমপিওভুক্ত কর্মচারীদের কর্মবিরতি

    গোমস্তাপুরে ১০০% উৎসব ভাতার দাবিতে এমপিওভুক্ত কর্মচারীদের কর্মবিরতি

    গোমস্তাপুরে ১০০% উৎসব ভাতার দাবিতে এমপিওভুক্ত কর্মচারীদের কর্মবিরতি

    ১০০% উৎসব ভাতার দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীগণ কর্মবিরতি পালন করেছেন। ইতিপূর্বে শিক্ষকদের ২৫% থেকে বাড়িয়ে ৫০% করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানানো হয়। তবে কর্মচারীদের ৫০% উৎসব ভাতা ৫০% রেখে দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিপত্র জারি করেন। স্বল্প বেতনের এই তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের উৎসব ভাতা না বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন। প্রেক্ষিতে সারাদেশে ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কর্ম বিরতি অব্যাহত রয়েছে।

  • ভালুকায় এক ব্যক্তির হামলায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২ ॥ ঘাতক আটক

    ভালুকায় এক ব্যক্তির হামলায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২ ॥ ঘাতক আটক

    ময়মনসিংহের ভালুকায় সাইদুল (৪০) নামে এক ব্যক্তির কোদাল ও কাঁচির আঘাতে বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন (৭৫) এবং হাফেজা বেগম (৪৫) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) বিকেলে ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাও গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় এলাকাবাসী হামলাকারী সাইদুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। জানা যায়, মঙ্গলবার বিকালে নিজ বাড়ির উঠানে বসে ধান মাপ ছিলেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন। হঠাৎ করে সাইদুল পেছন থেকে এসে কোদাল দিয়ে তার মাথায় আঘাত করে। এতে আশরাফ উদ্দিন গুরুতর আহত হন এবং তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশরাফ উদ্দিনকে আঘাত করার পর সাইদুল নিজের বাড়িতে গিয়ে তার বড় ভাইয়ের স্ত্রী হাফেজা বেগমকে ধান কাটার কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করেন। এ সময় একই গ্রামের মুক্তিযোদ্ধা সোলাইমান সিকদার (কালু সিকদারের ছেলে) এবং লাইলী বেগম (ফয়েজ উদ্দিনের স্ত্রী) আহত হন। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিকভাবে হামলাকারী সাইদুলকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়রা জানিয়েছে, সাইদুল কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন আচরণ করছিলেন। ভালুকা মডেল থানার এস.আই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, আটককৃত সাইদুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

  • চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় দম্পতির যাবজ্জীবন

    চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় দম্পতির যাবজ্জীবন

    চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় দম্পতির যাবজ্জীবন

    চাঁপাইনবাবগঞ্জে হেরোইন এর একটি মাদক মামলায় আব্দুস সামাদ (৩৮) এবং মর্জিনা খাতুন (২৮) নামের এক দম্পতিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে উভয়কে ৫ হাজার টাকা করে অর্থদন্ড, অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৭মে) বিকেলে দায়রা জজ মিজানুর রহমান আসামী মর্জিনা খাতুনের উপস্থিতিতে এবং আব্দুস সামাদের অনুপস্থিতিতে (পলাতক) রায় দেন। সামাদ সদর উপজেলার কোদালকাঠি মধ্যচর গ্রামের ইস্কান্দার আলীর ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ বলেন, ২০২২ সালের ১৪ অক্টোবর র‌্যাবের অভিযানে স্বামীর বাড়ি থেকে ২ কেজি ৭৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন মর্জিনা। এসময় তাঁর স্বামী পালিয়ে যান। এ ঘটনায় পরদিন মামলা করেন র‌্যাবের উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ। ২০২৩ সালের ১৩মে মামলার তদন্ত কর্মকর্তা এবং র‌্যাবের উপ-পরিদর্শক তারিফুল ইসলাম অভিযোগপত্র জমা করেন।

  • ৪০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ॥ বিএসএফকে রুখলো বিজিবি ও স্থানীয়রা

    ৪০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ॥ বিএসএফকে রুখলো বিজিবি ও স্থানীয়রা

    লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ও হাতিবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে প্রায় ৪০ জন মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টার দিকে এই চেষ্টা শুরু হলেও, স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় বুধবার(২৮ মে) সকাল ১১টা পর্যন্ত বিএসএফ সফল হতে পারেনি। বর্তমানে পুশইনের অপেক্ষায় থাকা ব্যক্তিরা ভারত সীমান্তের অভ্যন্তরে অবস্থান করছে বলে জানিয়েছে বিজিবি। স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ২টার দিকে জেলার দুর্গাপুর সীমান্তের ৯২৪ মেইন পিলারের ৯ নম্বর সাব পিলার এলাকা এবং বনচৌকি সীমান্ত দিয়ে ভারতীয় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা বেশ কিছু ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার জন্য সীমান্তে নিয়ে আসে। খবর পেয়ে বিজিবির সদস্য ও স্থানীয়রা তাদের বাধা দেয়। এতে পুশইনের অপেক্ষায় থাকা ব্যক্তিরা দুই দেশের সীমান্তের মাঝখানে আটকা পড়ে। দুর্গাপুর সীমান্ত দিয়ে পুশইন হয়ে আসা ব্যক্তিরা প্রথমে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলেও বিজিবির বাধায় তারা আবার ভারতের অভ্যন্তরে ফিরে যায়। তবে, তারা বিএসএফের বাধায় মাঝামাঝি স্থানে অবস্থান করছে। বিজিবি জানিয়েছে, দুর্গাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে যে তারা ভারতের আসাম রাজ্য থেকে এসেছে। পুশইন চেষ্টার আগে বিএসএফ ওই ব্যক্তিদের আইডি ও আধার কার্ড জব্দ করেছে বলেও জানা গেছে। লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বনচৌকি ও দুর্গাপুর সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ কিছু ব্যক্তিকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে। বিজিবির বাধায় তারা এখনো সফল হতে পারেনি। তিনি আরও জানান, পুশইনের অপেক্ষায় থাকা ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক হলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের গ্রহণ করা হবে। এরই মধ্যে সেক্টর পর্যায়ে বিজিবি-বিএসএফের মধ্যে বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্তে বিজিবির সাথে স্থানীয়রা অবস্থান নিয়েছে।

  • জেলার গোমস্তাপুরে টানা বৃষ্টি তলিয়ে গেছে ধানসহ ফসলের ক্ষেত ॥ কৃষকের মাথায় হাত!

    জেলার গোমস্তাপুরে টানা বৃষ্টি তলিয়ে গেছে ধানসহ ফসলের ক্ষেত ॥ কৃষকের মাথায় হাত!

    জেলার গোমস্তাপুরে টানা বৃষ্টি তলিয়ে গেছে ধানসহ ফসলের ক্ষেত ॥ কৃষকের মাথায় হাত!

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গত কয়েকদিন থেকে টানা বৃষ্টির ফলে তলিয়ে গেছে ধানসহ বিভিন্ন ফসলের ক্ষেত। এতে কৃষকদের মাথায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। স্থানীয় কৃষকরা জানান, রাতদিন কষ্ট করে সোনার ফসলের আশায় ৪ মাসের বেশি সময় ধরে সীমাহীন কষ্ট ও ঋণের অর্থ ব্যয় করেছি। কিন্তু সেই কষ্টের ফসল হতে যাচ্ছে প্রায় শূন্য! কারণ, শ্রমিক সংকট ও টানা বৃষ্টির কারণে পানিতে ডুবে গেছে মাঠের পাকা ধান। দুই-তিন দিনের মধ্যে ধান কেটে ঘরে তুলতে না পারলে সব ধান নষ্ট হয়ে যাবে। কৃষক আব্দুল্লাহ জানান, ধার-দেনা করে আবাদ করছি। পরিকল্পনা ছিল কিছু ধান বেচে ঋণের টাকা শোধ করব। আর বাকি ধান দিয়ে সংসারের কয়েক মাসের খোরপোষ হবে। কিন্তু ফসল ঘরে তোলার আগমুহূর্তে বৈরী আবহাওয়া আর শ্রমিকের সংকটে তাঁদের সব পরিকল্পনা ভেস্তে গেছে। অপর কৃষক জুনাইদ আহমেদ বলেন, পানিতে জমির ধান তলিয়ে গেছে।

    ধান কাটতে না পারলে পানির নিচে গাঁজ ধরবে। ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় দুশ্চিন্তার শেষ নেই। কয়েক দিনের বৃষ্টিতে পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। ডুবে যাওয়া ধান কাটতে শ্রমিকেরা অনেক বেশি মজুরি চাচ্ছে। তিনি আরও জানান, ধান কাটতে তাদের টালবাহানার শেষ নেই। সরেজমিনে দেখা যায়, গত তিন-চার দিনের টানা বৃষ্টিতে জেলার নিচু এলাকার পাকা ধান পানিতে তলিয়ে গেছে। অনেক জমির ধানগাছ পানিতে শুয়ে পড়ছে। এ ছাড়া যে জমিগুলোতে এখনো ধানগাছ গলা পানিতে উঁকি দিচ্ছে, সেগুলোর শীষ আস্তে আস্তে ভেঙে পড়ছে। ধান কাটা কয়েকজন শ্রমিকের সাথে আলাপকালে জানা গেছে, বৈরী আবহাওয়া, পানিতে ডুবে ধান নষ্ট হয়ে যাওয়া এবং ঝড়ে খেতের ধান এলোমেলোভাবে নুয়ে পড়ায় এবার ধান কাটতে বেশি পরিশ্রম লাগছে। এ ছাড়া অধিকাংশ খেতের ধানই ভেজা অবস্থায় তোলা হচ্ছে। আবার পানিতে ডুবে অনেক ধান নষ্ট হয়ে গেছে।

    এ জন্য এবার গতবারের তুলনায় পারিশ্রমিক একটু বেশি নেয়া হচ্ছে। এছাড়াও গত সোমবারের (২৬ মে) বৃষ্টিতে গোমস্তাপুর উপজেলার অনেক জায়গায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল। যার ফলে পথচারীদের চলাচলে বিভিন্ন সমস্যায় পড়তে হয়।

  • ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ না এলে সরকারকে সহায়তা অসম্ভব-খন্দকার মোশাররফ

    ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ না এলে সরকারকে সহায়তা অসম্ভব-খন্দকার মোশাররফ

    আগামী ডিসেম্বরের মধ্যে যদি জাতীয় সংসদ নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা না হয়, তাহলে বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে তাদের সহায়তা করা অসম্ভব হয়ে পড়বে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার (২৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপির এ নেতা বলেন, ২৪ মে প্রধান উপদেষ্টার আহ্বানে বিএনপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। একই দিনে আরও দুটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। আমরা আপনাদের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। পরের দিন আরও ২০টি রাজনৈতিক দলের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। রাজনৈতিক দলসমূহের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে, তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। ড. খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, বিএনপি কোনো সময়ই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং এখনও চায় না। আমরা আগামী ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ দাবি করে এসেছি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটো একই সঙ্গে চলতে পারে। পতিত ফ্যাসিবাদী শক্তি এবং ব্যক্তি অর্থাৎ দল এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে। প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় আমরা উপর্যুক্ত বিষয়গুলো উপস্থাপন করেছিলাম। তবে আমরা লক্ষ্য করেছি, শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যে বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর’। ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালনে আমরা প্রথম থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করে আসছি। সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতির কারণে এবং দুর্বলতার কারণে জনমনে সংশয় ও সন্দেহের উদয় হওয়া স্বাভাবিক। সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং চরিত্র বজায় রাখার স্বার্থে আমরা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই এ দেশের জনগণ রক্ত দিয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। অথচ সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে জনমনে এ বিষয়ে সংশয় সৃষ্টি হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের পক্ষে আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন হয়েছে, অথচ সরকার আজ পর্যন্ত তার শপথ গ্রহণের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। আমরা আশা করি, কাল বিলম্ব না করে সরকার তার শপথ গ্রহণের ব্যবস্থা নেবে।

  • চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর আটক

    চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর আটক

    চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ এক চোর আটক হয়েছে। আটককৃত চোর হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার দাদনচক বাজারের মোঃ এনামুল হক চুটুর ছেলে মোঃ সেলিম বাবু (৩৮)। সোমবার গভীর রাতে জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, গত ১৪ এপ্রির/২৫ বিকেল অনুমান সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট এলাকার মোঃ আয়েশ উদ্দিনের ছেলে মোঃ আব্দুর রহমান @ মিলন(২৭), মহানন্দা সেতুর বারঘরিয়া ব্রীজ চত্বরের নিচে ভাসমান রেস্টুরেন্টের পার্শ্বে একটি Hero HF Deluxe 100 CC মোটরসাইকেল রেখে স্পীড বোট যোগে নদীতে ঘোরাঘুরি করতে যান। আধা ঘন্টা পরে তিনি ফিরে এসে দেখেন, তার মোটরসাইকেলটি নেই। খোজাখুজি করে না পেয়ে এ বিষয়ে সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেন মিলন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মামলা নং-০৬, তাং-০৬/০৫/২০২৫ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড। মামলার সূত্র ধরে বিভিন্ন তথ্যের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এস.আই (নিঃ) হরেন্দ্রনাথ দেবদাশ অভিযান পরিচালনা করে আসামী চোর সেলিম বাবু (৩৮) কে ২৫মে/২৫ তারিখ ঢাকা আশুলিয়া থানাধীন শ্রীরামপুর এলাকা থেকে আটক করেন। আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে তারই নিজ বসত বাড়ী থেকে বাদীর চুরি যাওয়া Hero HF Deluxe 100 CC মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • আম ফাউন্ডেশন ভোলাহাটে আম বাজারজাতকরণের শুভ উদ্বোধন

    আম ফাউন্ডেশন ভোলাহাটে আম বাজারজাতকরণের শুভ উদ্বোধন

    আম ফাউন্ডেশন ভোলাহাটে আম বাজারজাতকরণের শুভ উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে আম ফাউন্ডেশন ভোলাহাটে আমা বাজারজাতকরণের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকালে ২০২৫ সালের আম বাজারজাতকরণের উদ্বোধন করেন ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। সদস্য সচিব মোঃ মুনসুর আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, জামবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহতাব উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন, আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, আমচাষী, ব্যবসায়ী, আড়ৎদারগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আম ফাউন্ডেশন ভোলাহাটের গঠনতন্ত্র এবং নিয়মনীতি মেনে সবাইকে ব্যবসা করার জন্য আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি মোঃ মনিরুজ্জামান। আম ফাউন্ডেশনের মান ক্ষুন্ন হয়, এমন কাজ না করতে সবার প্রতি অনুরোধও জানান তিনি। এবছর ভোলাহাট উপজেলায় মোট তিন হাজার ছয়শত চৌত্রিশ (৩৬৩৪) হেক্টর আম বাগানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫০০০ মে. টন, যার বাজারমূল্য আনুমানিক ২৫০-৩০০ কোটি টাকা।

  • অতিবৃষ্টির কারণে গোদাগাড়ীতে জমিতেই নষ্ট হচ্ছে ধান

    অতিবৃষ্টির কারণে গোদাগাড়ীতে জমিতেই নষ্ট হচ্ছে ধান

    অতিবৃষ্টির কারণে রাজশাহীর গোদাগাড়ীতে জমিতেই নষ্ট হচ্ছে ইরি-বোরো ধান। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ফাজিলপুর, নলত্রী, দিগরাম, মাটিকাটা, গোগ্রামসহ বিভিন্ন ক্ষেতে কাটা ধান জমিতেই পড়ে আছে। বৃষ্টির কারণে কৃষক ধান উঠাতে পারেনি। ঠিকমত কামলাও (শ্রমিক) পাওয়া যাচ্ছে না। প্রতিদিনই বিকেলে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পানি জমিতেই জমে আছে। গত ২৬ মে পুরো দিন বৃষ্টি হয়েছে। অনেক জমিতে গিয়ে দেখা যায় ধানে নতুন করে গাছ বের হয়েছে। এতে করে কৃষকরা চরম দুশ্চিন্তায় আছেন। বিশেষ করে গরিব কৃষকদের কপালে ভাঁজ পড়েছে। ২৭ মে সকাল ৮টার দিকে বিভিন্ন জমিতে গিয়ে দেখা যায়, জমিতেই খড়সহ ধান পড়ে আছে এবং ধানগুলো থেকে নতুন করে গাছ বের হয়েছে। এভাবে চলতে থাকলে কৃষকদের চরম ক্ষতির সম্মুখিন হতে হবে। যে সকল কৃষক আবহাওয়া আঁচ করতে পেরে খড় বাদে শুধু ধানগুলো মাড়াই করে নিয়েছেন, তারাই দুর্ভোগ থেকে রেহায় পেয়েছেন। আর যারা খড়ের দাম বেশি ভেবে ধান খড় দুটোই পাওয়ার আশায় বুক বেঁধেছিলেন তারাই চরম দুর্ভোগে পড়েছেন বলে কতিপয় কৃষক জানান। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ বলেন, গোদাগাড়ীতে মোট ১৪ হাজার ৭৩৫ হেক্টর জমির মধ্যে ১৪ হাজার ৪৪৪ হেক্টর জমির ধান কর্তন করা সম্ভব হয়েছে। বাকী ২৯১ হেক্টর জমির ধান কৃষক এখনো তুলতে পারেনি। অর্থাৎ কৃষক ৯৮% ধান কর্তন করে ঘরে তুলেছে আর ২% কৃষক ধান এখনো কাটতে কিংবা মাড়াই করতে পারেনি। আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি, যাতে করে কৃষক দ্রুত ধান বাড়ীতে তুলতে পারে।

  • কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলা হবে-রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা

    কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলা হবে-রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা

    কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে কারা অধিদপ্তরের ১৪তম ব্যাচের ডেপুটি জেলার এবং ৬২তম ব্যাচের কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
    উপদেষ্টা বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কারমুখী সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসেবে আমরা কারাগারকে একটি সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, বন্দিকে অপরাধী নয়, সংশোধনযোগ্য মানুষ হিসেবে দেখা-এই দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠার জন্যই সরকার ‘ÔCorrectional Industrial ParkÕ ’ তৈরিসহ নানাবিধ উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে বন্দিরা প্রশিক্ষিত হয়ে দক্ষ জনবল হিসেবে নিজেকে গড়ে তোলার পাশাপাশি জেলে বসেই আয় রোজগারের সুবিধা পাবে এবং পরিবারকেও আর্থিকভাবে সহায়তা করতে পারবে।’ কারারক্ষীদের মাঠ পর্যায়ের চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘কারারক্ষীরাই সরাসরি বন্দিদের সঙ্গে কাজ করেন, শৃঙ্খলা বজায় রাখেন, মানবিক আচরণ প্রদর্শন করেন। এ দায়িত্ব পালন করতে হয় ধৈর্য, সাহস ও পেশাগত নিষ্ঠার সঙ্গে। তিনি আরও বলেন, ‘বুনিয়াদি প্রশিক্ষণ কেবল পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যম নয়। এটি সততা, দেশপ্রেম ও নৈতিক গুণাবলী অর্জনের মাধ্যমে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া। তিনি এ সময় নবীন ডেপুটি জেলার ও কারারক্ষীদের ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনাকে হৃদয়ে ধারণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান। লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ‘ডেপুটি জেলারগণ কারাগারের নির্বাহী কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কারা প্রশাসন গঠনে তারাই প্রধান বাহক।’
    উপদেষ্টা এ সময় নবীন ডেপুটি জেলার ও কারারক্ষীদের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে দুর্নীতিমুক্তভাবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কারা বিভাগের নিরাপত্তা নিশ্চিতে কাজ করার নির্দেশ দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার আন্তর্জাতিক মানের কারা ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। সেজন্য বন্দিদের নিরাপদ আটক নিশ্চিত করতে মোবাইল জ্যামার, পৃথক ইন্টারনেট সিস্টেম, বডিস্ক্যানার, লাগেজ স্ক্যানার, সারকিট ডিটেক্টরসহ নানা ধরনের আধুনিক নিরাপত্তা সরমঞ্জামাদির ব্যবস্থা করা হচ্ছে।’ তিনি বলেন, ‘সরকার কারারক্ষীদের সাহসিকতা এবং কর্মদক্ষতার স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ জেল মেডেল প্রবর্তনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা অতি শীঘ্রই বাস্তবায়ন করা হবে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন অন্যান্য সংস্থার ন্যায় অবসরগামী কারা সদস্যদের আজীবন রেশন প্রদানের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে উপদেষ্টা কুচকাওয়াজ পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কৃতি নবীন প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে নবীন ডেপুটি জেলার, কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম, রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট মো. কামাল হোসেনসহ রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৪তম ব্যাচের ডেপুটি জেলারদের মধ্যে সর্ব বিষয়ে প্রথম স্থান অধিকার করেন মোছা. খাদিজা খাতুন লিমা ও বেস্ট ফায়ারার হিসেবে স্বীকৃতি পেয়েছেন ডিএম নুসরাত আল ইসলাম এবং ৬২তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের মধ্যে সকল বিষয়ে প্রথম স্থান অধিকার করেন সুব্রত চন্দ্র সরকার ও বেস্ট ফায়ারার খ্যাতি অর্জন করেন রায়হান মিয়া। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) রাজশাহী কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন।