Blog

  • এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

    এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

    ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন ঘোষণা অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ২৫ জানুয়ারি পর্যন্ত পুনর্র্নিধারণ করা হলো। নতুন নির্ধারিত এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। এদিকে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী—এ বছর এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ১৪ জুন পর্যন্ত।

  • সিলেটের ওসমানীনগরে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ ॥ আহত-১০

    সিলেটের ওসমানীনগরে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ ॥ আহত-১০

    সিলেটের ওসমানীনগরে বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানী নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সাথে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ১০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। ওসমানী নগর থানার ওসি মো. মনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

  • সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসেন আলী নামে এক যুবক নিহত

    সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসেন আলী নামে এক যুবক নিহত

    গাইবান্ধা জেলার সাঘাটায় রামসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মহাসেন (৩৫) নামে এক যুবক মারা গেছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। মহাসেন গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িভিটা ক্রোড়লগাছা গ্রামের মো. আহম্মেদ আলীর ছেলে। স্থানীয়রা জানায়, শনিবার সকালে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় স্টেশন থেকে অল্প দূরে রেললাইন পারাপারের সময় মহাসেন ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

  • জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘খালেদা জিয়া’ স্মরণে নাগরিক শোকসভা

    জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘খালেদা জিয়া’ স্মরণে নাগরিক শোকসভা

    জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘খালেদা জিয়া’ স্মরণে নাগরিক শোকসভা

    জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা হয়েছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা। শুক্রবার বিকাল ৩টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ‘অপরাজেয় বেগম খালেদা জিয়া’ শীর্ষক নাগরিক শোকসভা। এতে সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর মোদাচ্ছির হোসেন। মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা শুক্রবার বেলা আড়াইটার পর পূর্বনির্ধারিত এই সভা শুরু হয়। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে দুপুরের পর থেকেই আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেন। খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এই নাগরিক শোকসভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

    পাশাপাশি অনুষ্ঠানে আসেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা। আমন্ত্রিত অতিথি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয় নি অনুষ্ঠানস্থলে। শোকসভায় খালেদা জিয়ার পরিবারের সদস্যরা ছাড়াও শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক ও বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এছাড়া পাহাড়ি জনগোষ্ঠীসহ সনাতন ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন।
    পেশাজীবী সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিরা স্মৃতিচারণা করে ‘মাদার অব ডেমোক্রেসি’ বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের দীর্ঘ সংগ্রামী জীবনের স্মৃতিগুলো তুলে ধরেন। শোকসভা ঘিরে নিরাপত্তায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। শোকসভাস্থলে মানুষের উপস্থিতি বাড়ার সাথে সাথে নিরাপত্তা জোরদার করা হয়। অনুষ্ঠানের শৃঙ্খলার দায়িত্ব পালন করেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

    উল্লেখ্য, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর/২৫ মারা যান বিএনপি চেয়ারপারসন ও মমতাময়ী নেত্রী, আপোসহীন নেত্রী, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে জিয়া উদ্যানে দাফন করা হয়। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে পুরো দেশ গভীর শোকে নিমজ্জিত হয়। তার জানাজা পরিণত হয়েছিল এক বিশাল শোকসাগরে। তারপরেও নাগরিক সমাজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে স্মরণ করা এবং তার শিক্ষা ও আদর্শ থেকে অনুপ্রেরণা নেওয়ার একটি দায়িত্ববোধ থেকেই এই নাগরিক শোকসভার আয়োজন।

  • স্বপ্নপুরীতে উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা

    স্বপ্নপুরীতে উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা

    ভ্রাতৃত্বের বন্ধনে আনন্দঘন মিলন

    স্বপ্নপুরীতে উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা

    দিনাজপুরের বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রেসক্লাব, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ-এর আয়োজনে বার্ষিক পারিবারিক মিলন মেলা-২০২৬। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী এ মিলন মেলায় অংশগ্রহণকারীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। মিলন মেলায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুঃ আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল আহমেদ, সহ-সভাপতি মুঃ শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আল মামুন বিশ্বাস, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন সনিসহ ক্লাবের অন্যান্য সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য ইয়াহিয়া খান রুবেল, নুরুজ্জামান, দেলোয়ার হোসেন রনি, সারোয়ার জাহান সুমন, ইমরান আলী, ইমরান আলী বাবু ও আজিজুর রহমান আজিজ। সদস্যদের পরিবার-পরিজনের অংশগ্রহণে মিলন মেলাটি পরিণত হয় এক অনাবিল পারিবারিক উৎসবে। আয়োজনে ছিল পারস্পরিক সৌহার্দ্য বিনিময়, আনন্দঘন আড্ডা ও বিনোদনমূলক নানা আয়োজন। শিশুদের উচ্ছ্বাস, পরিবারগুলোর হাসি-আনন্দ এবং সহকর্মীদের আন্তরিকতা মিলিয়ে মিলন মেলাটি এক স্মরণীয় দিনে রূপ নেয়। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, কর্মব্যস্ত জীবনের বাইরে এমন পারিবারিক আয়োজন সাংবাদিকদের মাঝে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে এবং সংগঠনের ঐক্য ও সংহতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মিলন মেলার সফল আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের সদস্যদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়েছে বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন।

  • শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচারে উদ্বুদ্ধকরণ সভা

    শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচারে উদ্বুদ্ধকরণ সভা

    শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচারে উদ্বুদ্ধকরণ সভা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে উদ্বুদ্ধকরণ সভা হয়েছে। বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ বলেন, আপনারা যদি ‘হ্যাঁ’ ভোট দেন, তাহলে কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা সন্ত্রাসীকে মনোনয়ন দেওয়া সম্ভব হবে না।” তিনি আরও বলেন, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হিসেবে বিবেচিত হবে, যা আগামী ২০৩২ ও ২০৩৬ সালের প্রজন্ম স্মরণ করে রাখবে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার নারী ও তরুণী ভোটাররা অংশগ্রহণ করেন। বক্তারা ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, সচেতনভাবে ভোট প্রদানের মাধ্যমে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব।

  • অধ্যক্ষ ড. সৈয়দ মোজাহারুল ইসলাম বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান

    অধ্যক্ষ ড. সৈয়দ মোজাহারুল ইসলাম বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান

    অধ্যক্ষ ড. সৈয়দ মোজাহারুল ইসলাম বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান

    জাতীয় শিক্ষা সপ্তাহে রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ও ফোকলোরবিদ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু। ড. মোজাহারুল ইসলাম তরু চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সিরাজুল ইসলাম ও তাহেরা ইসলামের পুত্র। তিনি ১৯৯৫ সালে শিক্ষকতা পেশায় নিয়োজিত হন এবং কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ ও আদিনা ফজলুল হক সরকারি কলেজে শিক্ষকতা করেন। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘ ১৬বছর দায়িত্ব পালন করেন। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। ড. তরু একজন খ্যাতিমান গবেষক। ইতোমধ্যে তাঁর ৫৪টি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর গবেষণার বিষয় ফোকলোর, নৃ-গোষ্ঠীসমূহের সমাজ ও সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও আঞ্চলিক ইতিহাস। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • নাচোলে নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে মাঠে সক্রিয় যৌথবাহিনী

    নাচোলে নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে মাঠে সক্রিয় যৌথবাহিনী

    নাচোলে নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে মাঠে সক্রিয় যৌথবাহিনী

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে সামনে রেখে নাচোল উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠে তৎপর যৌথ বাহিনী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সহকারী রিটার্নিং অফিসার ও নাচোল উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সর্দারের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়। এ সময় ভোটারদের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণের পাশাপাশি আসন্ন ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হয়। এ অভিযানে নাচোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছলাম আলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে এ অভিযানে সহযোগিতা করেন। সহকারী রিটার্নিং অফিসার ও নাচোল উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সর্দার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ইতোমধ্যে যৌথবাহিনীর টহল কার্যক্রম শুরু হয়েছে। আমাদের মূল লক্ষ্য স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।

  • চাঁপাইনবাবগঞ্জে ট্রাস্কফোর্স অভিযানে ১.২৫ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে ট্রাস্কফোর্স অভিযানে ১.২৫ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে ট্রাস্কফোর্স অভিযানে ১.২৫ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযানে ডিএনসির ট্রাস্কফোর্স অভিযানে ১.২৫ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় (ডিএনসি) কর্তৃক মাদকবিরোধী ট্রাস্কফোর্স শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার আমনুরা ঝিলিম বাজার এলাকায় অভিযান পরিচালনা ওই মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা ঝিলিম বাজারের মৃত বাহার আলীর ছেলে মোঃ আলম আলী (৪৮)। অভিযানকালে তার কাছে থাকা একটি কাপড়ের ব্যাগে কাগজে মোড়ানো ছোট-বড় ২০৬টি গাঁজার পুড়িয়া (ওজন ১ কেজি) এবং অপর একটি ব্যাগে পলিথিনে মোড়ানো ছোট-বড় ২৬টি গাঁজার পোটলা (ওজন ২৫০ গ্রাম) উদ্ধার করা হয়। এসময় সর্বমোট ১.২৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় (ডিএনসি)’র উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • জুলাই অভ্যুত্থানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

    জুলাই অভ্যুত্থানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

    কুমিল্লা মুরাদনগর উপজলায় অত্যাধুনিক বিদেশি হুজি রাইফেল ও জুলাই অভ্যুত্থানের সময় লুন্ঠিত হাইওয়ে পুলিশের একটি অস্ত্রসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-১১ সিপিসি-২। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূইয়া বাড়ী ব্রিজ সংলগ্ন র‌্যাব-১১ সিপিসি-২ এর চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করে। র‌্যাব-১১ সূত্র জানায়, ২৪’এর গণঅভ্যুত্থানে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া ১টি চাইনিজ রাইফেল ও ১টি দেশীয় রাইফেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে জানা গেছে। এ বিষয়ে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র লুটের সাথে সম্পৃক্ততা রয়েছে এমন অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব-১১, সিপিসি-২ এর অভিযান চলমান রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র মুরাদনগর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।