হত্যা মামলায় জয়পুরহাটে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শিশু তানভীর হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের কারাদন্ড প্রদান হয়। সোমবার দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় প্রদান করেন। কারাদন্ড প্রাপ্তরা হলেন, জেলার ক্ষেতলাল উপজেলার সূর্যবান এলাকার মৃত.মোবারকের ছেলে বাবলু, ইংরাজ মন্ডলের ছেলে আমিনুল ইসলাম লালু, মৃত. আব্দুল কাদেরের ছেলে আব্দুল হামিদ ও ফিদা মিয়ার ছেলে কাজল হোসেন।
মামলার বিবরণে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার সূর্যবান গ্রামের নির্মাণ শ্রমিক ওবাইদুর রহমানের পরিবারের সাথে আসামীদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ২০০৮ সালের ৩ মে ওবাইদুর ও তার স্ত্রী প্রতিদিনের মতো কাজে বাহিরে যান। এসময় তার শাশুড়িসহ ৮ বছরের ছেলে তানভীর ও ১০ বছরের মেয়ে হাবিবাকে বাসায় রেখে যান। পরে আসামীরা পুর্বপরিকল্পনা অনুযায়ী শিশু তানভীরকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে পাশের একটি পুকুরে লাশ ফেলে পালিয়ে যায়। এরপর বাবা-মা সন্ধ্যায় বাড়িতে এসে ছেলেকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজির পর পুকুরে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় ওই দিনই ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করা হলে মামলার দীর্ঘ শুনানি শেষে সোমবার দুপুরে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী এ্যাড. নীপেন্দ্রনাথ মণ্ডল-পিপি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply