নাটোরে ‘ডিবি পরিচয়ে’ অপহরণ ॥ আহত যুবদল নেতা উদ্ধার

নাটোরে ‘ডিবি পরিচয়ে’ অপহরণ ॥ আহত যুবদল নেতা উদ্ধার

নাটোরে লালপুরে এক যুবদল নেতাকে ‘ডিবি পরিচয়ে’ অপহরণের দেড় ঘণ্টা পরে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে গোপালপুর মহিলা কলেজের পাশের খাদ থেকে তাকে উদ্ধার করা হয়। আহত মাসুদ রানা (৪১) বিলমাড়িয়া ইউপির নাগশোসা এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি বিলমাড়িয়ার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। লালপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন জানান, আহতের পরিবারের সদস্যদের দাবি-রাত সাড়ে ১০টার দিকে নিজ দোকান থেকে বাড়ি ফেরার পথে মাসুদ রানাকে অপহরণ করা হয়। ‘ডিবি পরিচয়’ দিয়ে তাকে সাদা মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে এলোপাথাড়ি আঘাত করে মৃত ভেবে রাত সাড়ে ১১টার দিকে গোপালপুর মহিলা কলেজের সামনের খাদে ফেলে রেখে যায়। সেখানকার নাইট গার্ডের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী নিয়ে যায় পরিবার।
কারা কেন এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এ বিষয়ে জানতে চাইলে নাটোর গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আবু সাদাদ বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে, তদন্ত শেষ না হলে এখনও কিছু বলা যাচ্ছে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *