নাটোরে দুই বিঘা জমির আখ ফসল কেটে ফেলেছে দূর্বৃত্তরা
নাটোরের বাগাতিপাড়া উপজেলার শ্রীরামপুর এলাকায় নিরীহ কৃষক আবুল হোসেনের দুই বিঘা জমির আখ ফসল কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কৃষক ও তার পরিবার। অভিযোগ করে কৃষক আবুল হোসেন বলেন, শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তার আখ ক্ষেতে গিয়ে দেখতে পান দুই বিঘা জমির আখ গাছ কেটে উপড়ে ফেলে রেখেছে দূর্বৃত্তরা। বিষয়টি স্থানীয়দের জানানো সহ স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যকেও অবগত করে থানায় অভিযোগ দায়ের করেন।
তিনি আরও বলেন, প্রায় ২ লক্ষ টাকার আখ চাষ হয় এই জমিতে। লোকজনের কাছ থেকে টাকা ধার করে জমিচাষ করেন এবং ফসল বিক্রি করে তিনি তা পরিশোধ করেন প্রতিবছর। এই ক্ষতিতে তার পথে বসা ছাড়া আর কোন উপায় নেই। আখ গাছ কেটে ও উপরে ফেলে ফসল নষ্ট করায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। স্থানীয়রা জানান, গরীব কৃষক আবুল হোসেন ধার দেনা করে আখ ফসল চাষ করেছেন। তার ফসলের এত বড় ক্ষতি যারা করলো, তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার পরিদর্শক আফজাল হোসেন জানান, জমির ফসল নষ্ট করার বিষয়ে একটি অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Leave a Reply