জয়পুরহাটে হত্যা মামলায় মা-ছেলেসহ পাঁচজনের মৃত্যুদণ্ড

জয়পুরহাটে হত্যা মামলায় মা-ছেলেসহ পাঁচজনের মৃত্যুদণ্ড

জয়পুরহাটের পাঁচবিবির এসএসসি পরীক্ষার্থী আবু হোসাইন (১৫) হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সোমবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, পাঁচবিবি উপজেলার কোকতাঁরা গ্রামের মৃত রুস্তম আলীর স্ত্রী সহিদা বেগম, তার ছেলে রব্বানী, নায়েব আলীর ছেলে মোজাফফর হোসেন, দরগাপাড়া গ্রামের আবু রায়হানের স্ত্রী আমিনা ও তার ছেলে রাফিউল। দণ্ডপ্রাপ্ত ৫ আসামীর মধ্যে ৪ জন জেলহাজতে ও ১ জন পলাতক রয়েছেন। মামলার বিবরণ ও সরকারী আইনজীবী সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৫ মার্চ সকালে পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামের আবু হোসাইনের বাবা আবু তাহের নিজের খড়ের পালায় কাজ করছিলেন। সেসময় আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে সেখানে এসে আবু তাহেরকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে। তখন তার ছেলে আবু হোসাইন বাবাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও আসামীরা এলোপাতাড়ি মারপিট করে পালিয়ে যায়। ঘটনার পর মুমুর্ষ অবস্থায় আবু হোসাইনকে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থা আরও অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু হোসাইন মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে পাঁচবিবি থানায় ৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করলে মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *