গোপালগঞ্জে বৃদ্ধা পূজারীর লাশ উদ্ধার
গোপালগঞ্জ সদর উপজেলার একটি আশ্রম থেকে বৃদ্ধা পূজারীর মুখ ও হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। পূজারীর ঘরের আলমারি ও আশ্রমের দান বাক্স ভাঙা দেখতে পাওয়া যায়। রোববার ভোরে স্থানীয়দের দেওয়া খবরে উপজেলার মালিবাতা সেবাশ্রম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত পূজারী হাসিলতা বিশ্বাস (৭০) গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের দোয়ানীবাড়ী গ্রামের মৃত দিপীন বিশ্বাসের স্ত্রী। এক বছর ধরে মালিবাতা সেবাশ্রমে পূঁজা আর্চনা ও দেখাশুনা করে আসছিলেন তিনি। স্থানীয়দের বরাতে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান জানান, রাতে ওই আশ্রমে হাসিলতা বিশ্বাস একাই ঘুমিয়ে ছিলেন। ভোরে স্থানীয়রা আশ্রমে গেলে মন্দিরের দরজা খোলা দেখতে পান। পরে ভিতরে গেলে হাসিলতার মুখ ও হাত বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে শনিবার দিবাগত গভীর রাতে মুখ ও হাত বেঁধে পূজারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূজারীর ঘরের আলমারি ও আশ্রমের দান বাক্স ভাঙা ছিল। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply