পিরোজপুরে বাস-অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ ॥ নিহত ৭

পিরোজপুরে বাস-অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ ॥ নিহত ৭

পিরোজপুর সদর উপজেলায় একটি বাস, ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শংকরপাশা ইউনিয়নের পাড়েরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-স্বপন হাওলাদার, মো. হেমায়েত, খাইরুল, নাইম, মনসুরা বেগম, জেসমিন ও আলমগীর।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজোয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পিরোজপুরের অভ্যন্তরীণ রুটের একটি বাস ইন্দুরকানী উপজেলার বালিপাড়ার উদ্দেশ্যে ছেড়ে পাড়েরহাট সড়কের বেলতলায় আসলে ব্রেক ফেল করে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এই ঘটনায় ঘটনাস্থল থেকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করেছি। এছাড়া আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে চারজন মারা গেছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুরের অভ্যন্তরীণ রুটের বাস ইন্দুরকানী উপজেলার বালিপাড়ার উদ্দেশ্যে ছেড়ে পাড়েরহাট সড়কের বেলতলায় এসে দুর্ঘটনার কবলে পড়ে। পিরোজপুর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ আশিকুজ্জামান বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে খুলনা ও বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *