জয়পুরহাটে স্বামীকে হত্যায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড

জয়পুরহাটে স্বামীকে হত্যায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড

জয়পুরহাটের ক্ষেতলালের দুর্গাপুরে প্রেমের জেরে স্বামী জামিরুলকে হত্যা মামলায় স্ত্রী জোৎসনা বেগম (৩৭) ও তার প্রেমিক শাহিন মিয়াকে (৪৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, জোৎসনা বেগম ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দুর্গাপুর গ্রামের মোখলেছার রহমানের মেয়ে ও আটিদাশড়া গ্রামের বুলু মিয়ার ছেলে শাহিন মিয়া ওরফে বাবু। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্র নাথ মন্ডল। মামলা সূত্রে জানা গেছে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দুর্গাপুর গ্রামে জামিরুল ইসলাম তার স্ত্রী জোৎসনা বেগমকে নিয়ে শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন। জোৎসনা বেগম একই উপজেলার আটিদাশরা গ্রামের বুলুর ছেলে শাহিন মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি স্বামী জামিরুল জানতে পারলে তার স্ত্রী ও প্রেমিক মিলে ২০১৫ সালের ৯ নভেম্বর হত্যা করে। ওই ঘটনায় নিহতের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে ওই দিনই ক্ষেতলাল থানায় মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ নজরুল ইসলাম ২০১৬ সালের ২ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ আদালতের বিচারক এ রায়ের আদেশ দেন। মামলার সরকারি পক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্র নাথ মন্ডল, গকুল চন্দ্র মন্ডল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *