রাজধানীর সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় ॥ ২ জনের যাবজ্জীবন

রাজধানীর সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় ॥ ২ জনের যাবজ্জীবন

পারিবারিক দ্বন্দ্বের জেরে তিন যুগ আগে রাজধানীর সিদ্ধেশ্বরীতে সগিরা মোর্শেদকে গুলি করে হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইন এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও মারুফ রেজা। কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সগিরার ভাশুর ডা. হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীনকে বেকসুর খালাস দেয় আদালত। উল্লেখ্য, ১৯৮৯ সালের ২৫ জুলাই সগিরা মোর্শেদকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় সগিরার স্বামীর করা মামলায় মারুফ রেজা ও আনাস মাহমুদকে আসামি করা হয়। ২০২০ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক রফিকুল ইসলাম আদালতে চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০২১ সালের ২ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত সগিরা মোর্শেদের ভাসুরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩১ বছর পর এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়। এরপর গত বছরের ১১ জানুয়ারি মামলার বাদী ও সগিরা মোর্শেদের স্বামী আব্দুস সালাম চৌধুরী আদালতে সাক্ষ্য দেন। এ মামলায় ১৭ জন আদালতে সাক্ষ্য দেন। মামলার আসামিরা হলেন-সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীন, শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও মারুফ রেজা। তারা সবাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *