বাকিতে সিগারেট না দেওয়ায় কুপিয়ে হত্যা ॥ গ্রেপ্তার এক

বাকিতে সিগারেট না দেওয়ায় কুপিয়ে হত্যা ॥ গ্রেপ্তার এক

মুন্সীগঞ্জ সদর উপজেলায় বাকিতে সিগারেট-চিপস না দেওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় পৌর কাউন্সিলরের ভাইকে। সোমবার গভীর রাতে সদর উপজেলার মিরকাদিমের কাগুজিপাড়ায় এই হত্যার ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন (৪৫) কাগুজীপাড়ার নবু মোল্লার ছেলে। দীর্ঘ দিন ধরে বাড়ির পাশেই মুদি দোকান দিয়ে ব্যবসা করছিলেন তিনি। অবিবাহিত মোশাররফ হোসেন রাতে মুদি দোকানেই ঘুমাতেন। এ ঘটনায় গ্রেপ্তার রুবেল মিয়া মিরকাদিম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহেল মিয়ার ছোট ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান। স্বজন ও স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার জানান, সোমবার রাত দেড়টার দিকে রুবেল মিয়া দোকানি মোশাররফকে ডেকে তুলে চিপস-সিগারেট চান ও টাকা পরে দিবেন বলে জানান। কিন্তু মোশাররফ বাকিতে চিপস-সিগারেট দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মোশাররফকে দোকান থেকে টেনে বের করে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রুবেল মিয়া।
পরে স্বজন ও স্থানীয়রা মোশাররফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ঘটনার পরপরই রুবেলকে রক্তমাখা ছুরিসহ আটক করা হয়েছে। সে এলাকায় বখাটে হিসেবে পরিচিত। ভাইয়ের দাপটে চলতো। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *