ট্রাক উল্টে ২ ধানকাটা শ্রমিকের মৃত্যু ॥ আহত ৭

ট্রাক উল্টে ২ ধানকাটা শ্রমিকের মৃত্যু ॥ আহত ৭

সাতক্ষীরার তালা উপজেলায় ধানের বস্তাবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৭ শ্রমিক। গোপালগঞ্জে ধান কেটে মজুরি হিসাবে পাওয়া ধান নিয়ে তারা ট্রাকে করে বাড়ি ফিরছিলেন বলে জানায় পুলিশ। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কে উপজেলার হরিশ্চেন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৪৪) এবং একই উপজেলার মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৫)। তবে আহত শ্রমিকদের সবার নাম-পরিচয় পাওয়া যায়নি। আহত শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা থেকে ১৩ শ্রমিক গোপালগঞ্জে ধান কেটে মজুরি হিসেবে ২৫ থেকে ৩০ মণ ধান পান। তারা ট্রাকে ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *