চাঁদপুরে আধিপত্য বিস্তারে দু’গ্রুপের সংঘর্ষে যুবক নিহত-আহত ৪০
চাঁদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশসহ আরও অন্তত ৪০ জন। শহরের পুরানবাজারের মেরকাটিজ রোড ও নিতাইগঞ্জ রোডে বুধবার সন্ধ্যা থেকে রাত ১০ পর্যন্ত এ সংঘর্ষ চলে বলে জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। নিহত আলামিন খান (৩০) ওই এলাকার আব্দুল মজিদ খান ডেঙ্গুর ছেলে। তার লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আহতদের মধ্যে রয়েছেন-চাঁদপুর সদর মডেল থানার এএসআই মনিরুল, কনস্টেবল আলামিন, স্বপন এবং স্থানীয় রাশেদ, কামাল, শাকিল, রহমান ও জসিম। বাকীদের পরিচয় পাওয়া যায়নি। সংঘর্ষের পর পুরানবাজার এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। নতুন করে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত বলেন, কিছুদিন আগে পুরানবাজার মেরকাটিজ রোডের এক কিশোরের সঙ্গে নিতাইগঞ্জ রোডের এক কিশোরের হাতাহাতি হয়। ওই ঘটনার জেরে মঙ্গলবার সন্ধ্যায় নিতাইগঞ্জ রোডে একদল যুবকের সঙ্গে মেরকাটিজ রোড এলাকার যুবকদের সংঘর্ষ বাধে। এ সময় দুপক্ষ একে অপরকে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। ওই দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। তিনি বলেন, বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। সংঘর্ষ চলাকালে আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। নিহত আলামিনের বাবা মজিদ খান ডেঙ্গুর অভিযোগ, আমার ছেলেকে গুলি করে মেরেছে। কার গুলিতে মারা গেছে, তা সনাক্ত করে দ্রুত বিচারের ব্যবস্থা করে করতে হবে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক সবুজ বলেন, মৃত আলামিনের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। মনে হচ্ছে এটি গুলি। তবে, বিষয়টি ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply