এমটবের সাথে বৈঠক রোববার-শিগগিরই চালু হবে ফোরজি নেটওয়ার্ক-প্রতিমন্ত্রী পলক

এমটবের সাথে বৈঠক রোববার-শিগগিরই চালু হবে ফোরজি নেটওয়ার্ক-প্রতিমন্ত্রী পলক

মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে রবিবার (২৮ জুলাই) স্থানীয় মোবাইল টেলিকম অপারেটরদের সাথে বৈঠক করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (২৭ জুলাই) রাজধানীর আগারগাঁওস্থ ডাক ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। পলক বলেন, শিগগিরই মোবাইল ইন্টারনেট খুলে দেওয়া হবে। রোববার সকাল ৯টায় আমরা এমটবের (অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর) সঙ্গে বৈঠক করব। বৈঠকে সন্তুষ্ট হলে মোবাইলের ফোরজি নেটওয়ার্ক খুলে দেওয়া হবে। ইন্টারনেট বন্ধ হয়েছিল তিনটি ডেটা সেন্টার ও শত শত কিলোমিটার তার পুড়িয়ে দেওয়ার কারণে। এজন্য শুধু টেলিকম খাতে ৫০০ কোটি টাকা এবং সব মিলিয়ে শত কোটি টাকার ক্ষতি হয়েছে, বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ১৮ জুলাইয়ের মোবাইল অপারেটরদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকার উত্তরা, রামপুরা, মোহাম্মাদপুর, যাত্রাবাড়ী ও গাজীপুরে ৫০ হাজার থেকে এক লাখ নতুন সিম কার্ড ব্যবহার করা হয়েছে। তাছাড়া ডাক বিভাগের ১৭টি জায়গায় হামলা হয়েছে। মহাখালীতে তিনটি ডেটা সেন্টারে ১৮টি আইআইজির সিস্টেম রয়েছে। সেখানে থাকা আইএসপির ৭০ শতাংশ সার্ভার থাকে। তাই ইন্টারনেট একা একাই বন্ধ হয়েছে। আমরা বন্ধ করিনি। অনুষ্ঠানে উপস্থিত বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেন, টেলিযোগাযোগ খাতে আঘাত আসায় এখনো কিছু ক্যাশ সার্ভার মেরামতের কাজ চলছে। হয়তো দুই চার দিনের মধ্যে টেলিযোগাযোগ পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *