পরিবারের জিম্মায় দেয়া হয়েছে কোটা আন্দোলনের ৬ সমন্বয়ক কে
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে তাদেরকে পরিবারের জিম্মায় দেয়া হয়। এর আগে এদিন সকালে সমন্বয়কদের সঙ্গে তাদের অভিভাবকরা দেখা করতে যান। বিষয়টি নিশ্চিত করেন সমন্বয় নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার ভোর ৬টায় সবার বাসায় ফোন দিয়ে ডিবি অফিসে আসতে বলা হয়। পরে দুপুর দেড়টার দিকে ডিবি কার্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থায় তাদেরকে বাসায় পৌঁছে দেওয়া হয়। উল্লেখ্য, ২৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরের দিন ২৭ জুলাই মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেয়া হয়। এদিকে, এসব সমন্বয়ককে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে সোমবার (২৯ জুলাই) হাইকোর্টে রিট দাখিল করেন দুই আইনজীবী। তারা হলেন আইনজীবী মানজুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা। গত ৫ জুলাইয়ের পর থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এরপর একের পর এক কর্মসূচি দিতে থাকেন তারা। পরবর্তীতে এই আন্দোলনকে ঘিরে সৃষ্টি হয় ভাঙচুর ও সহিংসতা। যা মোকাবিলায় দেশজুড়ে কারফিউ জারি করে সরকার।
Leave a Reply