কোটা আন্দোলন-দুই সপ্তাহ পর স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু

কোটা আন্দোলন-দুই সপ্তাহ পর স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু

কোটা আন্দোলনে ব্যাপক সহিংতার জেরে দুই সপ্তাহ বন্ধ থাকার পর বৃহস্পতিবার স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ কয়েকটি বড় শহর থেকে আশপাশের গন্তব্যে কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়। ঢাকার কমলাপুর স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুটি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। সারাদিনে আরও কয়েকটি ট্রেন কমলাপুর থেকে ছাড়বে। সকাল ৭টায় দেওয়ানগঞ্জ কমিউটার জামালপুরের উদ্দেশে, ৭টা ২০ মিনিটে জয়দেবপুরের উদ্দেশে তুরাগ ছেড়ে গেছে। সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস কমিউটার ট্রেন ছেড়ে যায়। এছাড়া চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেন যাওয়ার কথা। ৩টায় যায় জামালপুর কমিউটার। তবে বৃহস্পতিবার সকালে ছেড়ে যাওয়া দুটি ট্রেনে যাত্রী তুলনামূলক কম ছিল। তিনি বলেন, সকালে যাত্রী কিছুটা কম। এখনও অনেকেই জানে না। আপনাদের মাধ্যমে প্রচার হলে যাত্রী বাড়বে। একই কথা জানিয়েছেন বিমানবন্দর স্টেশনের মাস্টার মাহমুদুল হাসান। সকালে দেওয়ানগঞ্জ কমিউটার আর তুরাগ কমিউটার ছেড়েছে। এছাড়া একটা কনটেইনার ট্রেনও ঢাকা ছেড়ে গেল। তবে তেমন যাত্রী নেই। অনেকেই হয়তো জানে না।
বাংলাদেশ রেলওয়ে সুত্রে জানা গেছে, সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই মঙ্গলবার ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী ও ময়মনসিংহ, রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। তাতে কয়েক ঘণ্টার জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেদিন ঢাকার মহাখালীতে রেললাইনে আগুন ধরিয়ে অবরোধ করা হয়। রেলপথের টঙ্গী-ভৈরব অংশের নরসিংদীতে রেললাইন তুলে ফেলা হয়। ঢাকার বাইরে দেশের বিভিন্ন জায়গায় রেলপথ অবরোধ করা হয়। নিরাপত্তাহীনতার মধ্যে ওই দিন দুপুরের পর থেকেই দেশের বিভিন্ন রুটের ট্রেনের সব যাত্রা বাতিল ঘোষণা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *