রাজবাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

রাজবাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

রাজবাড়ীর আলাদিপুরে যাত্রীবাহী বাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন হলেন-রাজবাড়ী শহর সমাজসেবা অফিসের সমাজকর্মী ও সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা বি এম নাজিম উদ্দিন (৫০) এবং ট্রাকের হেলপার সাকিব (২০)। মৃত একজনের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে একজন রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী যাত্রীবাহী লোকাল বাসটি রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায় ও বাসটি রাস্তার পাশে একটি দোকানে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাসের চালক নিহত হন। আহত হন ট্রাকের চালক, হেলপার ও বাসের যাত্রীসহ অন্তত ১০ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়।
রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন বলেন, আহত অবস্থায় ৫ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়। এদের মধ্যে বি এম নাজিম উদ্দিন নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। বাকি ৪ জনের মধ্যে দুজনকে ভর্তি করা হয় এবং দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। পরে ভর্তি থাকা দুজনের মধ্যে একজন মারা যান। তিনি ট্রাকের হেলপার সাকিব। রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার এস.আই জুয়েল রানা বলেন, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *