চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় গ্রেফতার

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় গ্রেফতার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সঞ্জয় পাল জয় নামে একজনকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকা সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় রোববার (১ সেপ্টেম্বর) দিনভর ছিল উত্তেজনা। হামলাকারীদের গ্রেফতার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে এদিন সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়। ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে রোববার রাত পৌনে ৮টার দিকে কর্মবিরতি স্থগিত করে প্রায় ১২ ঘণ্টা পর কাজে ফেরেন চিকিৎসকেরা। সোমবার রাত ৮টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন তারা। এদিকে হামলার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *