ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ ফাইটার জেট বিধ্বস্ত

ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ ফাইটার জেট বিধ্বস্ত

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। নিয়মিত রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনের সময় বিধ্বস্ত হয় বিমানটি। অবশ্য যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের বারমেরে এই দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতীয় বিমান বাহিনী বলেছে, আকাশে উড্ডয়নরত অবস্থায় বিধ্বস্ত যুদ্ধবিমানটি ‘গুরুতর প্রযুক্তিগত সমস্যায়’ পড়েছিল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তারা বলেছে, ‘বারমের সেক্টরে রুটিন নাইট ট্রেনিং মিশনের সময় একটি আইএএফ মিগ-২৯ বিমান জটিল প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয় এবং এতে পাইলট বিমানটি থেকে বের হতে বাধ্য হন। পাইলট নিরাপদ আছেন এবং কোনও জীবন বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ঘটনায় কোর্ট অব ইনকেয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।’ ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাত ১০টার দিকে ফাইটার প্লেনটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর জেটটি আগুনে পুড়ে গেছে। এদিকে, যুদ্ধবিমান বিধ্বস্তের এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, যুদ্ধবিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধানির অ্যালানিওর কাছে মঙ্গলা প্রসেসিং টার্মিনাল এমপিটি রোডে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই বিধ্বস্ত হয়েছে বিমানটি। তবে, এই ঘটনায় কারও প্রাণহানি হয়নি বা কোনও সম্পত্তির ক্ষতিও হয়নি বলে জানা গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *